রবিবার ১৫ নভেম্বর ২০২৬ - ১৩:৩০
শহীদ ইমাম: তালাবার সর্বদা বইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা উচিত

গ্রন্থপাঠের সংস্কৃতি সমাজে ছড়িয়ে দিতে হবে; শিশু-কিশোর ও তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং তাদের ভালো বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। সমাজের চিন্তাগত চাহিদা ও শূন্যতা উপলব্ধি করে বই রচনা, অনুবাদ ও প্রকাশের উদ্যোগ নিতে হবে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বই রচনা, তরুণদের প্রয়োজনীয় গ্রন্থ অনুবাদ, পাঠতালিকা প্রণয়ন, ভালো বইয়ের পরিচিতি তুলে ধরা এবং সাংস্কৃতিক প্রকাশনাগুলো পাঠকদের কাছে পৌঁছে দেওয়া-এসব বিষয় গ্রন্থপাঠের সংস্কৃতি প্রচার ও সমাজে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি ইরানের শহীদ বিপ্লবী নেতার বক্তব্যে বারবার গুরুত্ব পেয়েছে।

আজ গ্রন্থ ও পাঠাভ্যাস দিবস এবং গ্রন্থাগারিক দিবস উপলক্ষে এ বিষয়ে ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর কয়েকটি বক্তব্য সম্মানিত পাঠকদের সামনে তুলে ধরা হলো।

শিক্ষার্থীদের মধ্যে গ্রন্থপাঠের সংস্কৃতি প্রসারে পাঠপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা

শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের মধ্যে বই পড়া এবং গ্রন্থপাঠ আন্দোলনের বিষয়টি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় ছড়িয়ে পড়েনি। অথচ তোমাদের (শিক্ষার্থীদের) পড়াশোনা করা প্রয়োজন, জ্ঞান অর্জন করা প্রয়োজন। তোমাদের মধ্যে গ্রন্থপাঠের আন্দোলন গড়ে তুলতে হবে। বাস্তবেই বই পড়তে হবে, অধ্যয়ন করতে হবে।

আমি অবশ্য শহীদ মোতাহহারির বই সম্পর্কে বারবার কথা বলেছি। তবে আমি শুধু তাঁর বই পড়ার কথা বলতে চাই না। বরং তোমরা নিজেরা, তোমাদের চিন্তাশীল সংগঠনগুলো এবং অভিজ্ঞ ও প্রবীণ সদস্যরা বসে বিভিন্ন স্থান ও শ্রেণির মানুষের জন্য পাঠতালিকা এবং অধ্যয়ন পরিকল্পনা তৈরি করবে, সেগুলো সাজাবে ও নির্ধারণ করবে। এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

তারিখ: ১ জুন ২০১৯

তরুণ প্রজন্মের কাছে বিপ্লবের ইতিহাস ও বিপ্লবী পরিচয় পৌঁছে দিতে পাঠক তৈরি করার প্রয়োজনীয়তা

তোমরা চেষ্টা করো, তোমাদের প্রকাশনা ও অন্যান্য সৃজনশীল কাজের ফলাফল মানুষের চিন্তা ও মননে পৌঁছে দিতে। অর্থাৎ, শুধু বই প্রকাশ করতে পেরেছি-এতেই যেন আমরা সন্তুষ্ট না থাকি।

নিঃসন্দেহে বই প্রকাশ করা গুরুত্বপূর্ণ। একইভাবে চলচ্চিত্র নির্মাণ ও শিল্প-সাংস্কৃতিক কাজও গুরুত্বপূর্ণ। কিন্তু এর পাশাপাশি পাঠক খুঁজে বের করা, বরং এক অর্থে নতুন পাঠক তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের চেষ্টা করতে হবে, যেন বই পাঠকদের চিন্তা ও মননে পৌঁছাতে পারে।

আজ আমাদের তরুণদের চিন্তার খোরাক প্রয়োজন। বর্তমান প্রজন্মের অনেক তরুণ, এমনকি সক্রিয় ও ভালো তরুণদের অনেকেই ইসলামী বিপ্লব প্রত্যক্ষ করেনি, ইমাম খোমেনীকে দেখেনি, যুদ্ধের সময়কাল দেখেনি এবং ওই সময়ের বিভিন্ন ঘটনা সম্পর্কেও অবগত নয়।

তরুণরা যেন নিজেদের ইতিহাস, অতীত এবং প্রকৃতপক্ষে নিজেদের বিপ্লবী পরিচয় সম্পর্কে জানতে পারে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কাজ যথাসম্ভব সম্পন্ন করার চেষ্টা করতে হবে।

অবশ্য এ জন্য যথেষ্ট পরিশ্রম প্রয়োজন। এটি কোনো সহজ কাজ নয়। বই লেখার চেয়েও কঠিন হলো বইকে পাঠকের চোখ ও চিন্তার জগতে পৌঁছে দেওয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর জন্য বিশেষ দক্ষতা, মনোযোগ এবং সূক্ষ্ম কৌশল প্রয়োজন, যাতে এসব বিষয় তরুণদের চিন্তা ও মননে যথাযথভাবে স্থান করে নিতে পারে।

তারিখ: ৬ ডিসেম্বর ২০১৬

সাধারণ মানুষের মধ্যে বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং জুমার নামাজের স্থানকে ভালো বই পরিচিতির কেন্দ্রে পরিণত করা

জীবনযাপন পদ্ধতি, জীবনধারার ভালো অভ্যাস ও রীতিনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বই পড়া।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের জনগণ ও তরুণদের বই পড়তে উৎসাহিত করতে হবে। বই পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভালো বইয়ের পরিচিতিও তুলে ধরতে হবে।

এমনকি আমার ধারণা-অবশ্য এ বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের বিভিন্ন দিক পর্যালোচনা করা উচিত-জুমার নামাজের স্থানগুলোকে ভালো বই, নতুন প্রকাশিত বই এবং উপযোগী বই প্রদর্শনের কেন্দ্রে পরিণত করা যেতে পারে। যাতে মানুষ সেখানে এসে বইগুলো দেখতে পারে এবং চাইলে সেখান থেকে অথবা অন্য কোনো স্থান থেকে সংগ্রহ করতে পারে।

আমাদের জনগণকে বই পড়তে উদ্বুদ্ধ করতে হবে এবং মেধাবীদের বই রচনায় উৎসাহিত করতে হবে। এসব উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।

তারিখ: ৪ জানুয়ারি ২০১৬

বিশ্বে প্রকাশিত নতুন বই সম্পর্কে খোঁজখবর রাখা এবং বই অনুবাদ ও রচনায় সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিকল্পিত বিনিয়োগ

সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত ব্যাপক ও গুরুতর। আমাদের অন্যতম একটি কাজ হলো বই রচনা ও অনুবাদ করা।

তোমরা বিশ্বের প্রকাশনাজগতে খোঁজ নাও-কোন কোন বই প্রকাশিত হচ্ছে, যেগুলো সম্পর্কে জানা একজন ইরানি তরুণের জন্য প্রয়োজনীয়। সেসব বই অনুবাদ করো। অনুবাদের জন্য অর্থ বরাদ্দ করো এবং অনুবাদক নিয়োগ দাও।

অন্যরাও এ কাজ করছে। আমি নিজেও বইয়ের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এবং প্রচুর বই পড়ি। প্রকাশনাবাজার ও নতুন বইয়ের খবরাখবরও রাখি। সেখানে দেখা যায়, বিনিয়োগকারীরা কোনো নির্দিষ্ট বই অনুবাদের জন্য অনুবাদককে বিপুল অর্থ প্রদান করছেন।

আমি একবার তাঁদের একজনকে জিজ্ঞাসা করেছিলাম, অনুবাদক কি আপনাদের কাছে আসেন, নাকি আপনারা অনুবাদকের কাছে যান? তিনি বললেন, না, আমরাই অনুবাদকের কাছে যাই। অর্থাৎ, তাঁরা নিজেরাই অনুবাদক খুঁজে বের করেন, যাতে বইটি অনুবাদ করা যায়।

তোমাদেরও এ কাজ করতে হবে। বই অনুবাদ করতে হবে এবং নতুন বই রচনা করতে হবে।

তারিখ: ১০ ডিসেম্বর ২০১৩

শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ভালো বই পড়ার অভ্যাস গড়ে তোলা

