মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ - ০৮:১৬
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) সদস্য দেশগুলোর প্রতি তার অঙ্গীকার ও দায়িত্ব এড়িয়ে যেতে পারে না

ইরানের মার্কাজি প্রদেশে নিযুক্ত দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ কুরবান আলী দোররি নাজাফাবাদি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) অবশ্যই নিজস্ব সংবিধি ও আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী সদস্য দেশগুলোর প্রতি দায়িত্ব পালন করতে হবে। বড় শক্তিগুলোর রাজনৈতিক চাপ ও একতরফা নীতির কারণে কোনো জাতির অধিকার যেন ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে হবে।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আরাক শহরে উচ্চতর ফিকহের পাঠদানকালে বক্তব্য দেন আয়াতুল্লাহ কুরবান আলী দোররি নাজাফাবাদি। এ সময় তিনি সৃষ্টিজগতে আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব ও অঙ্গীকার নিয়ে আলোচনা করেন।

আল্লাহর ক্ষমতা ও প্রজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, মানুষের সৃষ্টি এবং সমগ্র বিশ্বজগতের ব্যবস্থা মহান আল্লাহর জ্ঞান, ক্ষমতা, শৃঙ্খলা ও প্রজ্ঞাপূর্ণ পরিকল্পনার ভিত্তিতে প্রতিষ্ঠিত। মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহর ক্ষমতা অপ্রতিরোধ্য এবং তাঁর জ্ঞান অসীম।

এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতি ইরানের ইসলামি প্রজাতন্ত্রের দায়িত্ব ও অঙ্গীকারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সদস্য দেশগুলোর সঙ্গে এই সংস্থার সম্পর্ক পারস্পরিক এবং আন্তর্জাতিক অঙ্গীকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সংস্থার সংবিধি ও বিধিবিধান অনুযায়ী সদস্য দেশগুলোর যেমন কিছু দায়িত্ব রয়েছে, তেমনি আইএইএ-ও নিজস্ব অঙ্গীকার পূরণ এবং আইনগত দায়িত্ব ও সেবা যথাযথভাবে পালনে বাধ্য।

আয়াতুল্লাহ দোররি নাজাফাবাদি বলেন, বড় শক্তিগুলোর রাজনৈতিক চাপের কারণে আইএইএর দায়িত্ব ও অঙ্গীকার প্রভাবিত হওয়া উচিত নয়। সংস্থাটিকে নিজস্ব সংবিধি ও সুরক্ষা-সংক্রান্ত বিধিবিধান অনুযায়ী সদস্য দেশগুলোর আইনগত অধিকার রক্ষা করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনতা, ন্যায়বিচার ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

আন্তর্জাতিক পর্যায়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো জ্ঞান ও প্রযুক্তি হস্তান্তরের সুযোগ সৃষ্টি করা, যাতে সব জাতি বৈজ্ঞানিক অগ্রগতির সুফল ভোগ করতে পারে।

তিনি আরও বলেন, পারমাণবিক প্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা এবং অন্যান্য বৈজ্ঞানিক ক্ষেত্রে উন্নত সক্ষমতাসম্পন্ন দেশগুলোর উচিত অন্য দেশগুলোর বৈজ্ঞানিক অগ্রগতি ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করা।

আন্তর্জাতিক সংস্থাগুলোর ন্যায়সংগত ও বৈষম্যহীন ভূমিকার ওপর গুরুত্বারোপ করে আয়াতুল্লাহ দোররি নাজাফাবাদি পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তির (এনপিটি) বাইরে থাকা ইসরায়েলি সরকার ও কয়েকটি দেশের পারমাণবিক সক্ষমতার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক নজরদারি ও জবাবদিহি সব দেশের ক্ষেত্রেই নিশ্চিত করতে হবে। কোনো শক্তিই যেন নিজেদের পারমাণবিক সক্ষমতা ব্যবহার করে অন্য জাতিকে হুমকি, আগ্রাসন কিংবা তাদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে।

শেষে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সংস্থাকে অবশ্যই তাদের আইনগত দায়িত্ব ও আন্তর্জাতিক অঙ্গীকার পালন করতে হবে এবং জাতিগুলোর অধিকার ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষা করতে হবে। কারণ, আন্তর্জাতিক ব্যবস্থার গ্রহণযোগ্যতা নির্ভর করে আইনের ন্যায়সংগত প্রয়োগ, বৈষম্য পরিহার, একতরফা নীতির বিরোধিতা এবং বড় শক্তিগুলোর বাড়াবাড়ি ও আধিপত্যবাদী প্রবণতা প্রতিহত করার ওপর।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha