হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আজ দুপুরের আগে পবিত্র হারাম-ই হজরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর ইমাম খোমেইনি (রহ.) প্রাঙ্গণে ফাতিমি শোকানুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ হোসেইন মুমিনি বলেন, হজরত ফাতিমা জাহরা (সা.আ.)-এর জীবন বেলায়াতের প্রতি আনুগত্য এবং আল্লাহর ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
তিনি বলেন, হজরত ফাতিমা (সা.আ.) প্রকৃত অর্থেই আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিলেন। মহান আল্লাহ তাঁকে যা আদেশ করেছেন, তিনি নিঃশর্তভাবে ও কোনো দ্বিধা ছাড়াই নিজের জীবনে তা বাস্তবায়ন করেছেন। মাত্র ১৮ বছরের সংক্ষিপ্ত জীবন সত্ত্বেও আল্লাহর ইবাদত ও আনুগত্যের ক্ষেত্রে তাঁর জীবন যেন অনন্তকালের সমতুল্য।
সন্তানদের বেলায়াতকেন্দ্রিক শিক্ষা দেওয়া হজরত ফাতিমা (সা.আ.)-এর আদর্শ
তিনি জোর দিয়ে বলেন, এই মহান নারী কেবল বেলায়াতের পথে নিজের জীবন উৎসর্গকারী ও শাহাদাতবরণকারীই ছিলেন না; বরং নিজের সন্তানদেরও বেলায়াতের অনুগত এবং আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসেবে গড়ে তুলেছিলেন। পবিত্র কুরআনে বর্ণিত ‘লুলু ও মারজান’ বা মুক্তা ও প্রবালের মর্মার্থ হলো হজরত ফাতিমা (সা.আ.)-এর এই শিক্ষাদানের আদর্শ।
পবিত্র হারাম-ই হজরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর ধর্মীয় জ্ঞানবিষয়ক বিশেষজ্ঞ মুমিনি বলেন, হজরত ফাতিমা (সা.আ.) তাঁর সন্তানদের আল্লাহর ইবাদত ও আনুগত্যের পথে গড়ে তুলেছিলেন। এর উদাহরণ হিসেবে তিনি বলেন, ছোটবেলায় ইমাম হাসান মুজতবা (আ.)-কে রাসুলুল্লাহ (সা.) ও আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.)-এর বক্তব্য শোনার জন্য মসজিদে পাঠানো, শবে কদরের ইবাদতের জন্য সন্তানদের ঘুম থেকে জাগিয়ে দেওয়া, সন্তানদের কাছে নবীদের জীবনী তুলে ধরা, অসহায় ও দরিদ্রদের সাহায্য করা, ইমাম হাসান ও ইমাম হোসাইন (আ.)-এর অসুস্থতা দূর হওয়ার জন্য মানত করা এবং অভাবগ্রস্তদের সহযোগিতা করা-এসবই তাঁর সেই আদর্শের সমাজে সুপরিচিত কিছু দৃষ্টান্ত।
হজরত ফাতিমা (সা.আ.)-এর মাজলুমিয়াত এবং উম্মাহর হেদায়াতের জন্য তাঁর দরদ
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুমিনি জোর দিয়ে বলেন, ইতিহাসে হজরত ফাতিমা (সা.আ.) অত্যন্ত মজলুম ছিলেন। রাসুলুল্লাহ (সা.)-এর উম্মাহর পক্ষ থেকে তাঁকে অত্যন্ত নির্মমভাবে নির্যাতন ও অবিচারের শিকার হতে হয়েছে। কিন্তু এসব অন্যায়-অবিচার তাঁকে উম্মাহর প্রতি বিদ্বেষ পোষণ করতে উদ্বুদ্ধ করেনি।
বরং তিনি সব সময় উম্মাহর হেদায়াতের জন্য ব্যাকুল ছিলেন। নিজের সময়ের মানুষদের অভিশাপ দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি কখনো উম্মাহর জন্য বদদোয়া করেননি। বরং তাদের হেদায়াতের ব্যাপারে সব সময় উদ্বিগ্ন ছিলেন।
তিনি আরও বলেন, হজরত ফাতিমা (সা.আ.) মসজিদে ভাষণ দেওয়ার মাধ্যমে শয়তানের শত্রুতা, মুনাফিকি ও হিংসার বিষয়ে মানুষকে সতর্ক করেছিলেন। তিনি তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, ইমামত এবং ইমাম হিসেবে আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.)-এর অনুসরণই হেদায়াত লাভ, পবিত্র জীবনপথে চলা এবং নবীজির আদর্শ থেকে বিচ্যুত না হওয়ার শর্ত।
শত্রুদের প্রতিও দরদ ও সহমর্মিতা
তিনি আরও বলেন, হজরত ফাতিমা (সা.আ.) ও আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) নিজেদের শত্রুদের প্রতিও সহমর্মিতা পোষণ করতেন।
যখন কিছু লোক হজরত ফাতিমা (সা.আ.)-এর ঘরের দরজায় আগুন ধরিয়ে দিয়েছিল এবং তাঁর পাঁজর ও মুখমণ্ডলে আঘাত করেছিল, তখন ওই দুই ব্যক্তির অনুরোধের পরিপ্রেক্ষিতে আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) তাঁদের অসুস্থ স্ত্রীকে দেখতে আসার অনুমতি চাইলে হজরত ফাতিমা (সা.আ.) চরম মাজলুম অবস্থার মধ্যেও বেলায়াতের প্রতি আনুগত্যের পরিচয় দিয়ে বলেছিলেন, যেহেতু এটি আলী (আ.)-এর ঘর, তাই তাঁরা যেন ভেতরে প্রবেশ করে তাঁকে দেখতে পারেন।
তবে তিনি কখনো তাঁদের ক্ষমা করেননি। বেলায়াতের পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে তাঁদের প্রতি তিনি অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন এবং পর্দার আড়াল থেকে তাঁদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
বর্তমান সময়ের নারীদের দায়িত্ব: বেলায়াতের অনুগত প্রজন্ম গড়ে তোলা
পবিত্র হারাম-ই হজরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর এই ধর্মীয় জ্ঞানবিষয়ক বিশেষজ্ঞ বলেন, হজরত ফাতিমা (সা.আ.) আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.)-এর অনুসরণ করেছেন কেবল স্বামী হিসেবে নয়, বরং ইমাম হিসেবে। তিনি তাঁর সময়ের ইমামের প্রতি পরিপূর্ণ বেলায়াত-আনুগত্যের পরিচয় দিয়েছেন।
তিনি স্মরণ করিয়ে দেন, বর্তমান সময়ের নারীদের দায়িত্ব কেবল আত্মত্যাগ ও বেলায়াতের প্রতি আনুগত্য প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং হজরত ফাতিমা (সা.আ.)-এর আদর্শ অনুসরণ করে বেলায়াতের অনুগত সন্তান গড়ে তোলা এবং শিয়া জনসংখ্যা বৃদ্ধি করার মাধ্যমেও তাঁরা নিজেদের সময়ের ইমামের প্রতি সর্বোচ্চ সহযোগিতা ও সমর্থন জানাতে পারেন।
তিনি আরও বলেন, ইরানি নারীরা বেলায়াতের প্রতিরক্ষার ময়দানে এবং ইসলামী বিপ্লবের সমর্থনে-যে বিপ্লব ইমাম মাহদির (আ.) আবির্ভাবের ক্ষেত্র প্রস্তুত করছে-সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁদের ব্যাপক উপস্থিতি শত্রুদের হতাশ করেছে এবং তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
আপনার কমেন্ট