হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পর্ব১
কীওয়ার্ড (Key words) বা মূল শব্দাবলী: ফাদাক, ফাই, মীরাস, সদকা, হিবা, যুল ক্বুর্বা, যুল ইয়াদ (কায়েদাতুল ইয়াদ)
মহানবী (সা.) কর্তৃক হযরত ফাতিমাকে (সা.আ.) ফাদাক দান (হিবা, আতীয়া ও নিহলাহ) সংক্রান্ত অধ্যায়:
باب إعطاء النبي (ص) فدكاً لفاطمة (ع)
আল্লামা সুয়ূতী তাঁর আদদুররুল মানসূর তাফসীর গ্রন্থে: "আর (আপনি আপনার) নিকটাত্মীয়কে তার হক (ন্যায্য অধিকার) প্রদান করুন (و آت ذا القربى حقه)"--সূরা-ই ইসরার ২৬ নং আয়াতের তাফসীরে বলেছেন: 'আল-বাযযার,আবূ ইয়া'লা,ইবনে আবী হাতিম এবং ইবনে মার্দাওয়াইহ আবূ সাঈদ আল -খুদরী থেকে পূর্ণ সনদসহ বর্ণনা (ইখরাজ) করেছেন: তিনি (আল-খুদরী) বলেন: [[আর (আপনি আপনার) নিকটাত্মীয়কে তার হক (ন্যায্য অধিকার) প্রদান করুন(و آت ذا القربى حقه)]]"--সূরা-ই ইসরার ২৬ নং আয়াতটি নাযিল হলে হযরত রাসূলুল্লাহ (সা.) হযরত ফাতিমাকে (সা.আ.) ডেকে আনলেন এবং তাঁকে ফাদাক দান করলেন।'
সুয়ূতী বলেনঃ আর ইবনে মার্দাওয়াইহ ইবনে আব্বাস থেকে পূর্ণ সনদসহ বর্ণনা করেছেন। তিনি (ইবনে আব্বাস) বলেন: "আর (আপনি আপনার) নিকটাত্মীয়কে তার হক (ন্যায্য অধিকার) প্রদান করুন(و آت ذا القربى حقه)"--সূরা-ই ইসরার এ আয়াতটি যখন নাযিল হয় তখন হযরত রাসূলুল্লাহ (সা.) হযরত ফাতিমাকে (সা.আ.) ফাদাক (জায়গীর বা ইক্বত্বা 'إقطاع স্বরূপ) দান করেন।"
(জায়গির, জায়গীর /বিশেষ্য পদ/ পুরস্কার অথবা সম্মান হিসাবে প্রাপ্ত নিষ্কর ভূ-সম্পত্তি।)
(দ্রঃআদ-দুর্রুল মানসূর ফিত্ তাফসীরি বিল-মা'সূর,খ:৫,পৃঃ২৩৮)
আল-হাইসামী স্বীয় মাজমা'উয যাওয়ায়েদ গ্রন্থের খ:৭,পৃ:৪৭-এ আবূ সাঈদ থেকে বর্ণনা করেছেন: তিনি (আবূ সাঈদ) বলেন: "আর (আপনি আপনার) নিকটাত্মীয়কে তার হক (ন্যায্য অধিকার) প্রদান করুন (و آت ذا القربى حقه)"--সূরা-ই ইসরার এ আয়াতটি যখন নাযিল হয় তখন তিনি (সা.) হযরত ফাতিমাকে (সা.আ.) ডেকে আনলেন এবং তাঁকে (সা.আ.) ফাদাক প্রদান করলেন। তিনি (আল-হাইসামী) বলেন: এ হাদীসটি আত-তাব্রানীও বর্ণনা করেছেন।
আর আমি বলি ((লেখক আল্লামা সাইয়েদ মুর্তাযা আল-হুসাইনী আল-ফীরূযাবাদীর অভিমত)): আল্লামা যাহাবীও মীযানুল ই'তিদাল গ্রন্থে (খ:২,পৃ:২২৮) এ হাদীসটি বর্ণনা এবং তা তাসহীহ (সহীহ প্রতিপন্ন) করেছেন।
[অনুবাদকের ১ম টীকা: ইমাম যাহাবী (র:হ:) এ হাদীসটি তাসহীহ্ (সহীহ প্রতিপন্ন ও বিবেচনা) করেছেন। আর তিনি ঐ সব জাররাহ্'র (হাদীসের সনদ ও সূত্র এবং রাবীদের সমালোচক) অন্তর্ভুক্ত যারা অন্যের প্রতি অত্যন্ত কঠোর মনোভাব পোষণকারী। তিনি সুফী সম্প্রদায় ও আশায়েরাদের সমালোচনায় অধিক কঠোর ছিলেন এবং হাদীস তাসহীহ্ (সহীহ্ প্রতিপন্ন) করার ব্যাপারে অতি কঠোরতা অবলম্বন করতেন। তিনি বহু হাদীসকে তাদ্ব'য়ীফ্ (تضعيف) অর্থাৎ দুর্বল ও যাঈফ্ সাব্যস্ত করেছেন যেগুলো অন্য জাররাহদের দৃষ্টিতে সহীহ। প্রচলিত আছে যে যাহাবীর কাছে হাদীস সহীহ হওয়া অত্যন্ত কঠিন ও দুরূহ ব্যাপার। আর এ ধরনের অত্যাধিক কঠোর জাররাহ্ ও সমালোচকদের জারাহ্ (جرح) ও তাদ্ব'য়ীফ (تضعیف ) বহু আলিম ও বিশেষজ্ঞের কাছে গ্রহণযোগ্য নয়। (বিস্তারিত জানার জন্য দেখুন আল্লামা মুফতী আমীমুল ইহসান মুজাদ্দেদী বরকতী প্রণীত উছুলুল আছার আরবী-বাংলা মীযানুল আখবার,পৃ:৩৪)
কিন্তু আল্লামা যাহাবীর কাছে মহানবী (সা.) কর্তৃক হযরত ফাতিমাকে (সা.আ.) ফাদাক হিবা (দান) করা সংক্রান্ত এ হাদীস সহীহ প্রতিপন্ন এবং প্রামাণ্য (মু'তাবার معتبر) বলে সাব্যস্ত ও বিবেচিত হয়েছে।] অনুবাদকের ১ম টীকা সমাপ্ত।
আল-মুত্তাকী আল-হিন্দী কানযুল উম্মালে খ:২,পৃ:১৫৮ আবূ সাঈদ থেকে বর্ণনা করেছেন। তিনি (আবূ সাঈদ) বলেন: "আর (আপনি আপনার) নিকট আত্মীয়কে (যুল ক্বুর্বা) তার হক (ন্যায্য অধিকার) প্রদান করুন (و آت ذا القربى حقه....)"--সূরা-ই ইসরার এ আয়াতটি যখন নাযিল হয় তখন মহানবী (সা.) বললেন: "হে ফাতিমা!ফাদাক তোমার।"তিনি (আল-মুত্তাকী আল-হিন্দী) বলেন: আল-হাকিম স্বীয় ইতিহাস গ্রন্থে এবং ইবনুন্নাজ্জার এ হাদীসটি পূর্ণ সনদ সূত্র সহকারে বর্ণনা (ইখরাজ) করেছেন।
অনুবাদকের ২য় টীকা:আয়াতটিতে যুল ক্বুর্বা বা যাল্ ক্বুর্বা শব্দের অর্থ যে মহানবীর (সা.) নসবী রক্তজ নিকট আত্মীয় তা নিম্নোক্ত রেওয়ায়তটি থেকেও স্পষ্ট হয়। রেওয়ায়েতটি:
ইবনে জারীর আলী ইবনুল হুসাইন (যাইনুল আবিদীন) [আ] থেকে পূর্ণ সনদসহ বর্ণনা করেছেন যে তিনি শামবাসী একজন লোককে বললেন,'তুমি কি পবিত্র কুরআন পড় নি?' সে তখন বলল,'হ্যাঁ।' এরপর তিনি বললেন, 'তুমি কি সূরা-ই বনী ইসরাইলে "আপনি নিকটাত্মীয়কে তাঁর হক (ন্যায্য অধিকার) প্রদান করুন।"---এ আয়াতটি পড় নি?'।ঐ লোকটা বলল, 'আর আপনারাই কি সেই নিকটাত্মীয় যার হক ও অধিকার আদায় ও প্রদান করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ? 'তিনি অর্থাৎ যাইনুল আবিদীন (সা.আ.) বললেন, 'হ্যাঁ।' (দ্রঃ আদদুর্রুল মানসূর ফিত তাফসীরিল মা'সূর,খ:৫,পৃঃ২৩৬)---অনুবাদকের ২য় টীকা সমাপ্ত।
সূত্র: আল্লামা সাইয়েদ মুর্তাযা আল-হুসাইনী আল-ফীরূযাবাদী প্রণীত ফাযায়েলুল খামসাহ মিনাস সিহাহিস সিত্তাহ্, খ:৩,পৃ:১৬৮, মুআসসাসাতুল আ'লামী লিল্-মাত্ববূআত্, বৈরুত, লেবানন,৪র্থ সংস্করণ,১৯৮২
এ হাদীস সমূহের আলোকে স্পষ্ট হয়ে যায় যে সূরা-ই ইসরার (সূরা-ইবনী ইসরাইল) উক্ত আয়াতে মহান আল্লাহর আদেশে মহানবী (সা.) তাঁর নিজ কন্যা ফাতিমাকে (সা.আ.) ফাদাক দান ও হস্তান্তর করেছিলেন। তাই ফাদাক ছিল দান (হিবা،আতীয়া ও নিহলাহ্ هبة و عطیة و نحلة) সূত্রে প্রাপ্ত হযরত ফাতিমার (সা.আ.) মালিকাধীন অর্থাৎ দখলার্পিত ভূসম্পত্তি যা তাঁর [হযরত ফাতিমার (সা.আ.)] দখলে ছিল। উল্লেখ্য যে এই ফাদাক মহানবীর (সা.) জীবদ্দশায়ই তিন বছর হযরত ফাতিমার (সা.আ.) ব্যক্তিগত সম্পত্তি হিসেবে তাঁর (হযরত ফাতিমা) হাতে অর্থাৎ তাঁর দখল,স্বত্ব ও কর্তৃত্বে বিদ্যমান ছিল। তাই হযরত ফাতিমা (সা.) ছিলেন যাতুল্ ইয়াদ্ [ ذات اليد] অর্থাৎ ফাদাক ভূখণ্ডের মালিক ও এর ওপর কর্তৃত্বকারী (দ্রঃ আয়াতুল্লাহ আল-'উযমা আল-মীর্যা জাওয়াদ আত-তাব্রীযী, ফাদাক, পৃ:১৬, প্রকাশক: দারুস সিদ্দীকাতুশ শাহীদাহ্, ৪র্থ সংস্করণ, প্রকাশকাল:১৪২৮ হি.)।
ফাদাক (فَدَک) কী?
