হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য মুহাম্মদ আল-বুখাইতি ইসলামের পবিত্র স্থানগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা চালানোর বিষয়ে সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
শুক্রবার আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-বুখাইতি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে-রিয়াদের এমন দাবি মিথ্যা।
তিনি বলেন, সানা ইসলামের পবিত্র স্থানগুলোর সুরক্ষার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সেগুলোকে লক্ষ্যবস্তু করার কোনো স্বার্থই ইয়েমেনের নেই।
ইয়েমেনবিষয়ক সাম্প্রতিক মধ্যস্থতা প্রচেষ্টা সম্পর্কে আল-বুখাইতি বলেন, ওমানের মধ্যস্থতা ছাড়া সাম্প্রতিক অন্যান্য মধ্যস্থতা উদ্যোগগুলো আন্তরিক নয়।
তিনি আরও বলেন, যুদ্ধ অব্যাহত রাখার ব্যাপারে সৌদি আরবের জোর দেওয়া গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে রিয়াদ ইয়েমেনিদের নিজেদের মধ্যে সংলাপের পথেও বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
ইসলামের পবিত্র স্থানগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার বিষয়ে সৌদি কর্মকর্তাদের এসব অভিযোগ এমন সময় সামনে এসেছে, যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে সানা ও রিয়াদের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় সৌদি আরব ইয়েমেনের বিভিন্ন প্রদেশ, যার মধ্যে সা‘দা, হাজ্জাহ, হুদায়দাহ ও তাইজ রয়েছে, সেসব এলাকায় ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে সানা সরকার এসব হামলার প্রতিক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে এবং সৌদি কর্মকর্তাদের বিরুদ্ধে ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছে।
এরই ধারাবাহিকতায় সানা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একটি বিবৃতি দিয়ে সৌদি বর্ণনাকে যাচাই-বাছাই ছাড়াই গ্রহণকারী দেশগুলোকে ‘বড় অপরাধ ও মহা অপবাদের’ অংশীদার হিসেবে অভিহিত করেছিল।
এদিকে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের চেয়ারম্যান মাহদি আল-মাশাতও সৌদি আরবের সাম্প্রতিক অভিযোগকে মিথ্যাচার হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি মদিনা মুনাওয়ারায় হামলার অভিযোগকে সৌদি শাসকগোষ্ঠীর দুরবস্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন।
আল-মাশাত বলেন, মদিনা মুনাওয়ারাকে লক্ষ্য করে হামলার দাবি একটি ‘মহা অপবাদ’ এবং সৌদি শাসকগোষ্ঠীর প্রচারযন্ত্রের তৈরি। তাঁর দাবি, যুদ্ধক্ষেত্রে অচলাবস্থার মুখে পড়ে সৌদি শাসকগোষ্ঠী নজিরবিহীন সংকট ও ব্যর্থতার মধ্যে রয়েছে এবং এ কারণেই এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
আপনার কমেন্ট