রবিবার ১১ অক্টোবর ২০২৬ - ১০:১২
ইয়েমেনে ১২ বছরের হত্যাযজ্ঞ ও অবরোধে নীরবতা, এখন রিয়াদ বিমানবন্দর নিয়ে উদ্বেগ কেন?

হাওজা নিউজ এজেন্সি— ইয়েমেনে ১২ বছর ধরে হামলা ও অবরোধের ঘটনায় নীরব থাকা কয়েকটি দেশের সমালোচনা করে দেশটির আনসারুল্লাহ আন্দোলনের সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, সানার লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত। এখনো নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ও চমকপ্রদ কৌশল যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়নি।

ইয়েমেনে হামলা ও অবরোধের বিষয়ে নীরব থেকে রিয়াদ বিমানবন্দরে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশকারীদের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আল-ফারাহ সৌদি আরবের পক্ষ নেওয়া ব্যক্তিদের ‘কুম্ভীরাশ্রু’ বিসর্জনের সমালোচনা করেন। তিনি বলেন, সৌদি আরব ১২ বছর ধরে ইয়েমেনে হামলা চালিয়ে দেশটির বিমানবন্দরগুলো ধ্বংস করেছে।

রিয়াদ বিমানবন্দরে বোমাবর্ষণের নিন্দা জানিয়ে সৌদি আরবের পক্ষ নেওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, “আমরা তাদের বলছি, নিন্দা, আহাজারি ও কুম্ভীরাশ্রু বিসর্জন দেওয়া থেকে বিরত থাকুন। ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত। আল্লাহর ইচ্ছায় নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম অস্ত্র ও চমকপ্রদ কৌশলও যুদ্ধের ময়দানে আসবে।”

তিনি আরও বলেন, “আমাদের জনগণ ১২ বছর ধরে হত্যাকাণ্ড ও অবরোধের শিকার হচ্ছে। অথচ আমাদের জনগণের ওপর যা ঘটছে, তা নিয়ে আপনাদের কাছ থেকে কোনো নিন্দা শুনিনি। আল্লাহর সাহায্যে আমাদের জনগণ তাদের ন্যায্য অধিকার আদায় করবে এবং নিঃসন্দেহে মুক্ত হবে।”

আল-ফারাহ বলেন, “আপনাদের চিৎকার ও আহাজারি আমাদের কাছে এ কথারই সাক্ষ্য দেয় যে, আমাদের শিশুদের হত্যা করা এবং দেশ ধ্বংস করা অপরাধী শত্রু আঘাত পেয়েছে, যন্ত্রণায় কাতর হয়েছে এবং অসহনীয় পরিস্থিতির মুখে পড়েছে। একই সঙ্গে এটি প্রমাণ করে, এ পর্যন্ত শত্রুর ওপর চালানো আঘাতগুলো ছিল বেদনাদায়ক।”

তিনি আরও বলেন, “এই শত্রুকে সেই একই পেয়ালা পান করতে হবে, যা সে আমাদের জনগণকে পান করিয়েছে।”

সূত্র: ২৬সেপ্টেম্বর ডট নেট (26sep.net)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha