হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রতাপপুর দরবার শরীফ-সুফি সাধনা ও আধ্যাত্মিকতার এক ঐতিহাসিক কেন্দ্র-সেই বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে যখন ইরান থেকে আগত বিশিষ্ট অতিথিরা ভারতে পদার্পণ করবেন। এই আগমন আক্ষরিক অর্থেই দুটি প্রাচীন সভ্যতার মধ্যে গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, বরং সাহিত্য, শিল্প, স্থাপত্য ও সুফি পরম্পরায় ভাস্বর এই দুই দেশের বন্ধন বহু শতাব্দী প্রাচীন। সংস্কৃত ও আবেস্তা ভাষার মিল, সিন্ধু সভ্যতা থেকে পারস্য পর্যন্ত বিস্তৃত ঐতিহাসিক বাণিজ্য পথ, এবং মুঘল আমলে ফার্সি সংস্কৃতির প্রভাব-সব মিলিয়ে গড়ে উঠেছে এক অবিচ্ছেদ্য সম্পর্ক।
প্রতাপপুর দরবার শরীফের মতো একটি সুফি কেন্দ্রে এই আতিথেয়তা আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। ইতিহাস সাক্ষী, পনেরো শতক থেকে সুফি সন্ত শাহ নে'মাতুল্লাহ্ ভালির অনুসারীরা ইরান থেকে ভারতীয় উপমহাদেশে এসেছেন এবং এখানে তাঁরা দরবার স্থাপন করেছেন যা স্থানীয় মানুষ ও দূরবর্তী জিয়ারতকারীদের একত্রিত করেছে। এই দরবারগুলো কেবল উপাসনাস্থলই ছিল না, বরং মানুষ, বস্তু ও ধারণার মধ্যে এক অন্তরঙ্গ আন্তঃসম্পর্ক সৃষ্টি করেছিল।
বর্তমান বিশ্ব রাজনীতির জটিলতায় যখন অনেক সম্পর্ক চরমের মুখে, তখন প্রতাপপুর দরবার শরীফের এই উদ্যোগ দুই দেশের মানুষের হৃদয়ে সম্প্রীতির যে বাণী পৌঁছে দেবে, তা অনন্য হয়ে থাকবে। এটি কূটনীতির সীমাবদ্ধতাকে অতিক্রম করে সংস্কৃতি ও আধ্যাত্মিকতার পথে চলার এক অনবদ্য উদাহরণ।
আপনার কমেন্ট