শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ - ০১:১৬
দেশের সমস্যা সমাধানে জাতীয় গণমাধ্যমের সক্ষমতা কাজে লাগানোর আহ্বান আয়াতুল্লাহ মাকারেম শিরাজির

তরুণদের বিয়ে ও কর্মসংস্থানে উৎসাহিত করা, সামাজিক গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনগণের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জীবনযাত্রার সংকট মোকাবিলায় জাতীয় গণমাধ্যমের সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল-উজমা নাসের মাকারেম শিরাজি।

হাওজা নিউজ এজেন্সি’র তথ্যানুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) প্রধান ড. জাবালির সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে জাতীয় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন জানিয়ে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, গণমাধ্যমের সক্ষমতা কাজে লাগিয়ে উৎসাহব্যঞ্জক প্রচারণা, সংস্কৃতিচর্চা ও মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে তরুণদের বিয়ে, কর্মসংস্থান এবং গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে হবে।

সাম্প্রতিক সময়ে জাতীয় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এসব কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থার প্রচেষ্টার প্রতিফলন। এ ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে জাতীয় গণমাধ্যমের সক্ষমতা কাজে লাগাতে হবে।

দেশের প্রধান সমস্যাগুলোর মধ্যে জনগণের অর্থনৈতিক ও জীবনযাত্রাসংক্রান্ত সংকটকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, মানুষ বর্তমানে গুরুতর অর্থনৈতিক সমস্যার মুখোমুখি। পণ্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর চাপ আরও বাড়ছে।

মূল্যবৃদ্ধি মোকাবিলায় দুটি মৌলিক বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজি। তিনি বলেন, প্রথমত, মূল্যবৃদ্ধির কারণগুলো চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, তা মোকাবিলায় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নির্ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, মূল্যবৃদ্ধির কারণগুলো মোটামুটি জানা থাকলেও এর কার্যকর সমাধান এখনো স্পষ্ট নয়। লাগামহীন মূল্যবৃদ্ধির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন।

দেশের সমস্যা সমাধানে জাতীয় গণমাধ্যমের সক্ষমতা কাজে লাগানোর আহ্বান আয়াতুল্লাহ মাকারেম শিরাজির

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha