হাওজা নিউজ এজেন্সি: কোম প্রদেশের ওয়াকফ ও দাতব্যবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইস্কান্দারি (মঙ্গলবার (৩ আজার) ৪৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিযোগিতার তিলাওয়াত ও কুরআনবিষয়ক জ্ঞানভিত্তিক বিভাগ আয়োজনের জন্য প্রাদেশিক কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। স্থানীয় জনগণ, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও গবেষকেরা এ আয়োজনকে স্বাগত জানিয়েছেন।
কোমে কুরআনবিষয়ক প্রতিযোগিতার স্থায়ী সচিবালয়
ইস্কান্দারি জানান, আগে জাতীয় কুরআন প্রতিযোগিতার অংশ হিসেবেই কুরআনবিষয়ক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। তবে এ বিষয়ের গুরুত্ব বিবেচনায় ওয়াকফ সংস্থা প্রতিযোগিতাটি আলাদাভাবে আয়োজনের সিদ্ধান্ত নেয়। আলেম, মারজায়ে তাকলিদ, বিশিষ্ট মুফাসসির এবং গবেষণা ও তাফসিরবিষয়ক প্রতিষ্ঠানের উপস্থিতির কারণে এ বিভাগের আয়োজক হিসেবে কোমকে নির্বাচন করা হয়। এর আগের চারটি আসরও এ শহরে অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, কোমে প্রতিযোগিতা আয়োজনের ইতিবাচক প্রভাব বিবেচনায় কুরআনবিষয়ক কার্যক্রম কেন্দ্র ও ওয়াকফ সংস্থা সেখানে একটি স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। কুরআন, নাহজুল বালাগা ও সহিফায়ে সাজ্জাদিয়া বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবার কোমে এর পঞ্চম আসর বসছে।
প্রতিযোগিতা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কোমে ৪৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার তিলাওয়াত বিভাগ আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় কুরআন প্রতিযোগিতা বলেন, পবিত্র এই শহরে এমন একটি বিশেষ কুরআনভিত্তিক আয়োজন প্রদেশের জন্য গর্বের বিষয়।
তিনি জানান, প্রাদেশিক গভর্নরের নেতৃত্বে গঠিত কমিটি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ঘোষণা কিছুটা দেরিতে এলেও দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় কাজ শেষ করা হয়েছে। প্রথমে জাতীয় তিলাওয়াত প্রতিযোগিতা এবং এরপরই কুরআনবিষয়ক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ৯ থেকে ১০ দিন কোম শহরজুড়ে এ আয়োজন চলবে।
হুজ্জাতুল ইসলাম ইস্কান্দারি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে সমাজে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করার সুযোগ তৈরি হয়। আগের আসরগুলোতে চিকিৎসক ও মেকানিকসহ বিভিন্ন পেশার এমন ব্যক্তিদের প্রতিভা সামনে এসেছে, যাঁরা অল্প সময়ের বক্তব্যে ধর্মীয় বিষয়ে উপস্থিত আলেমদেরও মুগ্ধ করেছেন।
তিনি মনে করেন, কুরআন, ধর্মীয় শিক্ষা ও আহলে বাইতের আদর্শ প্রচারের দায়িত্ব শুধু আলেমদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ কাজে সম্পৃক্ত করতে হবে। তাঁদের অংশগ্রহণের মধ্য দিয়ে সাংস্কৃতিক ও ধর্মীয় ক্ষেত্রে বিদ্যমান দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব।
আয়োজকদের আশা, এবারের প্রতিযোগিতা কোমে বিশেষ গুরুত্বের সঙ্গে অনুষ্ঠিত হবে এবং দেশজুড়ে কুরআনচর্চা ও ধর্মীয় জ্ঞান বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার কমেন্ট