শনিবার ২৮ নভেম্বর ২০২৬ - ০৮:৩৪
স্বামীর দুর্ব্যবহারের মুখে কতটা ধৈর্য ধরবেন, কীভাবে রক্ষা করবেন নিজের মর্যাদা?

দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর রূঢ় আচরণের মুখে ধৈর্য ধারণ নিঃসন্দেহে প্রশংসনীয় গুণ। তবে ইসলামের দৃষ্টিতে ধৈর্য মানে নিষ্ক্রিয় থাকা কিংবা অপমান ও নির্যাতন অনির্দিষ্টকাল সহ্য করা নয়। বরং আত্মমর্যাদা অক্ষুণ্ন রেখে বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করাই প্রকৃত ধৈর্যের পরিচয়। আর দীর্ঘস্থায়ী ও ক্ষতিকর পারিবারিক সমস্যার ক্ষেত্রে বিশেষজ্ঞের সহায়তা নেওয়াও জরুরি।

হাওজা নিউজ এজেন্সি: এ বিষয়ে আলোচনা করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলী বায়াত। তিনি দাম্পত্য জীবনে গঠনমূলক ও আত্মমর্যাদাপূর্ণ ধৈর্যের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দীর্ঘস্থায়ী পারিবারিক সংকট মোকাবিলায় বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন।

একজন শ্রোতার মর্মস্পর্শী অভিজ্ঞতা: স্বামীর সঙ্গে কথা বলারও সুযোগ নেই
এক নারী শ্রোতা নিজের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে বলেন,

‘তাঁর সঙ্গে কোনোভাবেই কথা বলা যায় না। আমি মুখ খুললেই তিনি গালিগালাজ ও অপবাদ দিতে শুরু করেন। বিশেষজ্ঞরা বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে আলোচনা করা উচিত। কিন্তু তিনি তো আমাকে কথা বলার সুযোগই দেন না। তাঁর কোনো কথায় কষ্ট পেলে প্রতিবাদ করি। তখন তিনি উল্টো বলেন, “তুমি এরই যোগ্য।”

৪৮ বছর ধরে তাঁর সঙ্গে সংসার করছি। আমাদের চার সন্তান রয়েছে। জীবনের অধিকাংশ সময় তিনি চাকরির প্রয়োজনে সফরে ও বাড়ির বাইরে কাটিয়েছেন। তিনি ভালো মানুষ, কিন্তু তাঁর ভাষা অত্যন্ত অশালীন। এমনকি তিনি আমাকে মারধরও করেন। আমি দিশেহারা। যে মানুষটি আমাকে দুটো কথা বলারও সুযোগ দেন না, তাঁর সঙ্গে কীভাবে সংসার করব?’

বিশেষজ্ঞের উত্তর: ধৈর্য আত্মিক শক্তি ও কঠিন সাধনার নাম
এই মায়ের দীর্ঘদিনের কষ্ট ও যন্ত্রণার কথা শুনে সত্যিই ব্যথিত হয়েছি। তাঁকে এবং রাগী ও দুর্ব্যবহারকারী স্বামীর সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তা জানতে চাওয়া আরেক শ্রোতাকে কয়েকটি বিষয় জানাতে চাই।

১. ধৈর্য এক ধরনের আত্মিক সংগ্রাম: অনেক সময় স্বামী বা স্ত্রী বুঝতে পারেন না, অপমানের মুখে কেন ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন বর্ণনায় জীবনসঙ্গীর বদমেজাজের মুখে ধৈর্য ধারণের বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে। আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর বর্ণনায় স্বামীর দুর্ব্যবহার সহ্য করাকে নারীর অন্যতম মহৎ গুণ ও আত্মিক সংগ্রাম হিসেবে উল্লেখ করা হয়েছে।

এখানে ধৈর্য বলতে দুর্বলতা বা অসহায়ত্ব বোঝানো হয়নি। বরং এটি প্রতিকূল পরিস্থিতিতে নিজের আবেগ ও প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার এক বিশেষ মানসিক শক্তি।

২. কঠোর আচরণের মুখে মনীষীদের ধৈর্যের দৃষ্টান্ত: মনীষীদের জীবনে ধৈর্য ও সহনশীলতার বেশ কিছু উল্লেখযোগ্য দৃষ্টান্ত রয়েছে। বর্ণিত আছে, আয়াতুল্লাহ খুনসারির (রহ.) স্ত্রী কখনো কখনো তাঁর সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করতেন। এমনকি একবার শিষ্যদের সামনেই তাঁর মাথায় বই দিয়ে আঘাত করেন।

