রবিবার ১৮ অক্টোবর ২০২৬ - ০১:২৩
হিজাবধারী নারীদের ওপর জুলুম বন্ধ করুন: আজারবাইজানের শাসকদের প্রতি আয়াতুল্লাহ শাব জিন্দাদার

আজারবাইজানের শাসকদের হিজাবধারী নারীদের ওপর বিদ্বেষ ও জুলুম বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুপ্রিম কাউন্সিলের সচিব আয়াতুল্লাহ শাব জিন্দাদার। তিনি আশা প্রকাশ করেন, দেশটির শাসকরা সচেতন হবেন এবং হিজাবধারী নারীদের প্রতি নিপীড়নমূলক আচরণ থেকে বিরত থাকবেন।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে পবিত্র কোম শহরের মসজিদে আজমে ফিকহের উচ্চতর পাঠদানের শুরুতে আজারবাইজান সরকারের হিজাববিষয়ক পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান। দেশটিতে স্কুলে হিজাবধারী ছাত্রীদের নিষিদ্ধ করা এবং নারীদের হিজাব খুলে ফেলার পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, কিছু মুসলিম দেশ কাফের ও ইসলামবিরোধীদের অনুসরণ করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদেরও হিজাব পরতে বাধা দিচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।

আয়াতুল্লাহ শাব জিন্দাদার বলেন, পবিত্র কোরআনে হিজাবের বিধান উল্লেখ থাকা সত্ত্বেও কীভাবে ঐশী বিধান লঙ্ঘন করা হচ্ছে, তা সত্যিই বেদনাদায়ক। যারা মহান আল্লাহর আনুগত্য করতে চায়, তাদেরই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, অভিজ্ঞতা থেকে দেখা গেছে, হিজাববিহীনতা ও সমাজে নগ্নতার বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মকে নষ্ট করে এবং নৈতিক অধঃপতন ঘটায়। এটি উন্নতি ও অগ্রগতির পথেও বাধা সৃষ্টি করে।

ইরানের উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সুপ্রিম কাউন্সিলের সচিব বলেন, যেসব দেশ এসব বিষয়ে গুরুত্ব দেয়নি, তারা এখন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সূরা ত্বহার ১২৪ নম্বর আয়াত উদ্ধৃত করেন: “আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে সংকুচিত।”

পরিশেষে তিনি আবারও আশা প্রকাশ করেন, আজারবাইজানের শাসকরা সচেতন হবেন এবং দেশটির হিজাবধারী নারীদের ওপর চালানো চরম জুলুম বন্ধ করবেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha