বৃহস্পতিবার ২৯ জানুয়ারী ২০২৬ - ১৬:৪২
আয়াতুল্লাহ খামেনেয়ীর বিরুদ্ধে শত্রুদের ন্যূনতম অপচেষ্টাও সহ্য করবে না বিশ্বজুড়ে তাঁর সমর্থকরা

ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (দামাত বারাকাতুহু)-এর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর প্রতি দৃঢ় ও সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছেন বাংলাদেশ উলামা সোসাইটির জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আমজাদ হোসেন।

হাওজা নিউজ এজেন্সি: এক বিবৃতিতে মাওলানা আমজাদ হোসেন বলেন, ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী মুসলিম বিশ্বের একজন প্রজ্ঞাবান আলেম, দূরদর্শী চিন্তাবিদ ও ন্যায়নিষ্ঠ নেতা। তাঁর বিরুদ্ধে অবমাননাকর ও অশালীন মন্তব্য কেবল ব্যক্তিগত অসম্মান নয়; বরং এটি মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতি, আন্তর্জাতিক শালীনতা ও কূটনৈতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বিশ্বে উত্তেজনা বাড়াচ্ছে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্বের কোটি কোটি মুসলমান ও ন্যায়প্রত্যাশী মানুষ আয়াতুল্লাহ খামেনেয়ীকে নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ও সাম্রাজ্যবাদবিরোধী প্রতিরোধের প্রতীক হিসেবে শ্রদ্ধা করে।

মাওলানা আমজাদ হোসেন আরও বলেন, বাংলাদেশ উলামা সোসাইটি স্পষ্টভাবে জানাতে চায়—আয়াতুল্লাহ খামেনেয়ীর বিরুদ্ধে শত্রুদের ন্যূনতম অপচেষ্টাও বিশ্বজুড়ে তাঁর সমর্থকরা সহ্য করবে না। ইতিহাস সাক্ষ্য দেয়, অবমাননা ও চাপ প্রয়োগ করে কোনো জাতির আদর্শিক নেতৃত্বকে দুর্বল করা যায় না; বরং এতে প্রতিরোধ ও ঐক্য আরও সুসংহত হয়।

বিবৃতিতে তিনি বিশ্ব সম্প্রদায়কে সংযম, পারস্পরিক সম্মান ও ন্যায়বিচারের নীতিতে অটল থাকার আহ্বান জানান এবং ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্য বন্ধে আন্তর্জাতিক মহলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।

বিবৃতির শেষাংশে তিনি পুনরায় দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, বাংলাদেশ উলামা সোসাইটি ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (দামাত বারাকাতুহু)-এর ন্যায্য, সাহসী ও নীতিনিষ্ঠ অবস্থানের প্রতি পূর্ণ ও সর্বাত্মক সমর্থন জানাচ্ছে এবং ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha