হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম খোমেইনি (রহ.)-এর ঐতিহাসিক নির্দেশে হাওজার শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে বাসিজ গঠনের বার্ষিকী উপলক্ষে কোমের ফেইজিয়ে মাদ্রাসায় আয়োজিত ‘নতুন ইসলামী সভ্যতার পথে অঙ্গীকারবদ্ধ’ শীর্ষক জাতীয় সম্মেলনে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইনানলুফার বক্তব্য রাখেন।
তিনি দেশের শিক্ষক, শিক্ষার্থী ও আলেমদের বাসিজ সংগঠনের প্রধান। ইমাম খোমেইনি (রহ.)-এর দূরদর্শিতার কথা উল্লেখ করে তিনি বলেন, জ্ঞান ও ঈমানের সংযোগের ওপর ইমামের গুরুত্বারোপ প্রমাণ করে যে, জ্ঞানকে আধ্যাত্মিকতা এবং বিশেষজ্ঞতাকে ঈমানের সঙ্গে যুক্ত করা কতটা গুরুত্বপূর্ণ। কারণ, জ্ঞান তখনই সঠিক পথনির্দেশ দিতে পারে, যখন তা ঈমান ও আধ্যাত্মিকতার সঙ্গে সমন্বিত হয়।
নতুন ইসলামী সভ্যতা গঠনে হাওজা ও বিশ্ববিদ্যালয়ের পরিপূরক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো বিশেষজ্ঞতা ও জ্ঞানের প্রতীক, আর হাওজা হলো আধ্যাত্মিকতা, ইসলামী জ্ঞান ও তত্ত্বের উৎস। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ ও সমন্বয় ইসলামী সভ্যতার পথে অগ্রসর হওয়া এবং বিপ্লবের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করতে পারে।
দেশের শিক্ষক, শিক্ষার্থী ও আলেমদের বাসিজ সংগঠনের প্রধান হাওজা ও বিশ্ববিদ্যালয়ের ঐক্যকে কেবল সাংগঠনিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইসলাম, বিপ্লবের প্রতিরক্ষা এবং দেশের উন্নয়নের লক্ষ্যে এই দুই প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক, জ্ঞানগত ও বিশেষজ্ঞতাভিত্তিক সক্ষমতা কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
দেশের শক্তি ও কর্তৃত্ব সুদৃঢ় করতে নেতৃত্ব ও জাতীয় ঐক্যের ভূমিকা
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইনানলুফার ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তি ও কর্তৃত্ব সুদৃঢ় করতে নেতৃত্বের ভূমিকা প্রসঙ্গে বলেন, বিপ্লবের শহীদ নেতার দূরদর্শী পদক্ষেপের বরকতে ইরান শত্রু ও বৈশ্বিক আধিপত্যবাদী শক্তির মোকাবিলায় একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। এই পথ অব্যাহত রাখতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগিতা এবং বিপ্লবের আদর্শের প্রতি অবিচল থাকা প্রয়োজন।
তিনি বলেন, হাওজার শিক্ষার্থী, আলেম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সমাজের পরিবর্তন ও অগ্রগতিতে প্রভাবশালী ভূমিকা পালন করতে সক্ষম। বিভিন্ন ক্ষেত্রে বিপ্লবের শহীদ নেতার দিকনির্দেশনা ও আদর্শ বাস্তবায়নের পাশাপাশি দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার সামর্থ্য তাঁদের রয়েছে।
দেশের শিক্ষক, শিক্ষার্থী ও আলেমদের বাসিজ সংগঠনের এই কর্মকর্তা জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুসরণ করে ইরানি জাতিকে নিজেদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে ঐক্য ও সংহতির পরিচয় দিতে হবে। কারণ, জাতীয় সংহতি বজায় রাখা এবং জনগণের ঐক্যবদ্ধ উপস্থিতি বিজয় অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।
জনগণের জাগরণ ও মাঠপর্যায়ে তাঁদের উপস্থিতি যেন থেমে না যায়, সে বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, এই ধারাবাহিকতা বজায় রাখা সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীলতার ওপর নির্ভরশীল। বিশেষ করে আলেম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাওজার আলেম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জনগণের পাশে দাঁড়িয়ে সামাজিক সহনশীলতা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা বাড়াতে হবে, যাতে বিভিন্ন পরিস্থিতি অতিক্রম করতে দেশ কার্যকর সহযোগিতা পায়।
জনগণ, হাওজা ও বিশ্ববিদ্যালয়ের ঐক্য শত্রুর মোকাবিলায় দৃঢ়তার ভিত্তি
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইনানলুফার দ্বিতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থানের কথা উল্লেখ করে এই দৃঢ়তাকে দেশের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতির ফল বলে অভিহিত করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র যখন হামলা চালিয়েছিল, তখন ইসলামী প্রজাতন্ত্র ইরান অল্প সময়ের মধ্যেই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তার জবাব দেয় এবং শত্রুকে যথাস্থানে দাঁড় করিয়ে দেয়। ইরানের এই প্রতিক্রিয়া ও দৃঢ়তাকে জনগণ, কর্মকর্তাবৃন্দ, হাওজার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ঐক্য ও সংহতির ফল হিসেবে বিবেচনা করতে হবে।
শত্রুদের জনমত ও তরুণ প্রজন্মকে প্রভাবিত করার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে শত্রুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দেশের তরুণদের চিন্তাভাবনাকে প্রভাবিত করার লক্ষ্যে তাদের মনস্তত্ত্বের ওপর বিশেষভাবে মনোযোগ দিচ্ছে। এ কারণে শিক্ষার্থী ও দেশের মানবসম্পদকে সুরক্ষিত রাখা আলেম সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হাতেই গড়ে উঠবে। ইমাম খোমেইনি (রহ.)-ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও হাওজার আলেম-শিক্ষার্থীদের ওপর আশা ও আস্থা রেখেছিলেন। তাই এই দুই শ্রেণির মানুষের পাশাপাশি অবস্থান এবং জনগণের সঙ্গে তাঁদের সহযোগিতা শত্রুদের কাছে জাতীয় ঐক্য ও সংহতির দৃঢ়তার স্পষ্ট বার্তা পৌঁছে দেয়।
দেশের সমস্যা সমাধানে হাওজা ও বিশ্ববিদ্যালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইনানলুফার হাওজা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই দুই প্রতিষ্ঠানের মনোযোগের কেন্দ্রবিন্দু হতে হবে রাষ্ট্রের চ্যালেঞ্জ ও সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধান করা। দেশের প্রয়োজন মেটাতে হাওজা ও বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক ও জ্ঞানগত সক্ষমতাকে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে।
তিনি হাওজা ও বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক যোগাযোগকে নিয়মিত ও বাস্তবভিত্তিক সহযোগিতায় রূপান্তর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সম্মেলন যেন সারা বছর ধরে হাওজার আলেম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধারাবাহিক যোগাযোগের সূচনা করে। এর মাধ্যমে বৈজ্ঞানিক, জ্ঞানভিত্তিক ও ঈমানি সংগঠন গড়ে তুলে দেশের সমস্যা সমাধানে যৌথ সহযোগিতার ক্ষেত্র তৈরি করা সম্ভব হবে।
দেশের উন্নয়ন ও অগ্রগতির উচ্চ শিখরে পৌঁছানোর পথে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে দেশের শিক্ষক, শিক্ষার্থী ও আলেমদের বাসিজ সংগঠনের এই কর্মকর্তা জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা আশা করি, ইরানি জাতি ঐক্য ও সংহতি অটুট রেখে বিজয়ের স্বাদ আস্বাদন করবে এবং দেশের উন্নয়ন ও গৌরবের পথ আরও দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।
সবশেষে তিনি হযরত ওয়ালি আসর (আ.ফা.)-এর আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি জনগণের সমাবেশ ও গণআন্দোলনগুলোর প্রতি সমর্থনের ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের আন্দোলনকে শক্তিশালী করা এবং তাঁদের ধারাবাহিক উপস্থিতি ও সহযোগিতা চূড়ান্ত বিজয়, দেশের মর্যাদা ও গৌরব অর্জনের পথ সুগম করবে।
আপনার কমেন্ট