শুক্রবার ৫ জুন ২০২৬ - ২০:২৭
পরমাণু ইস্যুতে ইরান, চীন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের আইএইএ প্রধানের সঙ্গে যৌথ বৈঠক

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরসের আসন্ন সভার আগে ইরান, রাশিয়া ও চীনের স্থায়ী প্রতিনিধিরা সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে একটি যৌথ বৈঠক করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলোতে ইরানের স্থায়ী মিশনের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, চীন, ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা বোর্ড অব গভর্নরসের বৈঠকের এজেন্ডাভুক্ত ইস্যুগুলো নিয়ে গ্রোসির সাথে আলোচনা করেন।

আগামী সোমবার আইএইএ বোর্ড অব গভর্নরসের পরবর্তী সভা শুরু হওয়ার কথা রয়েছে। সংস্থার সচিবালয় জানিয়েছে, এ সভার এজেন্ডার মধ্যে রয়েছে পরমাণু অপ্রসারণ চুক্তির (এনপিটি) নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন এবং ইরান সংক্রান্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবনাগুলো।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বোর্ড অব গভর্নরসের কাছে দেওয়া নিজের সর্বশেষ প্রতিবেদনে ইরানের ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি চেয়েছেন আইএইএ মহাপরিচালক গ্রোসি। তবে তিনি ইরানের পরমাণু স্থাপনায় বেআইনি হামলার এখনো নিন্দা করেননি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha