হাওজা নিউজ এজেন্সি: আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথে মানুষ অনেক সময় কঠিন ও জটিল আমলের সন্ধান করে। অথচ আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ানোর জন্য অত্যন্ত সহজ একটি আমলের কথা বলেছেন বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মুহাম্মদ তাকী বাহজাত।
তাঁর ‘বাহজাতুদ্দুয়া’ গ্রন্থে তিনি আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধির প্রসঙ্গে অধিক পরিমাণে দরুদ পাঠের গুরুত্ব তুলে ধরেছেন।
আয়াতুল্লাহ বাহজাত বলেন, ‘কেউ যদি তার ভালোবাসা আরও বাড়াতে চায়, তাহলে বিভিন্ন জিকির, আমল ও আচার-অনুষ্ঠানের মধ্যে অধিক পরিমাণে দরুদ পাঠের চেয়ে সহজ কিছু নেই।
ভালোবাসার সঙ্গে দরুদ পাঠ করলে সে বুঝতে পারবে, কীভাবে তার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। তবে শর্ত হলো—তার বিশ্বাস থাকতে হবে যে, এই দরুদ তাকে তার উপাস্য ও প্রিয়জনের দিকে নিয়ে যাচ্ছে।’
আয়াতুল্লাহ বাহজাতের বক্তব্যের মূল বিষয় হলো, দরুদ পাঠকে শুধু মুখের উচ্চারণ হিসেবে না দেখে ভালোবাসা ও বিশ্বাসের সঙ্গে পাঠ করা। এমনভাবে দরুদ পাঠ করতে হবে, যাতে পাঠকারী অন্তরে উপলব্ধি করেন যে, এই আমল তাকে আল্লাহর নৈকট্য ও ভালোবাসার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সূত্র: বাহজাতুদ্দুয়া, পৃষ্ঠা ৩৫৭।
আপনার কমেন্ট