আমাদের সমাজে বইয়ের প্রতি একধরনের উদাসীনতা রয়েছে। কখনো কখনো টেলিভিশনে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, আপনারা দিনে কত ঘণ্টা পড়াশোনা করেন অথবা বই পড়ার জন্য কতটা সময় ব্যয় করেন? কেউ বলেন পাঁচ মিনিট, আবার কেউ বলেন আধা ঘণ্টা! বিষয়টি শুনে মানুষ অবাক হয়।

আমাদের তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিশুদেরও ছোটবেলা থেকে বই পড়তে অভ্যস্ত করে তুলতে হবে। কারণ, এই অভ্যাস জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সঙ্গে থাকবে।

আমার বয়সের মানুষের ক্ষেত্রে বই পড়ার প্রভাব, স্বাভাবিকভাবেই, তরুণদের তুলনায় অনেক কম। যদিও আমি এখনো নানা ব্যস্ততার মধ্যেও তরুণদের চেয়ে বেশি বই পড়ি। কিন্তু তরুণ বয়সে বই পড়ার যে প্রভাব তৈরি হয়, তা অনেক বেশি স্থায়ী হয়।

মানুষের জীবনে ছোটবেলায় বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞানই সাধারণত দীর্ঘদিন থেকে যায়।

তাই তোমাদের সন্তান ও তরুণরা যত বেশি সম্ভব বই পড়বে। বিভিন্ন বিষয়ে, বিভিন্ন শাখায় এবং নানা ধরনের জ্ঞান অর্জন করবে।

অবশ্য বইয়ের জগতে অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় ঘাঁটাঘাঁটি করা থেকেও বিরত থাকতে হবে। তবে সেটি পরবর্তী বিষয়। প্রথম ও প্রধান বিষয় হলো, তাদের বই পড়তে শেখানো এবং বইয়ের কাছে যেতে অভ্যস্ত করে তোলা।

অবশ্য দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে সতর্ক থাকতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নজর রাখতে হবে, যাতে শিশু-কিশোর ও তরুণদের ভালো বইয়ের দিকে পরিচালিত করা যায় এবং খারাপ বই পড়ে তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট না হয়।

তারিখ: ১১ অক্টোবর ২০১২

বই পড়ার অলসতা দূর করে শৈশব থেকেই পাঠাভ্যাস গড়ে তোলা

বইয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। প্রকৃতপক্ষে বইয়ের গুরুত্ব প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো বই পড়ার প্রতি গুরুত্ব দেওয়া।

সমাজে বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। সাক্ষরতা অর্জনের প্রকৃত সুফলও এখানেই নিহিত। বিভিন্ন দেশে নিরক্ষরতা দূর করার জন্য যে আন্দোলন ও প্রচেষ্টা চালানো হয়, তার উদ্দেশ্য হলো মানুষ যেন অন্যদের চিন্তা, রুচি ও মেধার ফসল থেকে উপকৃত হতে পারে। আর বই পড়া ছাড়া তা সম্ভব নয়।

আমার মতে, সবচেয়ে খারাপ ও ক্ষতিকর অলসতাগুলোর একটি হলো বই পড়ার ক্ষেত্রে অলসতা। মানুষ যত বেশি এই অলসতাকে প্রশ্রয় দেবে, তা ততই বাড়তে থাকবে।

সমাজে বই পড়ার সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। এ দায়িত্ব সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ওপর বর্তায়।

প্রাথমিক বিদ্যালয় থেকেই এমন কর্মসূচি গ্রহণ করতে হবে, যাতে শিশুরা একেবারে ছোটবেলা থেকে বই পড়তে অভ্যস্ত হয়ে ওঠে। তাদের চিন্তাভাবনা, গবেষণা ও গভীর মনোযোগের সঙ্গে পড়তে শেখাতে হবে।

এ দায়িত্ব বিদ্যালয় থেকে শুরু করে গণমাধ্যম, রেডিও-টেলিভিশন এবং বিভিন্ন প্রচারমাধ্যম-সবার ওপর বর্তায়।