এমন পরিস্থিতিতেও তিনি কেন আল্লাহর শুকরিয়া আদায় করেন, তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এ জন্য যে, তিনি আমাকে এমন শক্তি দিয়েছেন, যার মাধ্যমে আমি এসব আচরণ সহ্য করতে পারি এবং রাগের বশবর্তী হই না।’

এই দৃষ্টিভঙ্গি মানুষকে নিজেকে অসহায় ভুক্তভোগী হিসেবে না দেখে আত্মনিয়ন্ত্রণ ও আত্মগঠনের শক্তিতে বলীয়ান হতে শেখায়।

৩. প্রতিকূলতার মধ্যেও কল্যাণের সম্ভাবনা: পবিত্র কোরআনের সুরা নিসার ১৯ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তোমরা তাদের (স্ত্রীদের) সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো। যদি তাদের অপছন্দ করো, তবে হতে পারে তোমরা কোনো বিষয় অপছন্দ করছ, অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন।’

জীবনের কোনো কোনো প্রতিকূলতার মধ্যেও আল্লাহ মানুষের জন্য কল্যাণের পথ তৈরি করে দেন। সেই কল্যাণ হতে পারে নেক সন্তান লাভ কিংবা আত্মিক উন্নতি।

৪. সাইয়্যেদ হাশেম হাদ্দাদের জীবনে ধৈর্যের অনন্য দৃষ্টান্ত: বিশিষ্ট আরিফ সাইয়্যেদ হাশেম হাদ্দাদের শাশুড়ি তাঁর আর্থিক অসচ্ছলতার কারণে প্রায়ই তাঁকে অপমান ও গালিগালাজ করতেন। তাঁর শিক্ষক মরহুম আয়াতুল্লাহ কাজি তাঁকে বলেছিলেন, ‘তোমার আত্মিক উন্নতি এই ধৈর্যের মধ্যেই নিহিত।’

একদিন অপমান ও কটূক্তির মাত্রা চরমে পৌঁছায়। এমনকি তাঁর মাকেও অপমান করা হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে তিনি ঘর থেকে বেরিয়ে যান।

সেই মুহূর্তে তিনি ধৈর্যের এক বিশেষ আধ্যাত্মিক বাস্তবতা উপলব্ধি করেন। বর্ণনা অনুযায়ী, তিনি নিজেকে যেন দুই ভাগে বিভক্ত অবস্থায় দেখতে পান। তাঁর একটি অংশ ছিল আলোকোজ্জ্বল। চারপাশে আলোর একটি বলয় তাঁকে ঘিরে রেখেছিল। সব গালিগালাজ ও অপমান তীরের মতো সেই আলোকবলয়ে আঘাত করে ফিরে যাচ্ছিল; তাঁর প্রকৃত সত্তাকে স্পর্শ করতে পারছিল না।

এই আধ্যাত্মিক উপলব্ধির পর তিনি ঘরে ফিরে ওই নারীর হাত চুম্বন করেন। কারণ, তিনি তাঁকে নিজের আত্মিক উন্নতির একটি উপলক্ষ হিসেবে দেখতে শুরু করেছিলেন। তাঁর এই বিনয়ী আচরণের ফলে শেষ পর্যন্ত ওই নারীর আচরণেও পরিবর্তন আসে।

পৃথিবী মানুষের জন্য একটি পরীক্ষাক্ষেত্র। জীবনের নানা দুঃখ-কষ্ট ও প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষের আত্মিক ও চারিত্রিক বিকাশ ঘটে। কখনো কখনো কঠিন পরিস্থিতিও আত্মিক উন্নতির উপলক্ষ হয়ে ওঠে। মনোবিজ্ঞানের বিভিন্ন কৌশল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে আহলে বাইতের (আ.) শিক্ষায় ধৈর্য মানুষের আত্মিক শক্তি ও মানসিক দৃঢ়তা বাড়ানোর একটি মাধ্যম। জীবনের প্রতিকূলতার মধ্যেও আল্লাহর স্মরণ ও ধর্মীয় শিক্ষার আলোয় অন্তরকে প্রশান্ত রাখার চেষ্টা করা উচিত।

শ্রোতার প্রশ্ন: ধৈর্য কি সবকিছু নীরবে সহ্য করার নাম?
আল্লাহ মানুষকে মর্যাদা ও সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। তিনি নিশ্চয়ই চান না, কেউ অন্যকে অপমান করুক কিংবা তার আত্মমর্যাদায় আঘাত হানুক। তাহলে সব সময় ধৈর্য ধারণ করা কি সঠিক? এ ধরনের ধৈর্য কি অপর পক্ষকে আরও বেপরোয়া করে তুলতে পারে না? এতে কি নিজের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা নেই? এমন পরিস্থিতিতে কি কোনো কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া উচিত নয়?

আরেক শ্রোতার প্রশ্ন ছিল, ‘কতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে? এতে কি নিজের মর্যাদা ক্ষুণ্ন হবে না? এমন ধৈর্য কি অপর পক্ষকে আরও বেপরোয়া করে তুলতে পারে না?’

বিশেষজ্ঞের জবাব: ধৈর্য মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ নয়
সম্ভবত আগের উত্তরে বিষয়টি যথেষ্ট স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়নি। সময়ের সীমাবদ্ধতার কারণে প্রথমে ধৈর্য ধারণে উৎসাহিত করার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছিলাম।

নিঃসন্দেহে যে ধৈর্য মানুষকে আত্মিক উন্নতির পথে এগিয়ে নেয় এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তার প্রতিদান রয়েছে। তবে ধৈর্যের অর্থ হাত গুটিয়ে বসে থাকা, নিষ্ক্রিয়তা, ভয় কিংবা সব সময় অন্যায়ের কাছে নতি স্বীকার করা নয়। মনোবিজ্ঞানের দৃষ্টিতেও কোনো সমস্যা এড়িয়ে চলা বা তা থেকে পালিয়ে থাকাকে ধৈর্য বলা যায় না।

আমরা যে ধৈর্যের কথা বলছি, তা হলো আত্মমর্যাদা বজায় রেখে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ নেওয়া। তাই ওই নারীকে আমার পরামর্শ হলো, তিনি যেন অসহায় অবস্থানে আটকে না থেকে সমস্যা সমাধানে উদ্যোগী হন। তবে সে উদ্যোগ হতে হবে সুচিন্তিত ও বাস্তবসম্মত। বিশেষ করে তাঁর স্বামীর আচরণ দীর্ঘ ৪৬ বছরেও পরিবর্তিত হয়নি। তাই স্বামী নিজে থেকেই একদিন পরিবর্তিত হবেন—এমন প্রত্যাশায় অনির্দিষ্টকাল অপেক্ষা করা উচিত নয়।

আমি তাঁকে একজন পরামর্শক বা বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পরামর্শ দেব। নিজের পারিবারিক পরিস্থিতি ও সমস্যাগুলো তাঁর কাছে বিস্তারিত তুলে ধরতে হবে। কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকলে এবং তা ব্যক্তির একার পক্ষে সমাধান করা সম্ভব না হলে বিশেষজ্ঞের সহায়তা নেওয়াই উত্তম।

এ ক্ষেত্রে হয়তো বোঝা যাবে, স্বামীর গালিগালাজ, অপমান ও দোষারোপ কেবল সাধারণ দাম্পত্য কলহের বিষয় নয়; বরং তা স্ত্রীর মানসিক স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব ফেলছে।

ধর্মীয় শিক্ষায় যে ধৈর্যের কথা বলা হয়েছে, তার অর্থ হলো—মানুষ যেন সংযত ও গঠনমূলক আচরণের মাধ্যমে সম্পর্কের উন্নতি এবং অপর পক্ষের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে। কখনো কখনো ভুল দৃষ্টিভঙ্গি থেকেই তিক্ত আচরণের জন্ম হয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তা ও গ্রহণযোগ্যতার অনুভূতি তৈরি করা অপর পক্ষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সহায়ক হতে পারে।

তবে এর অর্থ এই নয় যে, সব ধরনের ক্ষতিকর আচরণ নিঃশর্তভাবে মেনে নিতে হবে কিংবা সীমাহীন সময় ধরে তা সহ্য করতে হবে।

যদি কোনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, যেখানে অপর পক্ষের আচরণ ব্যক্তির ব্যক্তিত্ব, আত্মমর্যাদা ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে এবং সমস্যা সমাধানের স্বাভাবিক পথও বন্ধ হয়ে গেছে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের সঙ্গে ব্যক্তিগতভাবে পরামর্শ করা উচিত। প্রয়োজনীয় সহায়তা ছাড়া এ ধরনের পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে আরও গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে।

সবশেষে প্রশ্ন হলো, আমরা কি আত্মমর্যাদাপূর্ণ ধৈর্যের পথ বেছে নিয়ে বিচক্ষণতার সঙ্গে নিজের সম্মান রক্ষার উপায় খুঁজব, নাকি এমন তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ব, যা পরিস্থিতিকে আরও অপমানজনক ও ক্ষতিকর করে তুলতে পারে?

আল্লাহ যদি মানুষকে মর্যাদা দিয়ে থাকেন, তাহলে সেই মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদেরও রয়েছে। আর তা রক্ষা করতে হবে আবেগের বশবর্তী হয়ে নয়, বরং ধৈর্য, প্রজ্ঞা ও বিচক্ষণতার সঙ্গে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha