হাওজা নিউজ এজেন্সি’র তথ্যমতে, গত ২৫ নভেম্বর কোমের হাওজায়ে ইলমিয়ার ইসলামি প্রচার কার্যালয়ের উদ্যোগে বাহরাইন ও কুয়েতের আলেমদের প্রতি সংহতি জানাতে আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শেখ আল-দাক্কাক বলেন, বাহরাইনের জনগণ মর্যাদাবান, সম্মানিত ও দৃঢ়চেতা। কিন্তু দেশটির সরকার শিয়া জনগোষ্ঠী ও আলেমদের বিরুদ্ধে নানা পদক্ষেপ গ্রহণ করছে। এখন পর্যন্ত ৬৯ জন আলেমের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এ পদক্ষেপের প্রভাব তাঁদের বাবা-মা, সন্তান ও নাতি-নাতনিদের ওপরও পড়েছে।
তিনি বলেন, আয়াতুল্লাহ ইবরাহিম আনসারির পরিবারও নাগরিকত্ব হারানো ও দেশ থেকে বহিষ্কারের শিকার হয়েছে। ফলে তাঁদের পরিবারের সদস্যরা এখন বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
গ্রেপ্তার হওয়া ৪১ জন আলেমের মধ্যে পাঁচজন উচ্চতর ধর্মীয় পাঠদান করেন। এ ছাড়া বাহরাইনের বাইরে বসবাসকারী ১১ জন আলেমের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম।
শেখ আল-দাক্কাক জানান, কয়েকটি মামলার বিচারিক শুনানি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছে। পাঁচজন আলেমকে ১৫ বছর করে কারাদণ্ড এবং অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগগুলোর প্রায় ৮৫ শতাংশই একই ধরনের। অথচ ১৬ হাজার পৃষ্ঠার নথি পর্যালোচনার জন্য মাত্র ৯০ মিনিট সময় দেওয়া হয়েছিল। ৫৫ জন আলেম জানিয়েছেন, তাঁদের আইনজীবীরা যথাযথভাবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি।
তিনি আরও বলেন, শিয়াদের স্বতন্ত্র ওয়াকফ প্রতিষ্ঠানকে সুন্নি ওয়াকফ প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করে মন্ত্রণালয়ের অধীনে নেওয়া হয়েছে। অথচ কয়েক শতাব্দী ধরে প্রতিষ্ঠান দুটি পৃথকভাবে পরিচালিত হয়ে আসছিল।
এ ছাড়া হুসাইনিয়াগুলোতে ধর্মীয় কার্যক্রম এবং ঘরোয়া মজলিস আয়োজনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকি হযরত উম্মুল বানিন (সা. আ.)-এর স্মরণে মজলিস আয়োজনের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
বাহরাইনের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে উল্লেখ করে শেখ আল-দাক্কাক আন্তর্জাতিক সংস্থা, আরব লীগ এবং মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন এসব দণ্ডাদেশের অবসান এবং আটক আলেম ও রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে উদ্যোগ নেয়।
আপনার কমেন্ট