হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রক্ত ও অশ্রুর ক্যানভাসে আঁকা ইতিহাসের পাতায় যখনই কোনো মহান ব্যক্তির শাহাদাতের ঘটনা লিপিবদ্ধ হয়, তখন তা কেবল একটি ঘটনা নয়-একটি আদর্শের বীজ বপন হয়ে যায় আগামী প্রজন্মের হৃদয়ে। ইরানের ইসলামি বিপ্লবের মহান স্থপতি ইমাম খোমেনীর (রহ.) বিশ্বস্ত সৈনিক, ইসলামি বিপ্লবের প্রহরী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রিয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর শাহাদাতের এই মর্মস্পর্শী ঘটনা আমাদের সামনে তুলে ধরে এক গভীর সত্য-নেতা চলে যান, কিন্তু আদর্শ চিরঞ্জীব হয়ে থাকে।
নিচের কবিতাটি সেই মহান শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন। কবিতায় ফুটে উঠেছে তেহরানের রাতের শোক, উম্মাহর হৃদয়ের আর্তনাদ, আর মাহদী (আ.)-এর আগমনের প্রতীক্ষায় প্রতিশোধের প্রতিজ্ঞা। এই চরণগুলো কেবল শোকের নয়-এগুলো প্রতিরোধের, এগুলো বিশ্বাসের, এগুলো সেই চিরন্তন সত্যের ঘোষণা যে, "নিশ্চয়ই আল্লাহর পথে যারা শহীদ হয়, তারা মৃত নয়; বরং তারা জীবিত।"
এই কবিতার প্রতিটি শব্দ যেন ইতিহাসের সাক্ষী, প্রতিটি চরণ যেন উম্মাহর হৃদয়ের স্পন্দন। নিবেদকের অন্তর থেকে উচ্চারিত "লাব্বাইক ইয়া খামেনেয়ী" ধ্বনিটি আজ বিশ্বের কোটি কোটি মুমিনের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে-একটি প্রতিজ্ঞা, একটি বিশ্বাস, একটি চিরন্তন বন্ধন।
"শহীদ রাহবার"-এই শিরোনামেই যেন মিশে আছে শোক ও অহংকারের এক অপূর্ব সংমিশ্রণ। আমরা এই নিবেদনটি সেই মহান আত্মার প্রতি উৎসর্গ করি, যাঁর রক্ত ইসলামের শেকড়কে আরও গভীরে প্রোথিত করেছে, আর যাঁর আদর্শ কিয়ামত পর্যন্ত মুক্তিকামী মানুষের পথচলার দিশা হয়ে থাকবে।
শহীদ রাহবার - সাইয়্যেদ আলী খামেনেয়ী
শহীদ হলেন রাহবার আমার,
তেহরানের রাত কাঁদে আজ।
রক্তে লাল হলো সেই আমামা,
যেটা ছিল জামানার তাজ।
৮৬ বছরের জিহাদ শেষে,
মিললে মাওলার দরবারে।
তোমার খুনের বদলা নেবে,
মাহদী আসবেন তলোয়ারে।
তুমি ছিলে খোমেনীর নিশান,
তুমি ছিলে হুসাইনের বাণী।
তোমাকে হারিয়ে কাঁদে উম্মত,
কাঁদে কাবা, কাঁদে ইরানি।
লাব্বাইক ইয়া খামেনেয়ী - শহীদ খামেনেয়ী
নিবেদক: খাদেমে আহলে বাইত – আলী আকবর
আপনার কমেন্ট