শনিবার ২৮ নভেম্বর ২০২৬ - ১০:৩০
নাজাফ থেকে শহীদ দস্তগিবের বাড়ি: ভালোবাসায় ভরা এক বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত

বন্ধুর পরিবারের আর্থিক সংকটের কথা জানতে পেরে নিজেও অভাবের মধ্যে থাকা সত্ত্বেও এক মুহূর্ত দেরি করেননি আয়াতুল্লাহ হাসানআলী নাজাবাত শিরাজি। বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়ে তিনি বন্ধুর পরিবারের হাতে অর্থ তুলে দেন, যাতে তাঁদের কোনো কষ্টে পড়তে না হয়।

হাওজা নিউজ এজেন্সি'র প্রতিবেদনে এ ঘটনা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বন্ধুর পরিবারের প্রতি সম্মান, ভালোবাসা ও আন্তরিকতা প্রকাশের এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ হাসানআলী নাজাবাত শিরাজি।

মরহুম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ হাশেম দস্তগিব তাঁর স্মৃতিচারণায় বলেন, ‘আমার বাবা শহীদ দস্তগিবের সঙ্গে আয়াতুল্লাহ হাসানআলী নাজাবাত শিরাজির গভীর বন্ধুত্ব ছিল। তখন আমার বয়স আনুমানিক ১০ থেকে ১২ বছর। আয়াতুল্লাহ নাজাবাত সম্প্রতি নাজাফ থেকে ফিরে এসেছেন। এ সময় আমার বাবা সফরে ছিলেন।

আয়াতুল্লাহ নাজাবাত প্রতিদিন আমাদের বাড়িতে আসতেন। কোনো কোনো দিন সকাল ও বিকেলে দুবারও আসতেন। দরজায় কড়া নেড়ে আমাদের খোঁজখবর নিতেন এবং জিজ্ঞেস করতেন, “তোমরা কেমন আছো? কোনো কিছুর প্রয়োজন আছে কি?”

এভাবেই নিয়মিত আমাদের খোঁজ নিতেন তিনি।

একবার বাবার সফর দীর্ঘায়িত হওয়ায় আমাদের সংসারের খরচের টাকা প্রায় শেষ হয়ে আসে। তখন আমার মা আমাকে বললেন, “এবার আয়াতুল্লাহ নাজাবাত যখন জিজ্ঞেস করবেন, টাকার প্রয়োজন আছে কি না, তখন বলবে—টাকা থাকলে ভালো হতো।”

একদিন আয়াতুল্লাহ নাজাবাত যথারীতি বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, কোনো কাজ বা প্রয়োজন আছে কি না, কিংবা টাকার দরকার হবে কি না। আমি বললাম, “জি, টাকা থাকলে ভালো হতো।”

তিনি সঙ্গে সঙ্গে বললেন, “ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।” এরপর এক মুহূর্তও দেরি না করে প্রায় দৌড়ে সেখান থেকে চলে গেলেন।

কয়েক মিনিট পর ফিরে এলেন পাঁচ তুমানি নোটের একটি বান্ডিল নিয়ে। সে সময় এই অর্থের পরিমাণ ছিল অনেক বেশি। টাকা দিয়ে তিনি বললেন, “আবারও প্রয়োজন হলে আমাকে জানাবে।”

পরে আমার বাবা সফর থেকে ফিরে জানতে পারলেন, আয়াতুল্লাহ নাজাবাতের নিজের কাছেই তখন তেমন কোনো অর্থ ছিল না। তা সত্ত্বেও তিনি সঙ্গে সঙ্গে বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ধার করে আমাদের জন্য নিয়ে এসেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল, বন্ধুর পরিবার যেন কোনো অভাব-অনটন বা কষ্টের মধ্যে না পড়ে।’

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha