হাওজা নিউজ নিউজ এজেন্সি রিপোর্ট, ইরানের হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলিরেজা আরাফি গত রাতে পবিত্র কোমের ফেইজিয়া মাদরাসায় আয়োজিত ‘নতুন ইসলামী সভ্যতার পথে অঙ্গীকারবদ্ধতা’ শীর্ষক জাতীয় সম্মেলনে বক্তব্য দেন। বাসিজ সপ্তাহ এবং ইমাম খোমেনি (রহ.) কর্তৃক ‘তালাবা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসিজ গঠন’-সংক্রান্ত ঐতিহাসিক নির্দেশের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে হাওযা ও বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সামাজিক পরিবর্তন ও রাষ্ট্র পরিচালনার ব্যবস্থায় হাওযা এবং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সমাজ পরিচালনার বিভিন্ন ব্যবস্থা সম্পর্কে হাওজার পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন। পাশাপাশি ইসলামী চিন্তাধারার ভিত্তিতে সমাজ পরিচালনার উপযোগী ফকিহ ও বিশেষজ্ঞ তৈরি করতে হবে।
হাওজা ইলমিয়ার সর্বোচ্চ পরিষদের সদস্য বলেন, এ লক্ষ্য হাওজা ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জ্ঞানী-গুণী ব্যক্তিদের নিয়ে গঠিত বাসিজের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারে। হাওজা ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র হলো সামাজিক ব্যবস্থাপনা ও কাঠামো প্রণয়নে অংশগ্রহণ এবং ইসলামী নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাজ পরিচালনার মডেল উপস্থাপন।
তিনি আরও বলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হলো বিশ্বে প্রচলিত জ্ঞান ও রাষ্ট্রীয় ব্যবস্থাগুলোর সঠিক ও ভুল দিকগুলো চিহ্নিত করা এবং হাওজার সহযোগিতায় সুদৃঢ় ও যথাযথভাবে ধর্মীয় চিন্তাধারা উপস্থাপন করা।
আয়াতুল্লাহ আরাফি এ কর্মপন্থাকে কৌশলগত ও মৌলিক হিসেবে উল্লেখ করে বলেন, এ ধরনের দৃষ্টিভঙ্গি হাওযা, বিশ্ববিদ্যালয় এবং জ্ঞানী-গুণী মহলের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। একই সঙ্গে বৈজ্ঞানিক, জ্ঞানগত ও সামাজিক ক্ষেত্রে তাদের দায়িত্বও বৃদ্ধি করে।
ফেইজিয়া মাদরাসা: সমসাময়িক পরিবর্তনে প্রভাবশালী জ্ঞান ও চিন্তার কেন্দ্র
আয়াতুল্লাহ আরাফি গত একশ বছরে ফেইজিয়া মাদরাসার ঐতিহাসিক অবস্থান তুলে ধরে বলেন, এ প্রতিষ্ঠানটি সমসাময়িক ইরান ও ইসলামী বিশ্বের ইতিহাসে অন্যতম বৃহৎ জ্ঞান, চিন্তা ও আন্দোলন সৃষ্টির কেন্দ্র।
তিনি বলেন, গত একশ বছরে ফেইজিয়া মাদরাসা সমসাময়িক বিশ্বের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোকে প্রভাবিত করার ক্ষেত্রে একটি বড় জ্ঞানগত ও চিন্তাগত কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করেছে। চতুর্দশ ফারসি শতাব্দী থেকে বিশ্বের বিভিন্ন পরিবর্তনে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ সদস্য বলেন, এ মাদরাসা থেকে বহু মহান আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিপ্লবী নেতা গড়ে উঠেছেন। আয়াতুল্লাহ হায়েরি (রহ.)-এর সময়ে জনগণের সহযোগিতায় রেজা শাহের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন ফেইজিয়া মাদরাসায় গড়ে ওঠে। এ জ্ঞানকেন্দ্রটি ইরানের মহান জনগণের ওপর নির্ভর করে অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বিদ্যমান পরিস্থিতির সমীকরণ পরিবর্তন করেছিল।
তিনি আরও বলেন, এসব ঘটনা ও কঠিন প্রতিরোধ আন্দোলনের মধ্য থেকেই ইমাম খোমেনি (রহ.)-এর মতো মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে, যিনি ইরান ও বিশ্বে ব্যাপক পরিবর্তনের সূচনা করেন।
