শুক্রবার ১৩ ফেব্রুয়ারী ২০২৬ - ১১:৫৭
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়, আন্তর্জাতিক অঙ্গনে অভিনন্দন বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফল অনুযায়ী, দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের শক্তিশালী ম্যান্ডেট পেয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে এই বিজয়কে বিএনপি নেতারা “নতুন বাংলাদেশ গঠনের গণরায়” হিসেবে অভিহিত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: সর্বশেষ প্রাপ্ত ২৮৮টি আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি জোট ২০৮টি আসনে জয় পেয়েছে। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পেয়েছে ৬৮টি আসন এবং ১২টি আসনে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি আসনগুলোতেও বিএনপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে রয়েছেন ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান এবং ঠাকুরগাঁও-১ আসনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চব্বিশের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে ১৮ মাস পর আয়োজিত এই নির্বাচনকে বিএনপি নেতারা “ব্যালট বিপ্লবের ঐতিহাসিক অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে অভিনন্দন বার্তা
বিএনপির বিজয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে অভিনন্দনের বার্তা। একাধিক প্রভাবশালী দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

ভারতের শুভেচ্ছা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিএনপির জয়কে “জনগণের আস্থার প্রতিফলন” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী।

পাকিস্তানের প্রতিক্রিয়া
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপির ‘অভূতপূর্ব জয়’-এর জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নিতে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

যুক্তরাষ্ট্রের বিবৃতি
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা এক বিবৃতিতে জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন হওয়া বাংলাদেশের জনগণের রাজনৈতিক সচেতনতার প্রতিফলন। যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও বাংলাদেশ সরকারের সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা ও নিরাপত্তা ইস্যুতে একযোগে কাজ করতে আগ্রহী বলে জানানো হয়।

চীনের শুভেচ্ছা
ঢাকাস্থ চীনা দূতাবাস ঢাকা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানায় এবং নতুন সরকারের সঙ্গে কাজ করে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় সূচনার আগ্রহ প্রকাশ করে।

কূটনৈতিক মহলে একাধিক প্রভাবশালী দেশের এই অভিনন্দন বার্তাকে নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি ও সহযোগিতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে বিশ্লেষকদের অভিমত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha