হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর ২০২৬) কোমের হাওজায়ে ইলমিয়ার ইসলামি প্রচার কার্যালয়ের সংস্কৃতি, প্রচার ও আধুনিক গণমাধ্যম বিভাগ আয়োজিত বাহরাইন ও কুয়েতের আলেমদের প্রতি সংহতি প্রকাশ বিষয়ক এক সম্মেলনে বক্তব্য দেন শেখ হুসাইন আবদুল্লাহ আল-মাতুক। এ সময় তিনি কুয়েতের ইতিহাসে শিয়া আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।
তিনি বলেন, উনিশ শতকের শেষভাগ থেকে বিশ শতকের শুরুর দিক পর্যন্ত শিয়া আলেম ও ধর্মীয় নেতারা কুয়েতের ভিত্তি সুদৃঢ় করা, সামাজিক কাঠামো গঠন এবং সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শেখ মুসা আল-মাজিদি, তাঁর ছেলে মুহাম্মদ আল-মাজিদি, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মদ মাহদি কাজভিনি এবং সাইয়্যেদ জাওয়াদ কাজভিনির মতো ব্যক্তিত্ব বিভিন্ন ঐতিহাসিক সময়ে কুয়েতের পাশে দাঁড়িয়েছেন এবং দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি আরও বলেন, শিয়া আলেমরা শাসকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজেদের ইলমি স্বাতন্ত্র্য ও মর্যাদা বজায় রেখেছেন। একই সঙ্গে সংস্কার ও উন্নয়নের বিষয়ে তাঁদের পরামর্শ দিয়েছেন। কুয়েতে শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আবদুল্লাহ দস্তগাইব, শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মদ রেজা সাঈদি, শহীদ মুর্তজা মোতাহারি, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি এবং আয়াতুল্লাহ আবুল কাসেম খাজআলির মতো ব্যক্তিত্বের জ্ঞানগত ও ধর্মীয় কর্মকাণ্ডও সমাজের ধর্মীয় শিক্ষা ও পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শেখ আল-মাতুক বলেন, দীর্ঘদিন ধরে কুয়েতে শিয়া ও সুন্নিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান ছিল। উভয় মাজহাবের অনুসারীরা পরস্পরের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বসবাস করতেন। তবে ইরান-ইরাক যুদ্ধের পর মতপার্থক্য ও উগ্রপন্থী প্রবণতা বৃদ্ধি পায়।
সাম্প্রতিক বিধিনিষেধের সমালোচনা করে তিনি বলেন, শিয়া মুসলমানদের শোকানুষ্ঠান, বিশেষ করে মহররমের প্রথম ১০ দিনের মজলিস আয়োজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। নারীদের ধর্মীয় মজলিসও এসব বিধিনিষেধের আওতায় পড়ছে। এ ছাড়া আলেম ও ধর্মীয় প্রতিনিধিদের শরয়ি অর্থ ও খুমস সংগ্রহের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, শিয়া আলেম ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর একটি অংশ বিচারিক ও আর্থিক চাপের মুখে রয়েছে। কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ছয় কোটি ডলার পর্যন্ত জরিমানা আরোপ করা হয়েছে।
কারাগারে বন্দি আলেমদের মনোবল ও অবিচলতার প্রশংসা করে কুয়েতের এই আলেম বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁরা নিয়মিত ইবাদত, রাতের নামাজ (তাহাজ্জুদ) এবং সম্মিলিত কোরআন তিলাওয়াত অব্যাহত রেখেছেন। বন্দিদের মধ্যে প্রায় ৮০ বছর বয়সী একজন প্রবীণ আলেমও রয়েছেন, যিনি কারাবন্দি অবস্থায়ও অসাধারণ ধৈর্য ও মনোবলের পরিচয় দিচ্ছেন।
সবশেষে তিনি জোর দিয়ে বলেন, বাহরাইন ও কুয়েতের আলেমদের প্রতি সংহতি প্রকাশ কোনো সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং এটি সমগ্র মুসলিম উম্মাহর স্থায়ী দায়িত্ব। এ দায়িত্ব গুরুত্ব ও ধারাবাহিকতার সঙ্গে পালন করা প্রয়োজন।
আপনার কমেন্ট