বুধবার ২৫ নভেম্বর ২০২৬ - ১৪:৫৪
ফাতেমি আদর্শে জীবনসঙ্গী নির্বাচন পরিবারে শান্তি ও দৃঢ়তা প্রতিষ্ঠার ভিত্তি

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইন জওশকানিয়ান হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনাচরণে জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড তুলে ধরে বলেছেন, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সম্পদ, সামাজিক অবস্থান ও খ্যাতিকে প্রধান বিবেচ্য বিষয় করা উচিত নয়; বরং ঈমান, নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। ফাতেমি আদর্শের ভিত্তিতে জীবনসঙ্গী নির্বাচন করা হলে পরিবারে শান্তি ও দৃঢ়তার পরিবেশ তৈরি হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইন জওশকানিয়ান হারাম-এ মোতাহহার-এ বানু কারামাতের এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৃষ্টিজগতের ব্যবস্থায় হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর উচ্চ মর্যাদা তুলে ধরেন। তিনি তাঁকে ইমাম মাহদি (আ.ফা.)-এর পূর্ণাঙ্গ আদর্শ এবং ইমামগণের ওপর আল্লাহর হুজ্জাত হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ব্যক্তিগত ও সামাজিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাঁর জীবনাদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর স্বল্পায়ু অথচ বরকতময় জীবনের কথা উল্লেখ করে বলেন, তিনি মাত্র আঠারো বছর এই পৃথিবীতে জীবনযাপন করেছেন। কিন্তু তাঁর মর্যাদা এতটাই উচ্চ যে, ইমাম মাহদি (আ.ফা.) তাঁকে উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে, ইমাম হাসান আসকারি (আ.) হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-কে ইমামগণের ওপর আল্লাহর হুজ্জাত হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।

আধ্যাত্মিক উৎকর্ষ ও পারিবারিক দায়িত্ব পালনের মধ্যে কোনো বিরোধ নেই

হারাম-এ মোতাহহারের এই বক্তা পরিবার ও সংসারে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর কেন্দ্রীয় ভূমিকার কথা উল্লেখ করে বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ক, গৃহস্থালি পরিচালনা এবং সন্তান প্রতিপালনের ক্ষেত্রে তাঁর জীবনাচরণ ছিল সর্বোচ্চ পর্যায়ের। তাঁর জীবন আমাদের দেখিয়ে দেয়, আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন এবং পারিবারিক দায়িত্ব পালন-এ দুটির মধ্যে কোনো বিরোধ নেই।

পরিবারের ভিত্তি দুর্বল করা এবং সমাজের সাংস্কৃতিক পরিচয় পরিবর্তনের জন্য বিরোধী গোষ্ঠীগুলোর প্রচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বর্তমানে ফাতেমি শিক্ষার বিপরীতে একধরনের আধুনিক জাহেলি শিক্ষা ও সংস্কৃতি দাঁড় করানো হয়েছে। গণমাধ্যম, প্রযুক্তি ও সাংস্কৃতিক পণ্যের প্রভাব কাজে লাগিয়ে এই ধারা তরুণ প্রজন্মের বিশ্বাস, প্রবণতা ও জীবনযাপনের ধরন পরিবর্তন করতে চায়। তাই পরিবারকে সুরক্ষিত রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার জন্য ফাতেমি সংস্কৃতির পরিচিতি ও প্রচার অত্যন্ত জরুরি।

হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর আদর্শ জিহাদ ও শাহাদাতের আদর্শ

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জওশকানিয়ান বলেন, হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর আদর্শ হলো জিহাদ ও শাহাদাতের আদর্শ। তবে জিহাদ ও শাহাদাতের অর্থ সহিংসতা কিংবা যুদ্ধপ্রিয়তা নয়; বরং এটি এমন এক প্রতিরোধমূলক আদর্শ, যা মন্দ ও অশুভ কাজের বিরুদ্ধে দাঁড়ায় এবং মানুষকে ভালো কাজ, কল্যাণ ও সৌন্দর্যের দিকে আহ্বান জানায়। এই আদর্শ আল্লাহ, পরিবার, সমাজ এবং অন্য মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ করে।

অনুষ্ঠানে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ তুলে ধরে তিনি তাঁদের ত্যাগ ও শাহাদাতের আদর্শের জীবন্ত দলিল হিসেবে আখ্যায়িত করেন। শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের চেতনার কথা উল্লেখ করে তিনি ফাতেমি সংস্কৃতিকে সংগ্রামী ও দায়িত্বশীল মানুষ গড়ে তোলার অন্যতম ভিত্তি হিসেবে পরিচয় করিয়ে দেন।