ফাদাক ফাই (فيء):
আল-ক্বামূসে বর্ণিত আছে: ফাদাক খায়বার অঞ্চলে অবস্থিত একটি গ্রাম।আর আল-মিসবাহুল মুনীরে বর্ণিত আছে:ফাদাক হচ্ছে একটি শহর বা জনপদ (বালদাহ)। এ স্থান ও মদীনার মাঝে দুরত্ব দুই দিন এবং এ স্থান ও খায়বারের মাঝে দূরত্ব এক মারহালার কম (যে পরিমাণ দূরত্ব কোন ভ্রমণকারী একদিনে অতিক্রম করতে পারে সেই দূরত্বটা হচ্ছে এক মারহালা)। আর এই ফাদাক ঐ সব ভূখণ্ডের অন্তর্ভুক্ত যেগুলো মহান আল্লাহ স্বীয় রাসূলকে (সা.) ফাই স্বরূপ (অর্থাৎ বিধর্মী, কাফির-মুশরিকদের হাত থেকে নিয়ে বিনা যুদ্ধে কেবল সন্ধি চুক্তির মাধ্যমে) প্রদান করেছিলেন। (দ্রঃআল-মিসবাহুল মুনীর, পৃঃ ৪৬৫)
আর হামাভীর মু'জামুল বুলদান গ্রন্থের আরবী হরফ ফা ও দালের অধ্যায়ে বর্ণিত আছে: ফাদাক হিজাযের একটি গ্রাম। এটি ও মদীনার মাঝে দুই দিনের দূরত্ব এবং কথিত আছে: তিন দিনের দূরত্ব। সুলহ্ অর্থাৎ সন্ধি চুক্তির মাধ্যমে ৭ হিজরী সালে মহান আল্লাহ এটি স্বীয় রাসূলকে (ফাই হিসেবে) প্রদান করেছিলেন।....(ফাতিমাতুয যাহরা মিনাল মাহদি ইলাল লাহদ্, পৃঃ২২১-২২২ থেকে উদ্ধৃত)
ফাদাক পূর্ব খায়বারের নিকটে অবস্থিত একটি আবাদ ও উর্বর গ্রাম এবং মদীনা থেকে এর দূরত্ব ১৬৫ কিলোমিটার (দ্রঃ হযরত ফাতিমা অস্তিত্ব জগতের সর্বশ্রেষ্ঠ নারী, পৃঃ৩৯৯)
যুহরী বলেন: খায়বরবাসীরা যারা দুর্গে আশ্রয় নিয়েছিল তাদের যে অবশিষ্ট অংশ বিদ্যমান ছিল তারা হযরত রাসূলুল্লাহর (সা.) কাছে নিজেদের জীবন প্রাণ রক্ষা ও তাদেরকে খায়বার দুর্গ ত্যাগ করে অন্যত্র প্রস্থান ও চলে যাওয়ার অনুমতি দেওয়ার আবেদন করলে মহানবী (সা.) তা অনুমোদন করেন। আর তা ফাদাক বাসীরা জানতে পেয়ে তারা [মহানবীর (সা.) সাথে খায়বরবাসীরা যে চুক্তি করেছিল সেটার) অনুরূপ (ফাদাকের বিনিময়ে সন্ধি চুক্তি সম্পাদনের) প্রার্থনা ও আবেদন করে। তাই ফাদাক ভূখণ্ড হয়ে যায় মহানবীর (সা.) খাস (বিশেষ) অর্থাৎ একান্ত ব্যক্তিগত (মালিকানাধীন) ভূসম্পত্তি;কারণ এ ভূখণ্ডে অশ্বারোহী বা উষ্ট্রারোহী যোদ্ধাগণ কর্তৃক কোনো সামরিক অভিযান বা যুদ্ধ পরিচালনা করা হয় নি (অর্থাৎ সশস্ত্র বাহিনী বা যোদ্ধাগণ কর্তৃক যুদ্ধ করে তা বিজিত হয় নি)। (দ্রঃফুতূহুল্ বুল্দান্, পৃ:৪৩, সীরাত-ই ইবনে হিশাম, খ:২, পৃ:৩২৮, সীরাত-ই হালাবীয়াহ্, খ:৩,পৃ:৭৪)
আবূ বকর আহমাদ আল-জাওহারী বলেন: মুহাম্মদ ইবনে ইসহাক রেওয়ায়ত করেছেন যে হযরত রাসূলুল্লাহ (সা.) যখন খায়বার অভিযান সম্পন্ন করেন তখন মহান আল্লাহ ফাদাক বাসীদের অন্তরে ভয়-ভীতির সঞ্চার করলে তারা (ফাদাকবাসীরা) রাসূলুল্লাহর (সা.) কাছে প্রতিনিধি দল পাঠিয়ে ফাদাক ভূখণ্ডের অর্ধাংশের বিনিময়ে সুলহ (মুসালাহা বা সন্ধি চুক্তি সম্পাদন) করে। তাই তাঁর (সা.) কাছে খায়বারে অথবা মদীনায় ফেরার পথে অথবা মদীনায় তাঁর (সা.) প্রত্যাবর্তনের পর তারা (ভীত ফাদাক বাসীরা সুলহ বা সন্ধির প্রস্তাব সহ) দূতদের প্রেরণ করে।আর মহানবী (সা.) তাদের প্রস্তাব কবুল করেন। অতএব,এ কারণেই ফাদাক ছিল হযরত রাসূলুল্লাহর (সা.) খালিসা (خالصةখাস ভূসম্পত্তি) যার ওপর মুসলমানদের অশ্বারোহী বা উষ্ট্রারোহী সেনাবাহিনীর সামরিক অভিযান ও যুদ্ধ পরিচালিত হয় নি (অর্থাৎ উক্ত ভূখণ্ড সামরিক অভিযান পরিচালনা ও যুদ্ধ করে বিজিত ও পদানত করা হয় নি)। আল-জাওহারী বলেছেন: আরো বর্ণিত হয়েছে যে তিনি (সা.) তাদের (ফাদাক বাসীদের) সাথে সম্পূর্ণ ফাদাক ভূখণ্ডের ওপর সুলহ বা সন্ধি চুক্তি সম্পাদন করেন [অর্থাৎ ফাদাক বাসীরা গোটা ফাদাক ভূখণ্ড মহানবীর (সা.) কাছে হস্তান্তরের বিনিময়ে সন্ধি চুক্তি সম্পাদন করেছিল]। আর মহান আল্লাহই সবচেয়ে অধিক জ্ঞাত (আ'লাম) যে এ দুই বিষয়ের কোনটি ঘটেছিল। (দ্রঃ আবূ বকর আহমাদ ইবনে আব্দুল আযীয আল-জাওহারী প্রণীত কিতাবুস সাক্বীফাহ্ ওয়া ফাদাক, পৃ:২৯, আল-হামাভী প্রণীত মু'জামুল বুলদান, ৪:২৩৯, ইবনু আবিল্ হাদীদ্ প্রণীত শারহু নাহজিল্ বালাগাহ্, ১৬:২১
আয়াতুল্লাহ আল -'উযমা আল-মীর্যা জাওয়াদ আত-তাব্রীযী প্রণীত ফাদাক, পৃ:১৬ থেকে উদ্ধৃত)
তাবারী স্বীয় ইতিহাস গ্রন্থে লিখেছেন: ফাদাক মহানবীর (সা.) খালিসা (তাঁর সাথে একান্ত সংশ্লিষ্ট খাস বিশেষ) ভূসম্পত্তি ছিল যার ওপর মুসলমানদের অশ্বারোহী এবং উষ্ট্রারোহী সেনাবাহিনী প্রেরিত ও সঞ্চালিত করে বিজিত হয় নি।
فکانت فدک خالصة لرسول الله (ص) لأنهم لم یوجفْ (لم یجلبوا) علیها بِخیل و لا رکاب.
তারীখ-ই তাবারী,খ:২,পৃঃ(২২৪-৩১০)
ফাদাক মহানবীর (সা.) একান্ত ব্যক্তিগত সম্পত্তি (খাসসা ও খালিসা خالصةوخاصة):
অতএব স্পষ্ট হয়ে যায় যে হযরত ফাতিমাকে (সা.আ.) হিবা করার আগে এই ফাদাক ছিল মহানবীর (সা.) একান্ত ব্যক্তিগত সম্পত্তি (খালিসা ও খাসসা خالصة و خاصة) এবং তা (ফাদাক) মুসলমানগণ কর্তৃক বিজিত কোনো ভূখণ্ড ছিল না এবং এ কারণে তা [ফাদাক] মুসলমানদের সাথে সংশ্লিষ্ট ছিল না অর্থাৎ তা সরকারী বা
গণ সম্পত্তি (public property) ছিল না। অতএব ফাদাক ছিল ফাই (فيء)-এর অন্তর্ভুক্ত।কাফির, মুশরিক ও আহল-ই কিতাবের (যেমন: ইয়াহূদী ও নাসারা) কাছ থেকে যে সম্পদ (মাল) ও ভূসম্পত্তি (মিল্ক ও আমলাক্, জমি ও ভূমি) বিনা যুদ্ধে মহানবীর (সা.) হস্তগত হয়েছে ও অধিকারে এসেছে সেটাই ফাই যা তাঁর [রাসূলুল্লাহর (সা.)] জীবিত থাকাকালীন তাঁর তত্ত্বাবধানে ছিল এবং পরিচালিত হত। মহানবী (সা.) মহান আল্লাহর বিধান অনুসারে এই ফাই সম্পদকে নিজের মালিকানায় রেখে নিজের প্রয়োজনে ব্যবহার, কাউকে হিবা অথবা সর্বসাধারণ মুসলমানদের স্বার্থে সদকা করে দিতে পারতেন এবং মহান আল্লাহ তাঁকে সেই এখতিয়ার দিয়েছিলেন।
ফাদাক মীরাস ও তরকা (میراث و ترکة) ছিল না:
ফাদাক হিবা:
মীরাস (میراث) ও তরকা (ترکة) হচ্ছে মৃতের রেখে যাওয়া সম্পদ ও সম্পত্তি যা মৃতব্যক্তি অর্থাৎ মূরাসের (مورث) মৃত্যুর পর তাঁর ওয়ারিসান (ورثة) অর্থাৎ উত্তরাধিকারীদের মধ্যে ফারায়েয (পবিত্র কোরআনে উত্তরাধিকারের উল্লখিত প্রাপ্য অংশ সমূহের বিধান) মাফিক বন্টন করা হয় এবং তা হিবা (নিহলা, আতীয়া ও দান) নয়। ফাদাক উত্তরাধিকার সূত্রে নয় বরং হিবা (দান) সূত্রে প্রাপ্ত হযরত ফাতিমার ব্যক্তিগত খাস সম্পত্তি এবং এ কারণে তা মীরাস নয়। তাই ফাদাক তরকা (ترکه) অর্থাৎ মহানবীর (সা.) মৃত্যু উত্তর তাঁর রেখে যাওয়া সম্পত্তির অন্তর্ভুক্ত নয় যে তা "আমাদের অর্থাৎ নবীগণের উত্তরাধিকারী নেই , আমরা যা রেখে যাই তা হচ্ছে সদকা (অর্থাৎ তা সর্বসাধারণ বা আপামর মুসলমানদের সাথে সংশ্লিষ্ট نحن- معاشر الأنبیاء- لا نورث ما ترکنا صدقة)"------ 'তথাকথিত এ হাদীসটি'র অন্তর্ভুক্ত এবং সদকা হয়ে যাবে।
সুতরাং এই হাদীসের ভিত্তিতে ফাদাক হযরত ফাতিমার (সা.আ.) হাতে অর্থাৎ তাঁর কর্তৃত্ব,স্বত্ব ও দখল থেকে ছিনিয়ে ও কেড়ে নেওয়া যাবে না।কারণ, ইসলামী শরয়ী ফিক্বহী পরিভাষায় হযরত ফাতিমা (সা.আ.) যাতুল ইয়াদ (যুল্ ইয়াদ) অর্থাৎ ফাদাকের ওপর কর্তৃত্ব শীল হস্তের অধিকারী এবং যেভাবে খুশি তিনি তা ভোগ,ব্যবহার ও ব্যয় করতে পারেন যা ঐ ভূ-সম্পত্তির ওপর তাঁর মালিকানার (مالکیة) নির্দেশক এবং তা (কেড়ে নেওয়া ও জব্দ করা) কারো জন্য জায়েয ও বৈধ হবে না।আর ফাই মালে গণীমত থেকে ভিন্ন ও আলাদা।
অতএব, ফাদাক ছিল পৈতৃক হিবা (দান نحله) সূত্রে প্রাপ্ত হযরত ফাতিমা যাহরার (সা.আ.) ব্যক্তিগত মালিকানাধীন ভূসম্পত্তি যা হযরত রাসূলুল্লাহ (সা.) তাঁকে প্রদান (হিবা) করেছিলেন। সুতরাং মহানবীর (সা.) জীবদ্দশায় ফাদাক হিবা (দান) সূত্রে মহানবীর (সা.) মালিকানা থেকে মুক্ত হয়ে হযরত ফাতিমার মালিকানায় চলে আসে। আর নিকটাত্মীয়কে কোনো কিছু হিবা করা হলে সেই হিবাকৃত সম্পদ বিষয় বা সম্পত্তি (মওহূব موهوب) উক্ত হিবা গ্রহীতা (মুত্তাহিব متّهب বা মওহূব-ই লাহু موهوب له) নিকটাত্মীয়ের স্থায়ী সম্পদ (মালمال) ও সম্পত্তি (مِلْک) হয়ে যায় এবং হিবাকারী (ওয়াহিব واهب) ভবিষ্যতে আর কখনো তার হিবা বাতিল করে হিবাকৃত উক্ত সম্পত্তি নিকটাত্মীয় হিবা গ্রহীতার কাছ থেকে ফেরৎ নিতেও পারবে না।
হিবা (ھبۃ) কী?
ফিকহ শাস্ত্রে বর্ণিত আছে যে হিবা হচ্ছে ইওয়াযের প্রতিদান ব্যতিরেকে এক ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির বরাবরে সম্পত্তি হস্তান্তরকে (তামলীকুল আইন تملیک العین) হিবা বলে (দ্রঃ দুররুল মুখতার, ইসলামী আইন গ্রন্থের পৃঃ ১৯১ থেকে উদ্ধৃত )।
ইওয়াযের প্রতিদান ব্যতিরেকে কথা (মৌখিক উক্তি যেমন:আমি তোমাকে দান করলাম (وَهَبْتُکَ), আমি তোমাকে মালিক বানালাম বা তোমার মালিকানায় দিয়ে দিলাম (مَلَّکتُکَ) বা এটা তোমার (هٰذَا لَکَ) অথবা কাজের (যেমন: হাতে হাতে প্রদান ও গ্রহণ মু'আতাত্ مُعَاطَاةّ) মাধ্যমে এক ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির কাছে সম্পত্তি বা সম্পদ হস্তান্তর (তামলীকুল আইনتملیک العین অর্থাৎ অন্য ব্যক্তিকে কোনো ব্যক্তি কর্তৃক তার নিজ সম্পদ ও সম্পত্তির মালিক বানানো)
إنشاء تملیک عین بلا عوض بقول أو فعل
দ্রঃ মুস্তালাহুল ফিকহ,পৃঃ৫৫২
হিবা বাস্তবায়নের জন্য ৪টি বিষয়ের বাস্তবায়ন আবশ্যক:
১. ইনশাউত্ তামলীক (إنشاء التملیک): কোনো ব্যক্তি দানের ইচ্ছার মাধ্যমে তার সম্পদ ও সম্পত্তিতে অন্যের মালিকানার উন্মেষ ঘটাবে অর্থাৎ দানের ইচ্ছা করে দানের বস্তু বা সম্পত্তি নিজের মালিকানা থেকে মুক্ত করে অন্যকে ঐ বস্তু বা সম্পত্তির মালিক বানাবে।
২. ওয়াহিব (দাতা واهب)
৩. মুত্তাহিব বা মওহূব লাহু (متّهب/موهوب له দানগ্রহীতা)
৪. মওহূব (দানকৃত বস্তু বা দানের বস্তু موهوب)
হিবার মধ্যে তিনটি আবশ্যিক কর্তব্য বিদ্যমান:
১. ঈজাব (إیجاب):ওয়াহিব (দাতা) দানের (হিবা) ঘোষণা (মৌখিক উক্তি ও কথা) বা কোনো ক্রিয়া বা কর্মের (মু'আতাত) মাধ্যমে দানের বাস্তবায়ন অর্থাৎ ঈজাব (إیجاب) করবে।
২. কবূল (قبول): দানগ্রহীতা (মুত্তাহিব বা মওহূব লাহু), দাতা কর্তৃক বাস্তবায়িত (ঈজাব কৃত) উক্ত দান কবূল (গ্রহণ) করবে
৩. ক্ববয ও ইক্ববায (قبض و إقباض দখল গ্রহণ ও দখলার্পণ): দাতা অবশ্যই দান গ্রহীতার কাছে দানের বস্তুর (মওহূব) দখলার্পণ (ইক্ববায إقباض) করবে এবং দানগ্রহীতা দাতার কাছ থেকে তা অবশ্যই দখল গ্রহণ (ক্ববযقبض) করবে। (দ্রঃ ইসলামী আইন, পৃঃ১৯১ এবং মুস্তালাহাতুল ফিকহ, পৃঃ৫৫২)। উল্লেখ্য যে ক্ববয ও ইক্ববায্ (দখলার্পণ ও দখলগ্রহণ) ব্যতীত হিবাই বাস্তবায়িত হবে না।
হিবা (হচ্ছে) আকদ-ই জায়েয (عقد جائز) অর্থাৎ প্রত্যাহার যোগ্য চুক্তি। তাই ওয়াহিব (দাতা) যে কোনো সময় তার দান (হিবা) প্রত্যাহার করতে ও বাতিল (ভঙ্গ ও অকার্যকর) করে দিতে পারে এবং তা (হিবা ও দান) থেকে ফিরে আসতে পারে।তবে নিম্নোক্ত কতিপয় ক্ষেত্র ব্যতীত। যথা:
১. নসবী অর্থাৎ রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়কে (যেমন: পিতা, মাতা, কন্যা, পুত্র, নাতি-নাত্নী, দাদা- দাদী, নানা-নানী, চাচা, মামা, ফুফু, খালা এবং তাদের সন্তান-সন্ততি যেমন:
পিতৃব্যপুত্র,পিতৃব্যকন্যা...) হিবা
২. দানগ্রহীতার (মুত্তাহিব বা মওহূব লাহু) কাছে যদি মওহূব (হিবাকৃত বস্তু,সামগ্রী, সম্পত্তি বা সম্পদ) আর অবশিষ্ট ও বিদ্যমান না থাকে অর্থাৎ তার যদি নি:শেষিত ও ব্যয়িত বা ধ্বংস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে
৩. হিবা-ই মু'আওওয়াযাহ্ বা হিবা বিল-ইওয়ায্ (ইওয়ায ও বিনিময়ের প্রতিদান সহ হিবা هبة بالعوض) অর্থাৎ পূর্ব শর্ত মোতাবেক বা বিনা শর্তে দাতার (ওয়াহিব) দান ও হাদীয়ার মোকাবেলায় দানগ্রহীতা (মওহূব লাহু) দাতাকে যদি কিছু দেয় ও পরিশোধ করে তাহলে দাতার দান হিবা-ই মুআওওয়াযাহ্ (হিবা বিল-ইওয়ায) হয়ে যাবে যা অপ্রত্যাহার যোগ্য হিবা (হিবা-ই লাযিমা) এবং দাতার পক্ষে তা ভঙ্গ করা ও ফেরৎ নেওয়া যাবে না)
৪. যখন হিবার দ্বারা মহান আল্লাহর নৈকট্য লাভের ক্বসদ (ইচ্ছা) করা হয় তখন
৫. দানগ্রহীতা যদি দানের বস্তুতে বা সম্পদে মৌলিক পরিবর্তন সাধন (যেমন: বিক্রি, হিবা, কাপড়-বস্ত্র কেটে ফেলা, গম পিসে আটা করে ফেলা ইত্যাদি) করে তাহলে সে ক্ষেত্রে
৬. হিবার পক্ষদ্বয়ের (দাতা ও দান গ্রহীতা) যে কোনো এক পক্ষ যদি মৃত্যু বরণ করে তাহলে সে ক্ষেত্রে
[দ্রঃতহরীরুল ওয়াসীলাহ্,খ:২,পৃঃ৫৮;হিবা (দ্বিতীয় প্রবন্ধ) da.wikifeqh.ir]
এই সব ক্ষেত্রে হিবা করার পর হিবা বাতিল (ভঙ্গ) এবং প্রত্যাহার করতে ও ফেরত নিতে পারবে না ওয়াহিব (হিবাকারী ও দাতা) অথবা ওয়াহিবের উত্তরাধিকারীরা এবং হিবা লাযিম (অপ্রত্যাহার যোগ্য) হয়ে যাবে এ সব ক্ষেত্রে।
এসব বিষয় বিবেচনা করলে স্পষ্ট হয়ে যায় মহানবী (সা.) পিতা হিসাবে নিজ কন্যা ফাতিমাকে ফাদাক হিবা করেছেন এবং এর ফলে 'ফাদাকের হিবা' লাযিম (অপ্রত্যাহার যোগ্য) হিবায় পরিণত হয়েছে। কারণ তা নসবী (রক্ত সম্পর্কীয়) নিকটাত্মীয়কে অর্থাৎ স্বীয় কন্যা হযরত ফাতিমাকে হিবা করা হয়েছে পিতা মহানবী (সা.) কর্তৃক এবং দাতা মহানবী (সা.) মৃত্যু বরণ করেছেন এবং এর ফলে 'ফাদাকের হিবা' অপ্রত্যাহার যোগ্য হিবায় (হিবা-ই লাযিমা الهبة اللازمة) পরিণত হয়েছে।এ দুই দিক থেকে ফাদাক (দানের বস্তু বা হিবাকৃত বস্তু বা হিবা কৃত ভূসম্পত্তি মওহূব الموهوب) হযরত ফাতিমার মালিকানাধীন নিষ্কণ্টক নিষ্কর ভূ-সম্পত্তিতে (মিল্ক-ই ত্বাল্ক্ الملک الطلق) পরিণত হয়েছিল।
আর ইমাম আবূ হানীফা বলেন: প্রত্যেক ব্যক্তির জন্য যা সে তার মাহরাম নিকটাত্মীয়কে হিবা (দান) করেছে কেবল সেটা ব্যতীত অন্য ব্যক্তিকে (এমনকি সে গায়ের মাহরাম নিকটাত্মীয় হলেও) যা হিবা (দান) করেছে তা ফেরৎ নেওয়া জায়েয। (দ্রঃ মুখতাসারু ইখতিলাফিল্ উলামা খ:৪,পৃঃ১৫২ এবং মুখতাসারুল কুদূরী, পৃঃ১২৫ বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুকতাসিদ, কিতাবুল হিবাত্, খ:৬,পৃঃ২৭ থেকে উদ্ধৃত )
ইমাম আবূ হানীফা এবং হানাফী মাযহাবের (র) অভিমত অনুযায়ী পিতা মহানবী (সা.) কর্তৃক স্বীয় কন্যা হযরত ফাতিমাকে (সা.আ.) হিবাকৃত ভূসম্পত্তি ফাদাক 'অপ্রত্যাহার যোগ্য হিবাকৃত' সম্পত্তি এবং এ কারণে তা (ফাদাক) হযরত ফাতিমার (সা.আ.) ব্যক্তিগত মালিকানাধীন ভূসম্পত্তি যা নিম্নোক্ত রেওয়ায়তের মাধ্যমেও সমর্থিত। রেওয়ায়েতটি: আবূ গাতফান (র) হইতে বর্ণিত,উমর (রা) বলিয়াছেন, যে ব্যক্তি আত্মীয়তা রক্ষার জন্য অথবা দান স্বরূপ হেবা করে সে ঐ হেবা আর ফিরাইয়া আনিতে পারিবে না।আর যদি কোনো বিনিময় লাভের আশায় হেবা করে তবে তাহা ফিরাইতে পারিবে যখন তাহাদের সাথে মনোমালিন্য হয়।
عن أبي غطفان بن طریق المري أن عمر بن الخطاب فال:من وهب هبة لصلة رحم أو علی وجه صدقة فإنه لا یرجع فیها،و من وهب هبة یری أنه إنما أراد بها الثواب،فهو علی هبته یرجع فیها،إذا لم یُرْضَ منها
(দ্রঃ মুয়াত্তা ইমাম মালিক, বিচার সম্পর্কিত,খ:২,পৃঃ৪২৫, হাদীস নং ৪২)
এ রেওয়ায়তের ভিত্তিতে স্পষ্ট হয়ে যায় যে নিকটাত্মীয়কে হিবা (দান) লাযিম (অপ্রত্যাহার যোগ্য এবং অফেরৎ যোগ্য) হওয়ার ক্ষেত্রে মাহরাম ও গায়ের মাহরাম নিকটাত্মীয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন: পিতৃব্য কন্যা (চাচাত বোন) নসবী রক্তজ নিকটাত্মীয় কিন্তু মাহরাম নয়। তাই কোনো ব্যক্তি যদি তার চাচাত বোনকে কিছু হিবা করে তাহলে উক্ত হিবা হিবা-ই লাযিমায় পরিণত হবে এই রেওয়ায়তের ভিত্তিতে।
উপরিউক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে ফাদাক সদকাও (صدقة) নয়। তাই এ কারণে তা সর্বসাধারণ মুসলিম উম্মাহরও নয়।আর সরকার বা প্রশাসন চাইলেও তা হযরত ফাতিমার (সা.আ.) কাছ থেকে বলপূর্বক কেড়ে নিতে এবং জবর দখল (গসব غصب) ও অধিকরণ (দখল) করতে পারে না এবং সেটা বৈধ (জায়েয) হবে না।
আর হযরত ফাতিমার পরে উত্তরাধিকার সূত্রে এই ফাদাকের মালিক তাঁর স্বামী হযরত আলী (সা.আ.) এবং হযরত ফাতিমার সন্তান-সন্ততি (ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত যাইনাব ও হযরত উম্মে কুলসুম-আলাইহিমুস সালাম-)।
অতএব প্রকৃত মালিক হযরত ফাতিমার অনুমতি (ইযন إذن) ব্যতিরেকে এবং তাঁর পরে তাঁর উত্তরাধিকারীগণ (ورثة) অর্থাৎ তাঁর স্বামী হযরত আলী ও সন্তান-সন্ততির অনুমতি ব্যতীত আর কারো পক্ষেই ফাদাক জবরদখল (গসব غصب), বলপূর্বক ও জোরজবরদস্তি করে ছিনিয়ে নেওয়া, অধিকরণ, ভোগদখল ও ব্যবহার ইত্যাদি সম্পূর্ণ অবৈধ ও নাজায়েয।
চলবে...
পর্ব১ সমাপ্ত
অনুবাদ, সংকলন, প্রবন্ধ রচনা ও প্রয়োজনীয় টীকা সংযোজন: মুহাম্মদ মুনীর হুসাইন খান
আপনার কমেন্ট