হাওজা নিউজ এজেন্সি: সভায় স্থানীয় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের অনেক আলেম উপস্থিত ছিলেন। আয়োজকরা বলছেন, এ উপস্থিতি পারস্পরিক ঐক্য ও সংহতির বার্তা বহন করে। আলোচনা সভায় মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, মুসলিম বিশ্বের পারস্পরিক ঐক্য ও সংহতি, মানবিক বিপর্যয় মোকাবিলা এবং সংকট নিরসনে সচেতন ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইরানের তেহরান থেকে অনলাইনে উপস্থিত ছিলেন মাজমায়ে জাহানিয়ে তাকরিবে মাজাহিবে ইসলামের আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক উপ-প্রধান ডক্টর কোরবান আলী পরমারজান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা এখন অত্যন্ত প্রয়োজন। আমাদের সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে, গুজব ও বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হতে হবে।”
সভার অন্যান্য বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের সংকট শুধু একটি নির্দিষ্ট অঞ্চলের বিষয় নয়; এর প্রভাব আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার ও মুসলিম বিশ্বের সামগ্রিক পরিস্থিতির ওপরও পড়ছে। এ অবস্থায় শান্তি প্রতিষ্ঠা, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং পারস্পরিক বিভেদ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকটে মুসলিম উম্মাহকে ঐক্য ও সংহতির বন্ধনে আবদ্ধ হয়ে ন্যায়বিচার ও মানবিকতার পক্ষে অবস্থান নিতে হবে। তিনি গুজব ও বিভ্রান্তি পরিহার করে দায়িত্বশীল তথ্য প্রচার এবং নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আয়োজকরা জানান, এ ধরনের আলোচনা সভা মুসলিম বিশ্বের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শান্তি, সহযোগিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার কমেন্ট