সোমবার ৮ জুন ২০২৬ - ২০:১২
শিক্ষা ও দক্ষতা অর্জন: সমসাময়িক মুসলিম সমাজের সবচেয়ে বড় প্রয়োজন

পৃথিবীর অন্যান্য সমাজের মতো মুসলিম সমাজও আজ বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি। কিন্তু এসব সমস্যার মূল উৎস অনুসন্ধান করলে দেখা যায়—শিক্ষার অভাব, জ্ঞানচর্চার সংকীর্ণতা ও দক্ষতার অপ্রতুলতাই হচ্ছে সবচেয়ে বড় অন্তরায়। বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর প্রকৃত উন্নয়ন, আত্মনির্ভরতা ও বিশ্বময় সম্মান ফিরে পাওয়ার জন্য শিক্ষা, জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জন কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একান্ত জরুরি ও অপরিহার্য প্রয়োজন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বর্তমান সময়ে মুসলিম সমাজের সবচেয়ে বড় প্রয়োজন শিক্ষা, জ্ঞানচর্চা এবং দক্ষতা অর্জন। আবেগের চেয়ে প্রজ্ঞা, প্রতিক্রিয়ার চেয়ে প্রস্তুতি, আর ক্ষণিকের বিতর্কের চেয়ে দীর্ঘমেয়াদি উন্নয়নের পথ বেছে নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনর্থক তর্ক-বিতর্কে সময় নষ্ট না করে আমাদের উচিত শিক্ষায়, গবেষণায়, প্রযুক্তিতে, ব্যবসায় এবং নৈতিক চরিত্র গঠনে মনোনিবেশ করা। একটি শিক্ষিত প্রজন্মই সমাজের মর্যাদা বৃদ্ধি করতে পারে এবং ভবিষ্যৎ নেতৃত্বের শক্ত ভিত নির্মাণ করতে পারে।

ইতিহাস সাক্ষ্য দেয়—যে জাতি জ্ঞানকে ধারণ করে, সেই জাতিই সম্মান, মর্যাদা ও অগ্রগতির শিখরে আরোহণ করে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত বেশি পড়া, বেশি শেখা, বেশি দক্ষ হওয়া এবং সমাজের কল্যাণে ইতিবাচক অবদান রাখা।

প্রতিবাদ যদি করতেই হয়, তবে তা হোক নিজের অজ্ঞতা, দারিদ্র্য, পশ্চাৎপদতা ও কুসংস্কারের বিরুদ্ধে। কলম, জ্ঞান ও সৎকর্মই হোক আমাদের সবচেয়ে শক্তিশালী ভাষা এবং উন্নতির প্রধান হাতিয়ার।

ইনশাআল্লাহ, শিক্ষা, নৈতিকতা ও আত্মউন্নয়নের শক্তিতেই মুসলিম সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব।

— সেখ মঈনুল হক
             আইনজীবী
সভাপতি -
বেঙ্গল মাইনরিটি ফোরাম ।
9831246711

আপনার কমেন্ট

You are replying to: .
captcha