হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে জানা যায়, পবিত্র কোরআনের তাফসিরের এক মাহফিলে পবিত্র হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর মাজারে আজ বুধবার দুপুরে সূরা আলে ইমরানের ১২১ নম্বর আয়াত ও পরবর্তী আয়াতগুলোর তাফসির করতে গিয়ে হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ সাফি উহুদ যুদ্ধকে মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সূরা আলে ইমরানের প্রায় ৬০টি আয়াতে উহুদ যুদ্ধ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাবলি পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যেই এই যুদ্ধের গুরুত্ব এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মুসলমানদের জন্য এর শিক্ষণীয় দিকগুলো স্পষ্ট হয়ে ওঠে।
তিনি আরও বলেন, উহুদ যুদ্ধে মুসলমানরা প্রথমদিকে বিজয়ের অবস্থানে ছিলেন। কিন্তু রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশের প্রতি মুসলিম বাহিনীর একটি অংশের অবহেলা ও নির্দেশ অমান্যের কারণে যুদ্ধের পরিস্থিতি পাল্টে যায়। এর ফলে মুসলমানরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন। এ যুদ্ধে হযরত হামযা (রা.), যিনি ‘সাইয়্যিদুশ শুহাদা’ নামে পরিচিত, এবং রাসুলুল্লাহ (সা.)-এর বহু সাহাবি শাহাদাতবরণ করেন। এছাড়া বহু মুসলমান আহত হন।
হুজ্জাতুল ইসলাম সাফি বলেন, উহুদ যুদ্ধের পরিস্থিতি পরিবর্তনের অন্যতম প্রধান কারণ ছিল—মুসলমানদের একটি দল বিজয়ের লক্ষণ দেখতে পাওয়ার পর রাসুলুল্লাহ (সা.) তাঁদের জন্য যে নির্ধারিত অবস্থান ঠিক করে দিয়েছিলেন, তা ত্যাগ করে গনিমতের মাল সংগ্রহে মনোযোগ দেয়।
তিনি জাবালুর রুমাত (তীরন্দাজদের পাহাড়)-এ অবস্থানরত সাহাবিদের দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, রাসুলুল্লাহ (সা.) তাঁদের সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে, পরিস্থিতি যেমনই হোক না কেন, তাঁরা যেন নিজেদের অবস্থান ত্যাগ না করেন। কিন্তু তাঁদের একটি অংশ যুদ্ধ শেষ হয়ে গেছে এবং মুসলমানরা বিজয়ী হয়েছে—এমন ধারণা করে নিজেদের অবস্থান ছেড়ে চলে যায়। এর ফলে শত্রুরা পেছন দিক থেকে আক্রমণের সুযোগ পায় এবং যুদ্ধের পরিস্থিতি আমূল পরিবর্তিত হয়ে যায়।
দায়িত্ব পালনে অবহেলা পরাজয়ের কারণ
পবিত্র কোরআনের তাফসির-বিশেষজ্ঞ এই আলেম বলেন, উহুদ যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো—ইসলামী সমাজের প্রত্যেক ব্যক্তিকে তার ওপর অর্পিত দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে। দায়িত্ব বা কর্তব্য শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত অবস্থান ত্যাগ করা উচিত নয়। কারণ দায়িত্ব পালনে শৈথিল্য, অবহেলা ও অসতর্কতা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।
তিনি সূরা আলে ইমরানের আরও কিছু আয়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, উহুদ যুদ্ধের সময় যুদ্ধ শুরু হওয়ার আগেই মুসলিম বাহিনীর একটি অংশ পথ থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এমনকি একদল মুসলমান মাঝপথে দ্বিধাগ্রস্তও হয়ে পড়েছিল। কিন্তু আল্লাহ তাআলা তাদের সহায়তা করেছিলেন এবং এই ঘটনাও ইসলামী সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় পরিণত হয়েছিল।
কঠিন পরিস্থিতিতে অবিচল থাকার শিক্ষা
কঠিন পরিস্থিতিতে দৃঢ়তা ও অবিচল থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে হুজ্জাতুল ইসলাম সাফি বলেন, একজন মুমিনকে জীবনের উত্থান-পতন এবং নানা সংকটের সময় দুর্বলতা ও সংশয়ে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করতে হবে। সত্যের পথে তাকে নিজের দায়িত্ব ও কর্তব্য থেকে সরে যাওয়া চলবে না।
তিনি বলেন, উহুদ যুদ্ধের ঘটনাবলি আমাদের শেখায় যে, সাফল্য শুধু শক্তি বা প্রাথমিক বিজয়ের ওপর নির্ভর করে না; বরং আনুগত্য, শৃঙ্খলা, ধৈর্য, দায়িত্ববোধ এবং নেতৃত্বের নির্দেশ যথাযথভাবে পালন করাও সাফল্যের অপরিহার্য শর্ত।
উহুদ যুদ্ধের শিক্ষা আজও প্রাসঙ্গিক
হুজ্জাতুল ইসলাম সাফি তাঁর বক্তব্যের শেষাংশে বলেন, উহুদ যুদ্ধ-সংক্রান্ত কোরআনের আয়াতগুলো কেবল অতীতের একটি যুদ্ধের বিবরণ নয়। মুসলমানদের উচিত এসব আয়াত থেকে বিজয় ও পরাজয়ের কারণগুলো অনুধাবন করা এবং নিজেদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করা।
তিনি বলেন, দায়িত্বের প্রতি অবহেলা, শৈথিল্য ও অবাধ্যতা পরাজয়ের পথ তৈরি করতে পারে। বিপরীতে, দায়িত্বের প্রতি নিষ্ঠা, দৃঢ়তা, ধৈর্য এবং কর্তব্য যথাযথভাবে পালন ইসলামী সমাজের সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি।
সূত্র: হাওজা নিউজ
আপনার কমেন্ট