রবিবার ১৫ নভেম্বর ২০২৬ - ১৪:১০
শয়তানের কুমন্ত্রণা মোকাবিলায় পবিত্র কুরআনের নির্দেশনা

পবিত্র হারাম-ই-হজরত মাসুমা (সা.আ.)-এর বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলীরেজা পানাহিয়ান বলেছেন, যে ব্যক্তি নিজেকে মহান আল্লাহর আশ্রয়ে সোপর্দ করে, তার বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র ও কৌশল দুর্বল হয়ে পড়ে। শয়তান মানুষকে পদস্খলন ও ভুলের মধ্যে ফেলার জন্য তার দুর্বলতাগুলোকে কাজে লাগায়। কখনো সামান্য চাপ ও কুমন্ত্রণা বাড়িয়ে মানুষকে তার সহনশীলতার সীমা অতিক্রম করিয়ে দেয়। এ কারণেই বিভিন্ন বর্ণনায় রাগ ও উদ্বেগের সময় মহান আল্লাহর আশ্রয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র ফাতিমা জাহরা (সা.আ.)-এর শাহাদাত দিবস উপলক্ষে পবিত্র হারাম-ই-হজরত মাসুমা (সা.আ.)-এর ইমাম খোমেনী (রহ.) প্রাঙ্গণে আয়োজিত শোকানুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আলীরেজা পানাহিয়ান ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সংঘাত সৃষ্টিতে শয়তানের কুমন্ত্রণার ভূমিকা তুলে ধরেন। তিনি শত্রুকে চেনা এবং মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করাকে এসব হুমকি মোকাবিলার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, যে ব্যক্তি নিজেকে মহান আল্লাহর আশ্রয়ে সোপর্দ করে, তার বিরুদ্ধে শয়তানের ষড়যন্ত্র ও কৌশল দুর্বল হয়ে পড়ে। শয়তান মানুষকে পদস্খলন ও ভুলের মধ্যে ফেলার জন্য তার দুর্বলতাগুলোকে কাজে লাগায়। কখনো সামান্য চাপ ও কুমন্ত্রণা বাড়িয়ে মানুষকে তার সহনশীলতার সীমা অতিক্রম করিয়ে দেয়। এ কারণেই বিভিন্ন বর্ণনায় রাগ ও উদ্বেগের সময় মহান আল্লাহর আশ্রয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন পানাহিয়ান যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ হিসেবে অভিহিত করার ক্ষেত্রে ইমাম খোমেনী (রহ.)-এর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, এই অভিব্যক্তি নিছক গালিগালাজ ছিল না; বরং এটি সত্যের বিরুদ্ধে বৃহৎ শত্রুতাপূর্ণ শক্তিগুলোর ভূমিকা সম্পর্কে কুরআনের একটি বাস্তবতার প্রতিফলন। পবিত্র কুরআনে এমন শয়তানদের কথা বলা হয়েছে, যারা তাদের অনুসারীদের মনে কুমন্ত্রণা সৃষ্টি করে, যাতে তারা মুমিনদের সঙ্গে বিতর্কে লিপ্ত হয় এবং সন্দেহ সৃষ্টি ও সত্যকে বিকৃত করার মাধ্যমে তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করে।

তিনি সিফফিনের যুদ্ধ এবং বাতিলপন্থীদের প্রচারণার কৌশল সম্পর্কে উল্লেখ করে বলেন, কখনো কখনো সত্য কথা ও পবিত্র কুরআনের আয়াতকেও বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির কাজে অপব্যবহার করা হয়। যেমন, হাকামিয়াতের ঘটনায় ‘إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ’ (বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই) আয়াতটি ভুলভাবে আমিরুল মুমিনিন হজরত আলী (আ.)-এর বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল।

সুতরাং, শুধু কোনো ধর্মীয় বক্তব্য কিংবা কুরআনের আয়াত শুনেই সত্য-মিথ্যা নির্ধারণ করা যথেষ্ট নয়; বরং এর জন্য মানুষের অন্তর্দৃষ্টি, সচেতনতা ও সঠিক উপলব্ধি থাকা প্রয়োজন।

হাওজার এই শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, দুনিয়ায় মানুষ বাতিলপন্থী শক্তিগুলোর বিরোধিতা ও বিতর্ক থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারে না। এমনকি আল্লাহর নবী-রাসুলরাও শত্রুতা ও সন্দেহ সৃষ্টির অপচেষ্টার মুখোমুখি হয়েছেন। এমন কোনো সত্য বক্তব্য নেই, যার বিরুদ্ধে বাতিলপন্থীরা কোনো অজুহাত কিংবা সন্দেহ উত্থাপন করতে পারে না।

অবশ্য এর অর্থ এই নয় যে, নিজেদের আচরণ সম্পর্কে সতর্কতা অবলম্বন করা থেকে বিরত থাকতে হবে। বরং এ বিষয়টি আরও বেশি সতর্ক থাকা এবং মহান আল্লাহর আশ্রয় গ্রহণের প্রয়োজনীয়তা বাড়িয়ে দেয়।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন পানাহিয়ান পবিত্র কুরআনের আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে সূরা জিন তিলাওয়াত এবং এর শিক্ষার প্রতি মনোযোগ দেওয়াকে অদৃশ্য জগৎ সম্পর্কে আরও ভালোভাবে জানার একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

এ প্রসঙ্গে তিনি সূরা জিনের আয়াত সম্পর্কে আল্লামা তাবাতাবায়ীর তাফসিরের উদ্ধৃতি দিয়ে বলেন, এই তাফসির অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর নবুয়তপ্রাপ্তির পর আসমানের সংবাদ চুরি করে শোনার ক্ষেত্রে শয়তানদের পথ সীমিত হয়ে যায়। সূরা জিনের আয়াতগুলোতে অদৃশ্য জগতের পরিবর্তন এবং আসমানের সংবাদ সংগ্রহে তাদের অক্ষমতার বিষয়টি তুলে ধরা হয়েছে।

তিনি আরও বলেন, অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস যেন মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি না করে কিংবা তাকে অলৌকিক বিদ্যার দাবিদার ও ঝাড়ফুঁককারীদের ফাঁদে ফেলে না দেয়। শয়তানের কুমন্ত্রণা সম্পর্কে জানার পাশাপাশি মহান আল্লাহর ফেরেশতাদের সাহায্যকারী ভূমিকার প্রতিও মনোযোগ দেওয়া প্রয়োজন। পবিত্র কুরআনে সত্যের পক্ষে সংগ্রামরত মুমিনদের প্রতি ফেরেশতাদের সাহায্যের কথা উল্লেখ করা হয়েছে। এসব অদৃশ্য সাহায্য আল্লাহর বান্দাদের সহযোগিতা করার ঐশী ব্যবস্থারই একটি অংশ।

পবিত্র হারামের এই বক্তা শেষ বক্তব্যে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা, শত্রুকে চেনা এবং অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আহলে বাইত (আ.)-এর অনুসরণ ও তাঁদের দৃঢ়ভাবে আঁকড়ে ধরা মহান আল্লাহর ওলিদের আশ্রয়ে থাকার এবং শয়তানের কুমন্ত্রণা ও ষড়যন্ত্রের অনিষ্ট থেকে সুরক্ষিত থাকার অন্যতম উপায়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha