বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ - ২০:৫৭
বিশ্বের নীরবতার আড়ালে ইয়েমেনিদের মানবিক বিপর্যয়: বাস্তুচ্যুত ৩ লাখ ৩০ হাজার, মানবিক সহায়তা থেকে বঞ্চিত ৮ লাখের বেশি মানুষ

সৌদি ও মার্কিন বাহিনীর দখলদারিত্ব থেকে দেশকে মুক্ত করা এবং অন্যায় অবরোধ ভাঙার লক্ষ্যে ইয়েমেনের জনগণ দুই মাসেরও বেশি সময় ধরে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। এ সময়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর নীরবতার মধ্যে তাঁদের চড়া মূল্য দিতে হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি’র অনুবাদ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে সৌদি-মার্কিন জোটের চাপিয়ে দেওয়া আট বছরব্যাপী যুদ্ধের সময় দেশটির বিপ্লবী নেতা এক ভাষণে বলেছিলেন, ইয়েমেনিরা ফিলিস্তিনি ভাইদের সঙ্গে নিজেদের রুটিও ভাগ করে খেতে প্রস্তুত।

সাইয়্যেদ আবদুল মালিক আল-হুথির এই বক্তব্য শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে গভীরভাবে আবেগাপ্লুত করেছিল। এক ভাষণে আবেগভরা কণ্ঠে বক্তব্যটি উল্লেখ করে তিনি ইয়েমেনের নেতার উদ্দেশে বলেছিলেন, ‘ভাই, এত কঠিন অবরোধের মধ্যে ইয়েমেনে কি এমন কোনো রুটি পাওয়া যায়, যা আপনারা ফিলিস্তিনি ভাইদের সঙ্গে ভাগ করে খেতে চান?’

ইয়েমেনের বিপ্লবী নেতার এই বক্তব্য দেশটির জনগণের আদর্শ ও বিশ্বাসের প্রতিফলন। এর মধ্য দিয়ে ফুটে ওঠে, নিজেদের দেশে কিংবা বৃহত্তর মুসলিম বিশ্বের অন্য কোথাও আগ্রাসী শক্তির বিরুদ্ধে প্রতিরোধের প্রশ্নে ইয়েমেনিরা ক্ষুধা ও নানা দুর্ভোগ সহ্য করতেও প্রস্তুত।

দুই মাসেরও বেশি সময় ধরে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন দেশটির জনগণের সহযোগিতা ও সমর্থনে দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার এবং সৌদি-মার্কিন অন্যায় অবরোধ ভাঙার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ লড়াই চালিয়ে যাচ্ছে। অসাধারণ ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে তারা এই সংগ্রাম অব্যাহত রেখেছে।

এই লড়াইয়ে ইয়েমেনের সাধারণ মানুষকে বাস্তুচ্যুতি, বাড়িঘর ধ্বংস এবং নারী ও শিশুসহ বহু মানুষের প্রাণহানির মতো ভয়াবহ মূল্য দিতে হয়েছে।

ইয়েমেনিদের ধৈর্য ও প্রতিরোধের নানা চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসছে। সেখানে নারী ও শিশুদের দৃঢ় মনোবল এবং প্রতিরোধের পক্ষে তাঁদের বক্তব্যও বিশ্ববাসীর কাছে পৌঁছাচ্ছে। ইয়েমেনের জনগণ বর্তমানে প্রতিরোধের সম্মুখসারিতে অবস্থান করছেন এবং সৌদি-ইসরায়েলি ও মার্কিন আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে দেশটির প্রতিরোধ নেতৃত্বকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

এদিকে আল-মায়াদিনের আজকের এক প্রতিবেদনে ইয়েমেনের জনগণের দুর্ভোগের কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে:

সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর ৬৪ শিশু নিহত
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ইয়েমেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর থেকে অন্তত ৬৪ শিশু নিহত এবং আরও ৬৪ শিশু আহত হয়েছে।

সংস্থাটি জানায়, গত ৩ সেপ্টেম্বর থেকে সংঘাতের তীব্রতা বাড়ার পর এসব হতাহতের ঘটনা ঘটেছে। জনবহুল এলাকাগুলোর আশপাশে, বিশেষ করে তায়েজ ও লাহিজ প্রদেশে, সংঘাত অব্যাহত থাকলে শিশুদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ইউনিসেফ।

সংস্থাটির নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল ইয়েমেনে নিহত ও আহত শিশুর সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতিকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই ভয়াবহ বিপর্যয় অবশ্যই বন্ধ করতে হবে।

রাসেল আরও বলেন, ইয়েমেনের শিশুরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। ত্রাণকর্মীদের জন্য অবিলম্বে নিরাপদ ও নির্বিঘ্নে কাজ করার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

এ অবস্থায় সব পক্ষকে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেদের অঙ্গীকার ও দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপদ পানি ও খাদ্যের মতো মৌলিক সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্তত ৭টি বিদ্যালয় ও ২৮টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত
যদ্ধের সরাসরি প্রভাব ইয়েমেনের শিশুদের জন্য অত্যাবশ্যকীয় সেবা ও অবকাঠামোর ওপর পড়ছে। ইউনিসেফের তথ্যমতে, সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর থেকে অন্তত ৭টি বিদ্যালয় ও ২৮টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোর মধ্যে ৫টি ছিল ইউনিসেফের সহায়তাপ্রাপ্ত।

সংস্থাটি জানায়, গত ২ নভেম্বর লাহিজ প্রদেশে ইউনিসেফের সহায়তাপ্রাপ্ত আল-সাকিয়া স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। কেন্দ্রটি প্রায় ১ হাজার ৭০০ মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। ওই হামলায় তিন স্বাস্থ্যকর্মীসহ পাঁচজন নিহত হন।

বাস্তুচ্যুত ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
এ ছাড়া সংঘাত পুনরায় তীব্র হওয়ার পর থেকে প্রায় ১ লাখ ৭৪ হাজার শিশুসহ ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বাস্তুচ্যুত বহু পরিবার অসমাপ্ত কিংবা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছে। এসব পরিবারের জন্য খাদ্য, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষ দিক থেকে এ পর্যন্ত ৮ লাখের বেশি মানুষ মানবিক সহায়তা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন।

এদিকে পানি উৎপাদন প্রায় ৫০ শতাংশ কমে গেছে এবং খাদ্য ও জ্বালানির দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। অন্যদিকে ওষুধ, জ্বালানি, চিকিৎসার জন্য অক্সিজেন ও বিদ্যুতের সংকট জরুরি চিকিৎসাসেবা এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবাকে হুমকির মুখে ফেলেছে।

আগ্রাসনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১ হাজার ১৬০টির বেশি বিদ্যালয় বন্ধ হয়ে গেছে অথবা শ্রেণি কার্যক্রম স্থগিত রয়েছে। এতে পাঁচ লাখের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতি তিন শিশুর একজন তীব্র অপুষ্টিতে ভুগছে
ইউনিসেফের ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা দলের সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে, ইয়েমেনে প্রতি তিন শিশুর মধ্যে প্রায় একজন তীব্র অপুষ্টিতে ভুগছে।

এ ছাড়া বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রগুলোতে অতিরিক্ত জনসমাগম, শৌচাগারের তীব্র সংকট এবং নিরাপদ পানির সীমিত প্রাপ্যতা বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বেসামরিক স্থাপনা, আবাসিক বাড়িঘর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা এবং রিয়াদের সামরিক সমাবেশগুলোকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে নিজেদের পাল্টা জবাব অব্যাহত রেখেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha