বুধবার ১৮ নভেম্বর ২০২৬ - ১২:৩৮
আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.) মুমিন সমাজ ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর অপরিসীম অবদান রেখে গেছেন

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেছেন, শরিয়ত ও মাজহাবের সেবায় তাঁর দীর্ঘ ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কারণে তিনি নিঃসন্দেহে মুমিন সমাজ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর অপরিসীম অবদান রেখে গেছেন। সবার উচিত তাঁর অবদান স্মরণ করা এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী এক শোকবার্তায় আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি তাঁকে ধর্মীয় শিক্ষাঙ্গনে ফিকহ ও উসুল শিক্ষাদানের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন।

তাঁর শোকবার্তার পূর্ণাঙ্গ বিবরণ নিম্নরূপ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ধর্মীয় শিক্ষাঙ্গনের মহান শিক্ষক হযরত আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি (রহ.)-এর ইন্তেকালের সংবাদ পেয়েছি। তিনি ধর্মীয় শিক্ষাঙ্গনে ফিকহ ও উসুল শিক্ষাদানের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন। সাম্প্রতিক কয়েক দশকে প্রতিদিন তাঁর পরিচালিত দুটি দরস ধর্মীয় শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পাঠচক্র হিসেবে বিবেচিত হতো।

তাঁর এসব দরসে নিজস্ব গবেষণা ও বিশ্লেষণের পাশাপাশি নাজাফ আশরাফের ধর্মীয় শিক্ষাঙ্গনের সাম্প্রতিক যুগের কয়েকজন বিশিষ্ট আলেমের মতামতের প্রতি গভীর, আন্তরিক ও গবেষণাধর্মী মনোযোগ এবং সেসব বিষয়ে তাঁর অসাধারণ দক্ষতা স্পষ্টভাবে প্রতিফলিত হতো। এসব বিষয় তাঁর সাবলীল, সুশৃঙ্খল ও সুদৃঢ় বক্তব্যের সঙ্গে এমনভাবে উপস্থাপিত হতো যে, প্রতিটি দরস জ্ঞান ও প্রজ্ঞার অনুসন্ধানীদের জন্য অত্যন্ত উপকারী ও মূল্যবান সময়ে পরিণত হতো।

আজ কোমের ধর্মীয় শিক্ষাঙ্গনের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক ও বিশিষ্ট আলেম, বরং দেশের অন্যান্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষক এবং বিভিন্ন অঞ্চলের বহু আলেম তাঁদের শিক্ষাজীবনের অন্যতম গৌরব হিসেবে তাঁর দরসে অংশগ্রহণের কথা উল্লেখ করেন।

সবাই তাঁর বক্তব্য ও জীবনাচরণে পবিত্র মাসুম ইমামদের (আ.) প্রতি গভীর, নিঃস্বার্থ ও আন্তরিক আনুগত্যের প্রকাশকে প্রশংসার সঙ্গে স্মরণ করেন।

নিঃসন্দেহে শরিয়ত ও মাজহাবের সেবায় তাঁর দীর্ঘ ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কারণে তিনি মুমিন সমাজ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর অপরিসীম অবদান রেখে গেছেন। সবার উচিত তাঁর এসব অবদান স্মরণ করা এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা।

আমি এই শোকাবহ ঘটনায় আমাদের মাওলা হযরত ইমাম মাহদি (আ.)-যাঁর আবির্ভাব আল্লাহ তাআলা ত্বরান্বিত করুন-ধর্মীয় শিক্ষাঙ্গনসমূহ, সমগ্র মুমিন সমাজ এবং বিশেষ করে মরহুমের সম্মানিত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহর দরবারে তাঁর মর্যাদা ও সম্মান সমুন্নত করার প্রার্থনা জানাচ্ছি।

সাইয়্যেদ মুজতবা হুসেইনি খামেনেয়ী

তারিখ: ২৬ আবান ১৪০৫ হিজরি শামসি (১৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha