হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হুসেইনি খামেনেয়ী জাতীয় যুব জনসংখ্যা পুরস্কারের চতুর্থ আয়োজনে পাঠানো এক বার্তায় ‘পরিবারকে কেন্দ্র করে জনসংখ্যা বৃদ্ধি’র নীতিকে একটি কৌশলগত নীতি এবং ইরানের শক্তি ও অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, নিঃসন্দেহে প্রত্যেক দেশপ্রেমিক ইরানি, যারা এই ভূখণ্ড, এর জনগণ এবং দেশের জন্য উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করেন, তিনি ইসলামী সভ্যতার মানদণ্ডে ইরানি জাতির প্রজন্মগত ধারাবাহিকতা বজায় রাখার জন্য দৃঢ় প্রেরণা ও সংকল্প ধারণ করবেন।
আজ সকালে এই অনুষ্ঠানে মিসেস মারজিয়ে ওয়াহিদ দাস্তজেরদি সর্বোচ্চ নেতার বার্তাটি পাঠ করেন।
বার্তার পূর্ণাঙ্গ বিবরণ নিচে তুলে ধরা হলো:
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
জাতীয় যুব জনসংখ্যা পুরস্কারের চতুর্থ আয়োজন জনসংখ্যার মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার উপযুক্ত উপলক্ষ।
ইরানকে আরও শক্তিশালী করে তোলা, দেশের ক্ষমতা বৃদ্ধি, উন্নয়ন এবং অগ্রগতি অর্জনের ক্ষেত্রে যেসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেগুলোর মধ্যে দেশের ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি অন্যতম। এক্ষেত্রে জনসংখ্যার পরিমাণগত ও গুণগত-উভয় দিকের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
এই কৌশলগত ও ভাগ্যনির্ধারক বিষয়টির ওপর গত কয়েক দশকে শহীদ মহান নেতা (রহ.) বারবার গুরুত্বারোপ করেছেন। জনসংখ্যা বৃদ্ধি একদিকে যেমন দেশের সক্ষমতাকে বাস্তবে কাজে লাগানো এবং বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি ও উন্নত করতে সহায়তা করে, অন্যদিকে শত্রুদের হুমকি, ষড়যন্ত্র ও বিদ্বেষপূর্ণ তৎপরতা প্রতিহত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মনে হচ্ছে, দীর্ঘদিন ধরে চলে আসা একটি অবহেলা, যা দেশের পরিকল্পনা ও পরিচালনাব্যবস্থায় ব্যাপক ক্ষতি সৃষ্টি করেছিল, তার পর এখন কিছু পদক্ষেপের ফলে এমন একটি সুযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে জনগণ ও দায়িত্বশীল ব্যক্তিরা আরও গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়টি বিবেচনা করতে পারছেন।
জনসংখ্যার বিভিন্ন দিক, এর প্রয়োজনীয়তা এবং বিভিন্ন ক্ষেত্রে এর চাহিদা বিবেচনার সময় কখনো পরিবার, আবার কখনো ব্যক্তিকে মানদণ্ড হিসেবে গণ্য করা হয়।
যেমন-আবাসন, বিভিন্ন পণ্য ও পরিষেবার ক্ষেত্রে পরিবারকে ভোক্তা ও ব্যবহারকারী হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে খাদ্য, পোশাক এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ব্যক্তিকে পরিমাপের একক হিসেবে ধরা হয়।
কাঙ্ক্ষিত জনসংখ্যা অর্জনের বিষয়টি এমন, যেখানে উভয় দিকই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কারণে দেশের জনসংখ্যার প্রবৃদ্ধির ধারা সংশোধনের প্রচেষ্টায় পরিবারব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো ও বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া একটি স্থায়ী উপাদান হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে ব্যক্তিগত পর্যায়ের সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রতিও যথাযথ মনোযোগ দেওয়া জরুরি।
তরুণ বয়সে বিবাহের পথ সহজ করার বিষয়ে ব্যাপক ও গভীর মনোযোগ দেওয়া, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা-যা নিজেই বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীল-সন্তান জন্মদানে সহায়তা করা, পরিবারকেন্দ্রিক সংস্কৃতির প্রচার এবং এ ক্ষেত্রে সফল দৃষ্টান্তগুলো তুলে ধরা-এসব পদক্ষেপের প্রতিটিই ইরানকে আরও শক্তিশালী করার পথে কার্যকর ভূমিকা রাখবে।
এ ছাড়া এসব বিষয় সম্পর্কে জনগণের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সঠিক ব্যাখ্যা তুলে ধরাও এ লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
নিঃসন্দেহে প্রত্যেক দেশপ্রেমিক ইরানি, যিনি এই ভূখণ্ড, এর জনগণ এবং দেশের জন্য উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যৎ কামনা করেন, তিনি ইসলামী সভ্যতার মানদণ্ডে ইরানি জাতির প্রজন্মগত ধারাবাহিকতা বজায় রাখার জন্য দৃঢ় প্রেরণা ও সংকল্প ধারণ করবেন।
আমি গভীরভাবে আশাবাদী যে, অতীতের কিছু জনসংখ্যা নীতির কারণে সৃষ্ট ঘাটতি পূরণ এবং তরুণ জনসংখ্যা বৃদ্ধির সঠিক ও কৌশলগত নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ক্ষেত্রে পরিবারকে কেন্দ্রীয় ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বর্তমানে যে সংকটপূর্ণ ও ভাগ্যনির্ধারক পর্যায় অতিক্রম করছে, তা নিরাপদে পার হতে সক্ষম হবে।
মহান আল্লাহর অনুগ্রহ এবং আমাদের প্রভু ইমাম মাহদির (আ.) কল্যাণময় দোয়া ও বরকতে, বর্তমান যুগে সত্য ও ন্যায়বিচারের পতাকাবাহী ইরানি জনগণের ওপর আল্লাহর রহমত ও বরকত নাজিল হওয়ার উপায়গুলো যেন আরও ব্যাপক ও সুন্দরভাবে প্রস্তুত হয়।
এটি তাঁরই অনুগ্রহ ও মহানুভবতায় সম্ভব হোক।
সাইয়্যেদ মোজতবা হুসেইনি খামেনেয়ী
৩ অযর ১৪০৫ হিজরি সৌর (২৪ নভেম্বর ২০২৬)
আপনার কমেন্ট