বুধবার ২৬ আগস্ট ২০২৬ - ১৪:২৭
প্রিয় নবীর (সা.) জন্মদিনে ঐক্যের বার্তা ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মহাসমারোহে মিছিল/ভিডিও

১২ রবিউল আউয়াল হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে বাংলাদেশে মহাসমারোহে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাতে রাসুল, কিরাত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে মুসল্লিরা অংশ নেন, যেখানে ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ ১২ রবিউল আউয়াল, বিশ্বমানবতার মুক্তির দূত হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মদিন উপলক্ষে বাংলাদেশ খুলনায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীজির আগমনী বার্ষিকীকে কেন্দ্র করে সকাল থেকে মসজিদ, মাদ্রাসা ও দরবারগুলোতে নাতে রাসুল, কিরাত, মুনাজাত এবং আলোচনা সভা চলছে। পরিবেশ জুড়ে রয়েছে আধ্যাত্মিক আবহ, আর ভক্তদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে রাসুলের প্রশংসায় গীত নাত।
এ উপলক্ষে আয়োজিত এক বিশাল মিছিলে অংশ নেন ধর্মীয় নেতা, আলেম-ওলামা ও হাজারো মুসল্লি। মিছিলটি খুলনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ময়দানে এসে সমাবেশে মিলিত হয়।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ইব্রাহিম খলিল রিজভী তাদের বক্তব্যে বলেন, আমরা আজ এখানে সমবেত হয়েছি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন এবং ইসলামী ঐক্য সপ্তাহকে সামনে রেখে। আমাদের লক্ষ্য-মুসলিম উম্মাহর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলা এবং নবীজির আদর্শে নিজেদের জীবনকে সাজানো।
তিনি আরও বলেন, রাসুল (সা.) তো রহমাতুল্লিল আলামিন-সমগ্র বিশ্বের জন্য রহমত। কিন্তু বেদনার বিষয়, আমরা তাঁর উম্মত হয়েও এমন জীবনযাপন করছি, যেন আমরা তাঁর অনুসারী নই। তাঁর উম্মত তো একে অপরের সহায়ক হবে, ঐক্যবদ্ধ থাকবে, আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে উজ্জ্বল হবে। অথচ আমরা দেখছি আমাদের মধ্যে বিভেদ, যার কারণে মুসলমানরা আজ ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, বিশ্বের নানা প্রান্তে অবিচারের শিকার হচ্ছে।
মাওলানা রিজভী তাঁর বক্তব্যে স্পষ্ট ঘোষণা দেন, এই মিছিলের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই-আসুন, একমাত্র পথ হলো আমাদের প্রিয় নবীর দিকে ফিরে যাওয়া। তাঁর জীবনকে নিজের জীবনে বাস্তবায়ন করাই হতে পারে আজকের একমাত্র সমাধান।
উল্লেখ্য, ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে আহলে সুন্নত ও শিয়া ভ্রাতৃত্বের মিলনমেলা হিসেবেও এই আয়োজনকে দেখা হচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন, নবীজির মহান আদর্শই পারে মুসলিম বিশ্বকে পুনরায় শক্তি, মর্যাদা ও সংহতির পথে ফিরিয়ে আনতে।
আয়োজকরা জানান, সারা দিন চলবে বিভিন্ন ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান। রাতে থাকবে বিশেষ মুনাজাত-যেখানে বিশ্বের সব মুসলিম, বিশেষ করে গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য শান্তি ও মুক্তি কামনা করা হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha