রবিবার ১৫ নভেম্বর ২০২৬ - ০৯:৩৩
আহলে বাইতের (আ.) প্রতি ভালোবাসা, অনুরাগ ও বেলায়েত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা: কাজভিনের জুমার খতিব

ইসলাম ধর্ম হলো বিশ্বাস, নৈতিক শিক্ষা ও শরিয়তের বিধিবিধানের সমন্বিত একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। পবিত্র কুরআনের আয়াত ও আহলে বাইতের (আ.) বর্ণনা অনুযায়ী, তাঁদের প্রতি ভালোবাসা, অনুরাগ ও বেলায়েত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বলে মন্তব্য করেছেন ইরানের কাজভিন প্রদেশের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইন মোজাফফারি।

আহলে বাইতের (আ.) প্রতি ভালোবাসা, অনুরাগ ও বেলায়েত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা: কাজভিনের জুমার খতিব

হাওজা নিউজ এজেন্সি’র কাজভিন প্রতিনিধির বরাতে জানা যায়, আজ জিয়াউবাদ শহরের জনগণের এক সমাবেশে বক্তব্য দেন কাজভিন প্রদেশে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইন মোজাফফারি। এ সময় তিনি মহান ইমাম খোমেনি (রহ.), ইসলামী বিপ্লবের শহীদ নেতা, এ অঞ্চলের বিশিষ্ট আলেম এবং দ্বিতীয় ও তৃতীয় চাপিয়ে দেওয়া যুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি চিহ্নিত করতে হলে পবিত্র কুরআনের আয়াত ও আহলে বাইতের (আ.) বর্ণনা অনুযায়ী তাঁদের প্রতি ভালোবাসা, অনুরাগ ও বেলায়েতকেই সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে।

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য মোজাফফারি এ প্রসঙ্গে পবিত্র কুরআনের সূরা আশ-শুরার ২৩ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন,

 قُل لا أَسئَلُکُم عَلَیهِ أَجرًا إِلَّا المَوَدَّةَ فِی القُربَی.

অর্থ: ‘বলুন, আমি তোমাদের কাছে এর বিনিময়ে কোনো প্রতিদান চাই না, শুধু নিকটাত্মীয়দের প্রতি ভালোবাসা চাই।’

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতের কাছে কোনো প্রতিদান চাননি; শুধু আহলে বাইতের (আ.) প্রতি ভালোবাসা ও অনুরাগ প্রত্যাশা করেছেন। এ আয়াত প্রমাণ করে, দ্বীনদারির মূল ভিত্তিই হলো আহলে বাইতের প্রতি ভালোবাসা, অনুরাগ ও বেলায়েত।

কাজভিনের জুমার খতিব বলেন, ইমাম মুহাম্মদ বাকির (আ.) বলেছেন,

بُنِیَ اَلْإِسْلاَمُ عَلَی خَمْسٍ عَلَی اَلصَّلاَةِ وَ اَلزَّکَاةِ وَ اَلصَّوْمِ وَ اَلْحَجِّ وَ اَلْوَلاَیَةِ وَ لَمْ یُنَادَ بِشَیْءٍ کَمَا نُودِیَ بِالْوَلاَیَةِ.

অর্থ: ‘ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত—নামাজ, জাকাত, রোজা, হজ ও বেলায়েত। বেলায়েতের প্রতি যেভাবে গুরুত্ব দিয়ে আহ্বান জানানো হয়েছে, অন্য কোনো বিষয়ের প্রতি সেভাবে আহ্বান জানানো হয়নি।’

তিনি বলেন, ইমাম বাকির (আ.) এই বর্ণনার মাধ্যমে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে বেলায়েতের বিশেষ গুরুত্ব তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, একজন মুসলমানকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজের সম্পদের জাকাত আদায়ের প্রতিও মনোযোগী হতে হবে। কারণ, জাকাত মানুষের সম্পদ সংরক্ষণ, প্রবৃদ্ধি ও বরকতের কারণ। সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ পালন ফরজ; তাই তা বিলম্ব করা উচিত নয়। একইভাবে ইসলামের চতুর্থ স্তম্ভ রোজাও যথাযথভাবে পালন করতে হবে।

কাজভিন প্রদেশের হাওজা ইলমিয়া কাউন্সিলের প্রধান বলেন, মহান ইমাম খোমেনি (রহ.) বলেছেন, ‘ইসলামি ব্যবস্থা রক্ষা করা সর্বাধিক গুরুত্বপূর্ণ ফরজ দায়িত্বগুলোর একটি।’ এর গুরুত্বের কারণ হলো, ইসলামি ব্যবস্থা আহলে বাইতের (আ.) বেলায়েতেরই একটি প্রতিফলন। একইভাবে বেলায়েতে ফকিহ হলো রাসুলুল্লাহ (সা.)-এর বেলায়েতের প্রতিফলন। আর আমরা ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতাকে ইমাম মাহদির (আ.) প্রতিনিধি হিসেবে বিবেচনা করি।

কাজভিন প্রদেশে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আরও বলেন, বেলায়েতের অনুসারী ও বিপ্লবী জনগণ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকৃত অর্থেই ইতিহাস সৃষ্টিকারী ভূমিকা পালন করেন। তাঁরা ইসলামের পক্ষে এবং ঐশী মূল্যবোধের অনুকূলে ইতিহাসের গতিপথ পরিবর্তন করেন। পশ্চিমা বিশ্বের কয়েকজন বিশ্লেষক বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী ডেমোক্র্যাট বা রিপাবলিকান দল নয়; বরং ইসলামী প্রজাতন্ত্র ইরান।

তিনি বলেন, আহলে বাইতের (আ.) শাফায়াতের আশায় ফরজ দায়িত্ব পালন, শালীনতা ও হিজাব রক্ষা, পবিত্রতা বজায় রাখা এবং মানুষের অধিকার (হাক্কুন নাস) আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা উচিত নয়। আহলে বাইত (আ.) ছিলেন তাকওয়ার সর্বোচ্চ স্তরের অধিকারী। তাই তাঁদের অনুসারীদেরও আল্লাহর নির্ধারিত সীমারেখা মেনে চলার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে হযরত ফাতেমা যাহরার (সা. আ.) জীবনাদর্শ তুলে ধরে তিনি বলেন, পিতার প্রতি সম্মান প্রদর্শন, স্বামীর সেবা, সন্তানদের প্রতি স্নেহ-মমতা এবং প্রতিবেশীদের সঙ্গে উত্তম আচরণের ক্ষেত্রে তিনি ছিলেন পরিপূর্ণ আদর্শ। এ কারণেই তাঁর অন্যতম উপাধি ‘উম্মে আবিহা’, যার অর্থ ‘তাঁর পিতার মা’।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha