হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ সাইয়্যেদ মুহাম্মাদ সাঈদি বাহরাইনের বিচার বিভাগ কর্তৃক দেশটির আলেমদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের নিন্দা জানিয়ে এই বিবৃতি প্রকাশ করেছেন।
বিবৃতির পূর্ণ বক্তব্য নিম্নরূপ:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহানবী হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন:
«مَنْ أَهَانَ لِی وَلِیّاً فَقَدْ أَرْصَدَ لِمُحَارَبَتِی»
‘যে ব্যক্তি আমার কোনো বন্ধুকে অপমান করল, সে প্রকৃতপক্ষে আমার সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিল।’
ধর্মীয় আলেমদের ওপর আল্লাহর দ্বীনি জ্ঞান ও শিক্ষার সংরক্ষণ, সমাজকে সঠিক পথের দিশা প্রদান এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত রয়েছে। তাই তাঁদের মর্যাদার ওপর আঘাত হানা এবং তাঁদের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম সীমিত করা কেবল ব্যক্তিবিশেষের বিরুদ্ধে পদক্ষেপ নয়; বরং এটি জ্ঞান, চিন্তাধারা ও ধর্মীয় স্বাধীনতার মর্যাদার ওপর সরাসরি আঘাত।
বাহরাইনের বিচার বিভাগের সাম্প্রতিক অন্যায় পদক্ষেপে বিপুলসংখ্যক আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও শিয়া নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। ন্যায়বিচারের মৌলিক শর্ত এবং নিজেদের ন্যায্য অধিকার রক্ষার জন্য আত্মপক্ষ সমর্থনের প্রাথমিক অধিকার-বিশেষত মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা-নিশ্চিত না করেই এসব রায় দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক পদক্ষেপ, যা শরিয়তের বিধান এবং দেশীয় ও আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী।
ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যে, ধর্মীয় আলেমরা সব সময় কঠিন পরিস্থিতিতেও সত্যের আলো ছড়ানো, সত্যের পক্ষে অবস্থান নেওয়া এবং সমাজের চিন্তাগত ও নৈতিক দিকনির্দেশনার দায়িত্ব পালন করেছেন। তাঁদের স্বাধীনতা থেকে বঞ্চিত করে, চাপ সৃষ্টি করে কিংবা ধর্মীয় কার্যক্রমে বাধা দিয়ে কোনো জাতির ধর্মীয় বিশ্বাস ও সামাজিক দাবিকে উপেক্ষা করা যায় না।
অভিজ্ঞতাও প্রমাণ করেছে, মানুষের ধর্মীয় বিশ্বাস ও পরিচয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ বিরোধ নিষ্পত্তির কোনো কার্যকর পথ নয়। বরং এ ধরনের পদক্ষেপ জনগণ ও শাসকগোষ্ঠীর মধ্যে অবিশ্বাস এবং দূরত্ব আরও বাড়িয়ে তোলে। তাই প্রত্যাশা করি, বাহরাইনের কর্মকর্তারা শাস্তিমূলক ও নিরাপত্তাকেন্দ্রিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ, আইনগত অধিকার নিশ্চিতকরণ এবং সমাজের ধর্মীয় ও বিশ্বাসগত বৈচিত্র্যের প্রতি সম্মান প্রদর্শনের পথ বেছে নেবেন।
ধর্মীয় আলেমদের মর্যাদা রক্ষা করা মানে জ্ঞান ও আল্লাহর দ্বীনি শিক্ষার মর্যাদা রক্ষা করা। ন্যায়বিচার এবং বৈধ স্বাধীনতার প্রতি সম্মান ছাড়া কোনো সমাজই স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জন করতে পারে না।
আমি এসব রায়ের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আন্তর্জাতিক ও মানবাধিকার সংস্থা, ধর্মীয় সংগঠন এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন বাহরাইনের জনগণের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে নীরব না থাকেন। অন্যায় রায় বাতিল, ধর্মীয় দমন-পীড়ন বন্ধ এবং বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সাইয়্যেদ মুহাম্মাদ সাঈদি
হজরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের তত্ত্বাবধায়ক ও কোমের জুমার নামাজের ইমাম।
আপনার কমেন্ট