বাসিজ: শুধু একটি নাম বা পরিচয়ের চেয়েও ব্যাপক তাৎপর্যপূর্ণ বাস্তবতা
বাসিজের প্রকৃতি ও এর অন্তর্নিহিত চেতনা ব্যাখ্যা করতে গিয়ে আয়াতুল্লাহ আরাফি বলেন, বাসিজ কেবল একটি প্রচলিত নাম বা পরিচয় নয়। বাসিজের প্রকৃত সত্তা শুরু থেকেই আলোকোজ্জ্বল। এর মূল চেতনা হলো ইসলামের পথে অবিচল থাকা, বিপ্লবের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা, সর্বোচ্চ নেতার নেতৃত্ব ও ইরানের জনগণের সঙ্গে সংহতি বজায় রাখা এবং আধুনিক যুগের বৃহৎ আন্দোলনগুলোতে সক্রিয় অংশগ্রহণ করা।
হাওজা ইলমিয়ার সর্বোচ্চ পরিষদের সদস্য ইসলামী বিপ্লবের পথে নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, আজ আমরা সবাই একসঙ্গে অঙ্গীকার করছি যে, ইসলাম ও বিপ্লবের পথে সর্বোচ্চ নেতা এবং ইরানের জনগণের সঙ্গে থেকে ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলার এ আন্দোলনে অবিচল থাকব।
অন্যান্য রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের সঙ্গে ইসলামী বিপ্লবের মৌলিক পার্থক্য
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান ইসলামী বিপ্লবের সঙ্গে অন্যান্য রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের মৌলিক পার্থক্য তুলে ধরে বলেন, নতুন ইসলামী সভ্যতা পুনর্গঠনই ইসলামী বিপ্লবের স্বাতন্ত্র্য ও মৌলিক লক্ষ্য।
তিনি বলেন, অন্যান্য সব আন্দোলন ও বিপ্লবের সঙ্গে ইসলামী বিপ্লবের প্রধান পার্থক্য নিহিত রয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টির মধ্যে-আর তা হলো নতুন ইসলামী সভ্যতা পুনর্গঠন।
আয়াতুল্লাহ আরাফি বলেন, সাময়িক বিষয়গুলোকে ইসলামী বিপ্লবের মৌলিক লক্ষ্যগুলোর সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়। বিশ্বের আধিপত্যবাদী শক্তিগুলোর সঙ্গে আমাদের মূল বিরোধ হরমুজ প্রণালি কিংবা পারমাণবিক শক্তি নিয়ে নয়। বরং বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আধিপত্যবাদী বিশ্ব যে বিষয়টি সহ্য করতে পারে না, তা হলো ইসলামী সভ্যতার ভিত্তিতে বিশ্বসভ্যতাকে পুনর্গঠন করা।
তিনি এ লক্ষ্যকে আন্তর্জাতিক অঙ্গনের সাধারণ রাজনৈতিক মতপার্থক্য ও প্রচলিত বিষয়গুলোর ঊর্ধ্বে বলে উল্লেখ করেন। তাঁর মতে, বিরোধ যদি শুধু অন্য বিষয়গুলো নিয়ে হতো, তাহলে আলোচনা ও সমঝোতায় পৌঁছানো সম্ভব ছিল। কিন্তু সভ্যতা পুনর্গঠন, বিশ্বব্যবস্থার প্রচলিত চিন্তাগত কাঠামো পরিবর্তন এবং অন্যায় সমীকরণগুলোর অবসান ঘটানো আধিপত্যবাদী শক্তিগুলোর কাছে গ্রহণযোগ্য নয়।
ইসলামী বিপ্লব ও আধিপত্যবাদী ব্যবস্থার সংঘাতের কেন্দ্রে রয়েছে বিশ্বব্যবস্থার সমীকরণ পরিবর্তন
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান বলেন, বড় বড় যুদ্ধের পর বিশ্বে যে সমীকরণ ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করাই ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান লক্ষ্য।
তিনি জোর দিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে প্রতিষ্ঠিত অন্যায় চিন্তাগত কাঠামো ও সমীকরণ পরিবর্তনের আহ্বানই ছিল ১৩৪২ ফারসি সালে ইমাম খোমেনি (রহ.)-এর আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় বিষয়। পরবর্তী সময়ে এ বিষয়টি ইসলামী বিপ্লবের আধিপত্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয়।
সাম্প্রতিক পরিবর্তন ও যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনা বিশ্বব্যবস্থার সমীকরণ পরিবর্তনে প্রভাব ফেলেছে। আট বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ, দ্বিতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে প্রতিরোধের মহাকাব্যিক ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করেছে, বিশ্বব্যবস্থার প্রচলিত কাঠামো পরিবর্তনের পথে ইসলামী বিপ্লব বিভিন্ন ধরনের সক্ষমতা ও শক্তিকে কাজে লাগিয়েছে।
