হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা প্রাথমিক নির্বাচনী ফলাফলের কথা উল্লেখ করে পূর্বাভাস দিয়েছেন, নেতানিয়াহুর নেতৃত্বে একটি ঐক্য সরকার গঠিত না হওয়া পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তাঁকে সমর্থন দিয়ে যাবেন।
নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা আভিভ বুশিনস্কি বুধবার সকালে রেডিও এফএম ১০৩-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেন, ট্রাম্প সম্ভবত ঐক্য সরকার গঠনের মাধ্যমে নেতানিয়াহুকে পুনরায় প্রধানমন্ত্রী করার পথ সুগম করতে প্রচেষ্টা শুরু করেছেন।
বুশিনস্কির দাবি, নেতানিয়াহু সর্বাধিক আসন লাভ করবেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে নেতানিয়াহু ও অন্যান্য দলকে জোট গঠন করতে বাধ্য হতে হবে। কারণ, এর বিকল্প হবে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়া।
সাক্ষাৎকারের অন্য এক অংশে এই সাবেক গণমাধ্যম উপদেষ্টা দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চাপের মুখে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটই হতে পারেন নেতানিয়াহুর সঙ্গে যোগ দেওয়ার সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি।
তিনি বলেন: বেনেটের ক্ষেত্রে, আমার পক্ষে কল্পনা করা কঠিন যে তিনি এককভাবে নেতানিয়াহুর সঙ্গে যোগ দেবেন। কারণ, এর অর্থ হবে হারেদি (অতি-রক্ষণশীল ইহুদি) দলগুলোরও সরকারে অন্তর্ভুক্তি, যার মধ্যে ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ দলও রয়েছে।
এমনটা হলে বেনেটের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। এসব দলও সরকারে যোগ দেবে না। তাই শুরুতেই নেতানিয়াহুর সঙ্গে যোগ দেওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বেনেটকে বিবেচনা করা যায় না।
একইভাবে লিবারম্যানও নন, যাঁকে নেতানিয়াহু গতকাল বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর কাছে এসে বলবেন, আমি তোমাকে সাহায্য করেছি; এবার কাজে নেমে পড়ো এবং এই কাজটি সম্পন্ন করো। সে পরিস্থিতিতে গাদি আইজেনকটের নেতানিয়াহুর সঙ্গে যোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।
বুশিনস্কি আরও ব্যাখ্যা করেন, কীভাবে আইজেনকট নেতানিয়াহুর সঙ্গে যোগ দিতে পারেন।
তিনি বলেন: সম্ভবত নেতানিয়াহু ও আইজেনকট ট্রাম্পকে তাঁদের মধ্যে জোট গঠনে মধ্যস্থতা করার অনুরোধ জানাবেন। এমনও হতে পারে যে নেতানিয়াহু নিজেই এই উদ্যোগ নেবেন, কারণ এটি তাঁর স্বার্থের অনুকূলে।
আইজেনকটও একই পদক্ষেপ নিতে পারেন। কারণ, তাঁর উপদেষ্টারা তাঁকে বলবেন, শোনো, তুমি কি প্রধানমন্ত্রী হতে চাও? তাহলে এটাই একমাত্র পথ। নির্বাচনে গেলে তুমি সফল হবে না। আর কৃত্রিমভাবে সংখ্যালঘু সরকার গঠনের চেষ্টা করলেও সেই সরকার টিকবে না।
সবকিছুই একটি ঐক্য সরকার গঠনের দিকে ইঙ্গিত করছে। এর ফলে নেতানিয়াহু জোট গঠনের প্রচলিত সমীকরণ ভেঙে দিতে পারবেন।
আপনার কমেন্ট