হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, বাহরাইনের শিয়া আলেমদের বিরুদ্ধে অন্যায় ও অবিচারমূলক রায় ঘোষণার নিন্দা জানিয়ে কোমের হাওজায়ে ইলমিয়ার উচ্চতর স্তরের বিপ্লবী শিক্ষকদের সংগঠন একটি বিবৃতি প্রকাশ করেছে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন:
«وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا یَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا یُؤَخِّرُهُمْ لِیَوْمٍ تَشْخَصُ فِیهِ الْأَبْصَارُ»
জালিমরা যা করে, সে সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না। তিনি তো তাদের অবকাশ দিচ্ছেন সেই দিন পর্যন্ত, যেদিন ভয়ে চোখ স্থির হয়ে যাবে। (সুরা ইবরাহিম, আয়াত: ৪২)
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের শিয়াদের ওপর পরিকল্পিত দমন-পীড়নের ধারাবাহিকতায় দেশটির বিচার বিভাগ ৬৪ জন শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বাহরাইনের শিয়াদের আধ্যাত্মিক নেতা হযরত আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম এবং আরও কয়েক ডজন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব। এ ছাড়া অন্য একদল ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এমন সময়ে এসব রায় ঘোষণা করা হয়েছে, যখন দীর্ঘদিন ধরে বাহরাইনের নিপীড়িত জনগণ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাঁদের ন্যূনতম অধিকার থেকেও বঞ্চিত হয়ে আসছেন। আলে খলিফা শাসকগোষ্ঠীর কারাগারে শত শত ধর্মীয় ও রাজনৈতিক অধিকারকর্মী বছরের পর বছর বন্দি রয়েছেন।
ধর্মীয় আলেম ও বাহরাইনের ধর্মপ্রাণ জনগণের ন্যায়বিচার ও অধিকার আদায়ের কণ্ঠস্বর স্তব্ধ করে দেওয়া ছাড়া এসব পদক্ষেপের অন্য কোনো উদ্দেশ্য নেই। এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
বাহরাইনের শাসকদের উচিত ছিল পবিত্র কোরআনের নির্দেশনা অনুসরণ করা এবং গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানো। কিন্তু এর পরিবর্তে তারা আমেরিকা ও ইসরাইলি শাসকগোষ্ঠীর অনুসরণ করে বিশ্বব্যাপী কুফরি শক্তির নেতাদের বিরুদ্ধে যেকোনো আন্দোলন এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সমর্থনমূলক কর্মকাণ্ড দমন করছে।
কোমের হাওজায়ে ইলমিয়ার উচ্চতর স্তরের বিপ্লবী শিক্ষকদের সংগঠন বাহরাইনের নিপীড়িত আলেম ও সংগ্রামী জনগণের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে আলে খলিফার শাসকদের সতর্ক করে বলেছে, অপরাধী আমেরিকা ও ইসরাইলি শাসকগোষ্ঠীর সেবায় আত্মনিয়োগের পরিণতি পতন ও ধ্বংস ছাড়া আর কিছুই হবে না।
ইতিহাস সাক্ষ্য দেয়, ধর্মীয় আলেমদের ওপর দমন-পীড়ন এবং মুসলিম উম্মাহর অধিকার হরণ করার পরিণতি সব সময় জনগণের মধ্যে আরও বেশি সচেতনতা ও ঐক্য সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত জালিমদের শিকড় উপড়ে ফেলেছে।
এ ছাড়া আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি, বিশেষ করে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ‘জ্ঞান ও বিদ্যার মর্যাদার ওপর এই সুস্পষ্ট অবিচারের’ বিরুদ্ধে নীরব না থাকে এবং বাহরাইনের নিপীড়িত আলেমদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন:
«وَسَیَعْلَمُ الَّذِینَ ظَلَمُوا أَیَّ مُنقَلَبٍ یَنقَلِبُونَ»
“আর যারা জুলুম করেছে, তারা অচিরেই জানতে পারবে, তাদের পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে।” (সুরা আশ-শুআরা, আয়াত: ২২৭)
বিবৃতিদাতা:
কোমের হাওজায়ে ইলমিয়ার উচ্চতর স্তরের বিপ্লবী শিক্ষকদের সংগঠন।
তারিখ: ২৭ আবান ১৪০৫ হিজরি শামসি।
আপনার কমেন্ট