হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, তারিখ: ১৮ জানুয়ারি, ২০২৬
স্থান: ধুনচী পূর্বপাড়া, ১নং ওয়ার্ড, রাজবাড়ী।
গত ১৭ জানুয়ারি, ২০২৬ ইং শনিবার, ২৭শে রজব, পবিত্র শবে মিরাজ ও নুবুয়্যাতের ঘোষণা উপলক্ষে রাজবাড়ীর ধুনচী পূর্বপাড়া আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ীতে মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।
মাহফিলের শুরুতে আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ীর পবিত্র কুরআন শিক্ষা ক্লাসের ছাত্র-ছাত্রীরা সম্মিলিতভাবে সুন্দর ও মধুর সুরে পবিত্র কুরআন তেলাওয়াত এবং নাতে রাসূল (সা.) পেশ করেন। তাদের কণ্ঠে আয়াত ও নাতের ধ্বনি মাহফিল প্রাঙ্গণকে পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশে রূপান্তরিত করে।
উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা রুকউদ্দিন কাদেরী। তিনি শবে মিরাজের শিক্ষা, মেরাজের মো‘জেযা, নবুয়্যাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে গভীর ও প্রাণবন্ত আলোচনা উপস্থাপন করেন। তাঁর বক্তব্যে দৈনন্দিন জীবনে রাসূল (সা.) এর শিক্ষা ও আদর্শ বাস্তবায়নের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলে মুহাম্মদ (সা.) ইমামবাড়ীর পরিচালক জনাব খোরশেদ আলম। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মাহফিলকে সফল করেন।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। অতঃপর সকল উপস্থিত অংশগ্রহণকারীর মাঝে পবিত্র তোবারক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এমন আধ্যাত্মিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাই তাদের মূল উদ্দেশ্য।
আপনার কমেন্ট