আয়াতুল্লাহ আরাফি বিভিন্ন দেশে নিজের সফরের অভিজ্ঞতা এবং ইসলামী বিপ্লবের ঘটনাবলির প্রতি সেসব দেশের জনগণের প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে এবং অনেক জাতি এসব পরিবর্তন দেখে বিস্মিত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে বাসিজের আদর্শ ও চিন্তাধারা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।
বাসিজের আদর্শ ও চিন্তাধারার জন্য বিশ্বের দ্বার উন্মুক্ত হবে
তিনি বলেন, নিশ্চিত থাকুন, বাসিজের আদর্শ ও চিন্তাধারার জন্য বিশ্বের দ্বার উন্মুক্ত হবে এবং বিশ্বপরিস্থিতির চেহারা বদলে যাবে। সাম্প্রতিক ঘটনাবলি এবং বিভিন্ন ক্ষেত্রে সংঘটিত পরিবর্তন অনেক সমীকরণ বদলে দিয়েছে এবং বিশ্বকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে।
সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধ বাসিজ ও ইসলামী বিপ্লবের সক্ষমতার একটি দৃষ্টান্ত
সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধের ঘটনা ও অর্জন সম্পর্কে আয়াতুল্লাহ আরাফি বলেন, এ যুদ্ধের মাধ্যমে সংঘটিত পরিবর্তনগুলোর ব্যাপক তাৎপর্য রয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধ যে পরিবর্তন সৃষ্টি করেছে, তা আত্মিক গভীরতা ও প্রভাবের ব্যাপকতার দিক থেকে এমনকি ইসলামী বিপ্লবের চেয়েও বিস্তৃত। সর্বোচ্চ নেতার দিকনির্দেশনা এবং বীর বাসিজ সদস্যদের উপস্থিতির মাধ্যমে এ আন্দোলন বাস্তবায়িত হয়েছে।
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ সদস্য বলেন, কঠিন পরিস্থিতি অতিক্রম এবং বিদ্যমান সমীকরণ পরিবর্তনের ক্ষেত্রে বাসিজি চেতনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক ঘটনাবলির মুখোমুখি হয়ে অনেক বিদেশি বিশ্লেষক ও ব্যক্তিত্ব বিস্ময় প্রকাশ করেছেন যে, কীভাবে একটি দেশ জটিল সামরিক ও প্রতিরক্ষামূলক পরিস্থিতিতে যুদ্ধ মোকাবিলা করতে সক্ষম হয়েছে। কারণ, বাসিজের চেতনা বিদ্যমান সম্পর্ক ও সমীকরণগুলো পরিবর্তন করতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, এ বিস্ময় শুধু দেশের বাইরের মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়; দেশের ভেতরেও অনেকে এ আন্দোলনের ব্যাপকতা ও সক্ষমতায় প্রভাবিত হয়েছেন। প্রতিরোধ ও প্রতিরক্ষা থেকে শুরু করে বিজ্ঞান ও প্রযুক্তি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে এ সক্ষমতার প্রকাশ ঘটেছে।
একজন বাসিজি বিপ্লবের কাছে সর্বোচ্চ অঙ্গীকার করেন, কিন্তু প্রত্যাশা রাখেন সর্বনিম্ন
বাসিজি চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে আয়াতুল্লাহ আরাফি বলেন, সর্বোচ্চ অঙ্গীকার ও সর্বনিম্ন প্রত্যাশা এ চেতনার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
তিনি বলেন, বাসিজ হলো অঙ্গীকারের সর্বোচ্চ প্রকাশ এবং প্রত্যাশার সর্বনিম্ন পর্যায়। একজন প্রকৃত বাসিজি ব্যক্তি অন্তরের গভীর থেকে ইসলামের জন্য নিজের সবকিছু উৎসর্গ করেন। তাঁর অঙ্গীকার থাকে সর্বোচ্চ, কিন্তু বিপ্লবের কাছে তাঁর প্রত্যাশা থাকে সর্বনিম্ন।
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ সদস্য বলেন, হাওজা ও বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এ চেতনা গভীরভাবে এবং সংশ্লিষ্ট দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকাশিত হওয়া উচিত। হাওজা ও বিশ্ববিদ্যালয়ে বাসিজি চেতনা আরও নতুন ও ব্যাপক অর্থ ধারণ করে। এর অর্থ হলো সর্বোচ্চ অঙ্গীকার, জিহাদ, প্রতিরোধ এবং আরও উচ্চতর পর্যায়ে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া।
বাসিজকে শুধু সাংগঠনিক দৃষ্টিভঙ্গিতে দেখার সীমাবদ্ধতা অতিক্রম করা জরুরি
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান বলেন, বাসিজকে শুধু একটি সাংগঠনিক কাঠামো হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
তিনি বলেন, বাসিজি চেতনার প্রকাশ ঘটতে হবে বৈজ্ঞানিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কার্যক্রম, সামাজিক দায়িত্ব পালন এবং দেশের উন্নয়নের প্রচেষ্টার মধ্য দিয়ে। তালাবা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইসলাম, বিপ্লব ও জনগণের সেবায় এগিয়ে আসতে হবে।
নতুন ইসলামী সভ্যতা গঠনের জন্য প্রয়োজন শক্তির সাতটি ক্ষেত্র
নতুন ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে আয়াতুল্লাহ আরাফি বিভিন্ন ক্ষেত্রে শক্তি ও সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, আমরা যদি এই উত্তাল বিশ্বে নতুন সভ্যতা প্রতিষ্ঠার বিষয়ে চিন্তা করতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে যে, একটি সভ্যতা গড়ে তুলতে সাতটি ক্ষেত্রে শক্তি অর্জন অপরিহার্য।
সেই সাতটি ক্ষেত্র হলো:
১- সামরিক ও নিরাপত্তাগত শক্তি।
২- অর্থনৈতিক শক্তি।
৩- বৈজ্ঞানিক শক্তি।
৪- সামাজিক শক্তি।
৫- সাংস্কৃতিক শক্তি।
৬- রাজনৈতিক শক্তি।
৭- প্রযুক্তিগত শক্তি।
তিনি বলেন, এসব শক্তির পেছনে একটি মৌলিক ভিত্তি থাকা প্রয়োজন। আর তা হলো জ্ঞানগত ও আদর্শিক শক্তি।
জ্ঞান ও চিন্তাশক্তির কেন্দ্রীয় ভূমিকা
আয়াতুল্লাহ আরাফি অন্যান্য ক্ষেত্রে শক্তি অর্জনের ক্ষেত্রে জ্ঞান ও চিন্তার কেন্দ্রীয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, জ্ঞানগত ও আদর্শিক শক্তিই অন্যান্য সব শক্তির ভিত্তি। একটি সুসংহত চিন্তাগত ও জ্ঞানভিত্তিক কাঠামো গড়ে না উঠলে অন্য ক্ষেত্রগুলোতে টেকসই উন্নতি অর্জন করা সম্ভব নয়।
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ সদস্য আরও বলেন, হাওজা, বিশ্ববিদ্যালয় এবং বীর বাসিজের মাধ্যমে এসব ক্ষেত্রের বিকাশ ঘটাতে হবে। ইসলামী বিপ্লবের সাতটি ক্ষেত্রে নিজস্ব সাহিত্য, চিন্তাধারা ও আদর্শিক বক্তব্য তৈরি করা বাসিজ সদস্যদের অন্যতম দায়িত্ব।
হাওজা ও বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে তিনি বলেন, ইসলামী বিপ্লবের জ্ঞান ও আদর্শিক চিন্তাধারাকে সুসংগঠিত করার ক্ষেত্রে এ দুটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সক্ষমতা রয়েছে। তারা এ চিন্তাধারাকে সুসংগঠিত করে সভ্যতার অন্যান্য ক্ষেত্রেও এর প্রভাব বিস্তার করতে পারে।
হাওজা ও বিশ্ববিদ্যালয়ের বাসিজের দায়িত্ব হলো ময়দানে উপস্থিত থাকা এবং জ্ঞান ও চিন্তা উৎপাদন করা
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান সামাজিক, জনসম্পৃক্ত ও বিপ্লবী কর্মকাণ্ডে হাওজা ও বিশ্ববিদ্যালয়ের বাসিজের সক্রিয় উপস্থিতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, হাওজা ও বিশ্ববিদ্যালয়ের বাসিজকে জনগণের সঙ্গে থাকতে হবে, কর্মক্ষেত্রে উপস্থিত হতে হবে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তবে এ দুটি প্রতিষ্ঠানের বিশেষ দায়িত্ব হলো বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি এবং ইসলামী বিপ্লবের মৌলিক আদর্শিক চিন্তাধারার ক্ষেত্রে জ্ঞান ও চিন্তা উৎপাদন করা।
হাওজা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বাসিজের বিশেষ দায়িত্ব
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ সদস্য বলেন, হাওজা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বাসিজের স্বাতন্ত্র্য ও বিশেষ দায়িত্ব হলো সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনার পথে এগিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, হাওজা ও বিশ্ববিদ্যালয়ের বাসিজের বিশেষ বৈশিষ্ট্য হলো শক্তির এই সাতটি ক্ষেত্রে অগ্রসর হওয়া এবং একটি নতুন আন্দোলনের ভিত্তি স্থাপন করা। এমন একটি আন্দোলন, যা নতুন ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার পরিবেশ ও প্রয়োজনীয় ভিত্তি তৈরি করতে সক্ষম হবে।
সভ্যতা নির্মাণে সক্ষম ইজতিহাদ
হাওজার জ্ঞানভিত্তিক ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আয়াতুল্লাহ আরাফি বলেন, ভবিষ্যতের জন্য সভ্যতা নির্মাণে সক্ষম ইজতিহাদ অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সমাজের নতুন প্রয়োজনগুলোর জবাব দেওয়া, চিন্তাধারা তৈরি করা এবং ইসলামী নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামাজিক কাঠামো ও ব্যবস্থাপনা প্রণয়নের জন্য হাওজা ও বিশ্ববিদ্যালয়কে তাদের বৈজ্ঞানিক ও মেধাগত সক্ষমতা কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে এ দুটি প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়টি উপেক্ষা করা উচিত নয়।
পশ্চিমা সভ্যতা এক শতাব্দীর চিন্তাগত প্রচেষ্টার ফসল
পশ্চিমা সভ্যতার বিকাশের ইতিহাস তুলে ধরে এবং সভ্যতা গঠনে চিন্তাগত ও বৈজ্ঞানিক ভিত্তির গুরুত্ব ব্যাখ্যা করে আয়াতুল্লাহ আরাফি বলেন, বর্তমানে বিশ্বকে প্রভাবিত করা পশ্চিমা সভ্যতা পশ্চিমা চিন্তাবিদদের প্রায় একশ বছরের চিন্তা ও প্রচেষ্টার ফসল।
তিনি বলেন, একটি সভ্যতা প্রতিষ্ঠার জন্য চিন্তার জগতে গভীর, ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন।
বাসিজ ও ইসলামী বিপ্লবের মধ্যে সভ্যতা নির্মাণের সক্ষমতা রয়েছে
ইরানের গার্ডিয়ান কাউন্সিলের ফকিহ সদস্য বলেন, বাসিজ ও ইসলামী বিপ্লবের মধ্যে নতুন ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক যুদ্ধে ঐশী সাহায্যে যে ঘটনা ঘটেছে, তা এমন এক বিস্ময়কর বিষয় ছিল, যার বিভিন্ন দিক উপলব্ধি করতে বিশ্বের বহু মানুষ অক্ষম ছিলেন। এটি বাসিজ ও ইসলামী বিপ্লবের চেতনার বিশাল সক্ষমতারই প্রমাণ।
ইরানের হাওজা ইলমিয়ার প্রধান ইসলামী প্রজাতন্ত্র ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে তরুণ বিজ্ঞানীদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, আমাদের তরুণ বিজ্ঞানীরা জ্ঞান ও প্রযুক্তির উচ্চশিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এটি বাসিজ ও ইসলামী বিপ্লবের শক্তিরই বহিঃপ্রকাশ, যা অব্যাহত রাখতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তা
আয়াতুল্লাহ আরাফি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য শেষ করেন।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের পরিকল্পনা থাকতে হবে। উন্নয়ন, বিজ্ঞান, প্রযুক্তি এবং নতুন ইসলামী সভ্যতা প্রতিষ্ঠার পথ যেন পরবর্তী প্রজন্মের হাতেও অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে হবে।
এ কারণে সক্ষম ও সভ্যতা নির্মাণে উপযুক্ত একটি প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে হাওজা, বিশ্ববিদ্যালয় এবং জ্ঞানী-গুণী ব্যক্তিদের নিয়ে গঠিত বাসিজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ধারক।
আপনার কমেন্ট