হারাম-এ মোতাহহারের এই বক্তা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর ইবাদত ও পারিবারিক জীবনাচরণের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আল্লাহর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল দাসত্ব ও ইবাদতের এক অনন্য দৃষ্টান্ত। একটি বর্ণনায় এসেছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর কন্যার শারীরিক দুর্বলতা দেখে তাঁর খাদ্যগ্রহণের অবস্থা সম্পর্কে জানতে চান। তখন হযরত ফাতিমা যাহরা (সা.আ.) জানান, তিনি ইবাদতে এতটাই নিমগ্ন থাকতেন যে ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করতেন না।

তিনি আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর কাছে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর সঙ্গে দাম্পত্য জীবন সম্পর্কে জানতে চাইলে দেওয়া উত্তরের কথাও উল্লেখ করেন। ওই উত্তরের মর্মার্থ হলো, হযরত ফাতিমা (সা.আ.) আল্লাহর আনুগত্য ও ইবাদতের পথে তাঁর সর্বোত্তম সহযোগী ছিলেন। তিনি বলেন, ফাতেমি পরিবার হলো এমন একটি পরিবার, যার সদস্যদের আচরণ, কথা ও জীবনযাপন মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।

আমাদের দৈনন্দিন জীবনকে কোরআনের সঙ্গে যুক্ত করতে হবে

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জওশকানিয়ান দৈনন্দিন জীবনের সঙ্গে পবিত্র কোরআনের সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোরআন তিলাওয়াত এবং এর শিক্ষার বাস্তব প্রয়োগ পরিবারগুলোর দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। কারণ, কোরআনের মূল্যবোধ থেকে দূরে সরে যাওয়া মানুষকে আল্লাহর দাসত্বের পথ থেকে বিচ্যুত করে এবং বস্তুগত আকাঙ্ক্ষানির্ভর জীবনধারার দিকে ঠেলে দেয়।

হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর আধ্যাত্মিক মূল্যবোধ ও আল্লাহর পথে দানশীলতার প্রতি বিশেষ মনোযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এমনকি নিজের বিয়ের রাতেও তিনি তাঁর মূল্যবান পোশাক একজন অভাবীকে দান করেছিলেন। এর মাধ্যমে তিনি অন্যকে নিজের ওপর প্রাধান্য দেওয়া এবং বস্তুগত আসক্তির চেয়ে আধ্যাত্মিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এই বক্তা হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর সেবিকা ফিজ্জার সঙ্গে তাঁর মহানুভবতাপূর্ণ আচরণের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এটি মানবিক মর্যাদা রক্ষা এবং অন্যের প্রতি অবজ্ঞাসূচক দৃষ্টিভঙ্গি পরিহারের এক অনুকরণীয় দৃষ্টান্ত।

বক্তব্যের অন্য এক অংশে তিনি মুমিন ও সংগ্রামী সন্তান গড়ে তোলার ক্ষেত্রে ফাতেমি পরিবারের শিক্ষামূলক ভূমিকার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি শহীদদের জীবনের বিভিন্ন দৃষ্টান্ত এবং কোরআন ও জিয়ারতে আশুরার সঙ্গে তাঁদের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করেন। সন্তানদের ব্যক্তিত্ব গঠনে ঘরের আধ্যাত্মিক পরিবেশ, বাবা-মায়ের আচরণ এবং ধর্মীয় শিক্ষার প্রতি মনোযোগের প্রভাবের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ফাতেমি আদর্শে জীবনসঙ্গী নির্বাচন পরিবারে শান্তি ও দৃঢ়তা প্রতিষ্ঠার ভিত্তি

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জওশকানিয়ান হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জীবনাচরণের আলোকে জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড সম্পর্কে বলেন, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সম্পদ, সামাজিক অবস্থান ও খ্যাতিকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা উচিত নয়; বরং ঈমান, নৈতিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে। ফাতেমি আদর্শের ভিত্তিতে জীবনসঙ্গী নির্বাচন করা হলে পরিবারে শান্তি ও দৃঢ়তার পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

সবশেষে তিনি মোহরানা কম রাখার বিষয়ে বর্ণিত হাদিসগুলোর কথা উল্লেখ করে পরিবারগুলোকে এ ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মোহরানা কম রাখা বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তাই পরিবারগুলোর উচিত, মাসুম ইমামগণ (আ.)-এর এই নির্দেশনা বাস্তব জীবনে পালনের প্রতি আরও বেশি মনোযোগী হওয়া।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha