হাওজা নিউজ এজেন্সি: আধ্যাত্মিক উপলব্ধি ও অলৌকিক ঘটনা নিজে থেকেই ধর্মীয় বিশ্বাস ও আচরণের যথার্থতা প্রমাণ করে না। আধ্যাত্মিক সাধকদের মতে, কোনো উপলব্ধি যদি আল্লাহ তাআলাই সবকিছুর মূল উৎস—এই বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক হয়, তবে তা আত্মিক বিভ্রান্তির ফল হতে পারে।
মরহুম আয়াতুল্লাহুল উজমা সাইয়্যেদ জামালুদ্দিন গুলপায়গানি (রহ.) তাঁর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন:
“আধ্যাত্মিক সাধনার এক পর্যায়ে আমি এক অদ্ভুত অবস্থার সম্মুখীন হই। তখন আমার মনে হচ্ছিল, আমি যেন সমগ্র সৃষ্টিজগতের মধ্যে জ্ঞান, ক্ষমতা, রিজিক ও জীবন দান করছি। মনে হচ্ছিল, প্রতিটি সৃষ্টিই আমার কাছ থেকে সাহায্য লাভ করছে এবং আমিই সব সম্ভাব্য সত্তার মধ্যে অস্তিত্বের অনুগ্রহ বিতরণ করছি।
“একদিকে আমার মধ্যে এমন অনুভূতি বিরাজ করছিল, অন্যদিকে আমি জ্ঞানগতভাবে বুঝতে পারছিলাম যে, এই অবস্থা সঠিক নয়। কারণ, মহান আল্লাহই সব কল্যাণের উৎস এবং সমগ্র সৃষ্টিজগতের প্রতি রহমত ও অস্তিত্বের অনুগ্রহ দানকারী।
“এই অবস্থা কয়েক দিন ও রাত ধরে চলতে থাকে। আমি বারবার হজরত আমিরুল মুমিনিন আলী (আ.)-এর পবিত্র মাজারে উপস্থিত হয়ে অন্তরে এ অবস্থা থেকে মুক্তির প্রার্থনা করি। কিন্তু কোনো ফল পাইনি। অবশেষে সিদ্ধান্ত নিই, কাজমাইনে গিয়ে ইমাম মূসা ইবনে জাফর (আ.)-এর ওসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করব, যেন তিনি আমাকে এই সংকট থেকে মুক্তি দেন।
“আবহাওয়া ছিল অত্যন্ত ঠান্ডা। আমি নাজাফ থেকে কাজমাইনের উদ্দেশে রওনা হই, যাতে ইমাম মূসা ইবনে জাফর (আ.)-এর পবিত্র মাজারে উপস্থিত হতে পারি। সেখানে পৌঁছে সরাসরি তাঁর পবিত্র মাজারে প্রবেশ করি। ঠান্ডার কারণে মাজারের সামনে থেকে কার্পেট সরিয়ে রাখা হয়েছিল। আমি মাজারের জালির সামনে মার্বেল পাথরের ওপর মাথা রাখি এবং এত বেশি কাঁদি যে, আমার চোখের পানি গড়িয়ে পাথরের ওপর প্রবাহিত হতে থাকে।
“আমি তখনো মাথা ওঠাইনি, এমন সময় ইমাম (আ.)-এর শাফাআতে আমার অবস্থার পরিবর্তন ঘটে। আমি উপলব্ধি করি, আমি আসলে কে এবং আমার প্রকৃত অবস্থান কী! আমি তো কিছুই নই; নিজের সামান্যতম ক্ষমতাও আমার নেই। এসবই একমাত্র আল্লাহর। তিনিই নিরঙ্কুশভাবে অনুগ্রহ দানকারী; তিনিই চিরঞ্জীব ও জীবনদাতা, তিনিই সর্বজ্ঞ ও জ্ঞানদাতা, তিনিই সর্বশক্তিমান ও শক্তিদাতা এবং তিনিই রিজিকদাতা ও জীবিকা প্রদানকারী।
“এরপর আমি উঠে দাঁড়াই, জিয়ারত ও নামাজ আদায় করি এবং নাজাফে ফিরে যাই।”
সূত্র: মা‘আদশেনাসি, নবম খণ্ড, পৃষ্ঠা ১১৯।
আপনার কমেন্ট