তারিখ: ২০ জুলাই ২০১১

সমাজের চিন্তাগত চাহিদা ও শূন্যতা পূরণের মাধ্যমে বিশ্ব প্রকাশনাজগতে ইরানের অবস্থান উন্নত করা

একটি জাতি হিসেবে আমরা ইরানি এবং মুসলিম জাতি হিসেবে বইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর, মৌলিক ও প্রাচীন। বইয়ের সঙ্গে আমাদের পরিচয় আজ বা গতকালের নয়।

আমাদের দেশে, বিশেষ করে ইসলাম প্রচারের পর থেকে বিশাল বিশাল গ্রন্থাগার, জ্ঞান-বিজ্ঞানের বিপুল সংগ্রহ এবং মূল্যবান লিখিত গ্রন্থের এক সমৃদ্ধ ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে।

আমরা এমন একটি জাতি, যাদের বইয়ের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা বইয়ের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকেছি।

অবশ্য অতীতে বই সংগ্রহ করা সহজ ছিল না। হাতে লেখা পাণ্ডুলিপির অনুলিপি তৈরি করা ছিল অত্যন্ত কঠিন। তা সত্ত্বেও যারা বইয়ের প্রকৃত মূল্য বুঝতেন এবং বই থেকে উপকৃত হওয়ার যোগ্যতা রাখতেন, তাঁরা বই সংগ্রহের জন্য কতই না পরিশ্রম করতেন!

আমরা পড়েছি এবং বারবার শুনেছি, কোনো কোনো ব্যক্তি একটি বইয়ের প্রয়োজন অনুভব করতেন। কিন্তু বইয়ের মালিক কৃপণতা করে তা দিতে চাইতেন না। এরপর অনুনয়-বিনয় ও অনেক কষ্টের মাধ্যমে তাঁরা এক বা দুই রাতের জন্য বইটি ধার নিতেন। বইটির অনুলিপি তৈরি করার জন্য দিন-রাত ঘুমাতেন না, বিশ্রাম নিতেন না। তাঁদের উদ্দেশ্য ছিল, বইটির একটি কপি নিজেদের কাছে সংরক্ষণ করা। এ ধরনের ঘটনা ইতিহাসে অসংখ্য রয়েছে।

আজ সেই বাধাগুলো দূর হয়েছে। বিজ্ঞানের অগ্রগতি বই রচনা, মুদ্রণ, পুনর্মুদ্রণ ও প্রকাশনাকে অনেক সহজ করে দিয়েছে।

আমাদের এই প্রাচীন ঐতিহ্যের কথা বিবেচনা করে বই প্রকাশ এবং বইয়ের ব্যবহার-উভয় ক্ষেত্রেই নিজেদের অবস্থান আরও উন্নত করতে হবে।

বইয়ের প্রকাশক ও উৎপাদকদেরও এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বই উৎপাদন বলতে নতুন বই রচনা, বই অনুবাদ কিংবা বই প্রকাশ করে মানুষের কাছে পৌঁছে দেওয়া-সবকিছুকেই বোঝায়।

এসব ক্ষেত্রে সমাজের প্রয়োজন ও শূন্যতার দিকে দৃষ্টি দিতে হবে। মানুষের চিন্তাগত শূন্যতা এবং জ্ঞানগত প্রয়োজনগুলো চিহ্নিত করে সেগুলো পূরণের জন্য উদ্যোগ নিতে হবে।

আমরা দেখতে পাই, কখনো কখনো বইয়ের জগৎ ও প্রকাশনাবাজারে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে এমন কিছু বিষয়কে সামনে আনা হয়, যা সমাজ ও দেশের নৈতিকতা, ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক চিন্তাধারার জন্য ক্ষতিকর।

প্রকাশনাবাজার ও বইয়ের জগতে কিছু গোষ্ঠীর সক্রিয় তৎপরতা স্পষ্টভাবে দেখা যায়। তারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিশেষ কিছু বই বাজারে নিয়ে আসে এবং বিভিন্ন গ্রন্থ অনুবাদ করায়। বাইরে থেকে এগুলোকে সাংস্কৃতিক কর্মকাণ্ড মনে হলেও প্রকৃতপক্ষে এর অন্তরালে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে।

তারিখ: ২০ জুলাই ২০১১

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha