বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৬ - ১৪:২৫
ইরানে হামলা আগুন নিয়ে খেলা, আঞ্চলিক স্থিতিশীলতা চায় আরব বিশ্ব: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করে বলেছেন, ইরানের ওপর পুনরায় হামলা চালানো হলে তা “আগুন নিয়ে খেলার” শামিল হবে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তার মতে, এই অঞ্চলের কোনো দেশই ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা বৃদ্ধি দেখতে চায় না।

হাওজা নিউজ এজেন্সি: আল-আরাবিয়া টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, গত জুনে ইরানের ওপর চালানো হামলার গুরুতর নেতিবাচক পরিণতি হয়েছে বলে মস্কো মনে করে। বিশেষ করে পারমাণবিক স্থাপনায় হামলাকে তিনি অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে বলেন, এ ধরনের পদক্ষেপ তেহরানকে তাদের পারমাণবিক উপাদান সুরক্ষায় কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান সবসময় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর প্রতি নিজেদের অঙ্গীকারের কথা জানিয়েছে। তার অভিযোগ, তেল আবিব ও ওয়াশিংটন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

ল্যাভরভের ভাষায়, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তিনি বলেন, আরব দেশগুলোও নতুন করে উত্তেজনা বৃদ্ধি চায় না।

এছাড়া তিনি জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর পরিদর্শকদের কার্যক্রম পুনরায় শুরু হলে তেহরান তাদের সঙ্গে সহযোগিতা করবে বলে মস্কো আশা করছে। রাশিয়ার সঙ্গে ইরানের নেতৃত্বের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকারে ল্যাভরভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরানবিষয়ক অবস্থানের সমালোচনা করেন। তার দাবি, নেতানিয়াহু চরমপন্থী পদক্ষেপের পক্ষে সক্রিয়ভাবে সওয়াল করছেন এবং এনপিটি’র আওতায় ইরানের অধিকার খর্ব করার চেষ্টা করছেন।

মস্কোর অবস্থান স্পষ্ট করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া মনে করে এনপিটি’র কাঠামোর মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমাধান সম্ভব এবং তেহরান এ বিষয়ে আন্তরিক।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha