বুধবার ১৮ নভেম্বর ২০২৬ - ১৮:৩৪
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকাল ইসলামী জ্ঞান ও ধর্মীয় অঙ্গনের অপূরণীয় ক্ষতি: বাংলাদেশ শিয়া উলামা পরিষদ

শিয়া মুসলিম বিশ্বের প্রখ্যাত মারজায়ে তাকলিদ ও বিশিষ্ট ফকিহ হযরত আয়াতুল্লাহিল উজমা শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ শিয়া উলামা পরিষদ। এক শোকবার্তায় পরিষদ বলেছে, তাঁর ইন্তেকাল হাওজায়ে ইলমিয়া, শিয়া মুসলিম উম্মাহ এবং সমগ্র ইসলামী বিশ্বের জ্ঞান ও ধর্মীয় অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর জ্ঞানগত, আধ্যাত্মিক ও নৈতিক অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।

হাওজা নিউজ এজেন্সি’তে প্রকাশিত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে বাংলাদেশ শিয়া উলামা পরিষদের শোকবার্তা নিম্নরূপ:

بسم الله الرحمن الرحیم

 إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,

 إِذَا مَاتَ الْمُؤْمِنُ الْفَقِيهُ ثُلِمَ فِي الْإِسْلَامِ ثُلْمَةٌ لَا يَسُدُّهَا شَيْءٌ.

“যখন কোনো মুমিন ফকিহ আলেম ইন্তেকাল করেন, তখন ইসলামে এমন এক শূন্যতার সৃষ্টি হয়, যা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়।”

গভীর শোক ও দুঃখের সঙ্গে আমরা শিয়া জগতের প্রখ্যাত মারজায়ে তাকলিদ, বিশিষ্ট ফকিহ, প্রথিতযশা আলেম, আধ্যাত্মিক ব্যক্তিত্ব এবং হাওজায়ে ইলমিয়ার খ্যাতিমান শিক্ষক হযরত আয়াতুল্লাহিল উজমা হাজি শেখ হোসাইন ওহিদ খোরাসানি (কুদ্দিসা সিররুহ্)-এর ইন্তেকালের সংবাদ গ্রহণ করেছি। নিঃসন্দেহে তাঁর ইন্তেকাল হাওজায়ে ইলমিয়া, শিয়া মুসলিম উম্মাহ এবং সমগ্র ইসলামী বিশ্বের জ্ঞান ও ধর্মীয় অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এই প্রজ্ঞাবান ফকিহ তাঁর বরকতময় জীবনের পুরোটা সময় আহলে বাইতে রাসুল (আ.)-এর শিক্ষা ও আদর্শের প্রচার-প্রসার, ইসলামী ফিকহ ও ধর্মীয় জ্ঞানের বিকাশ, আলেম ও গবেষক তৈরির পাশাপাশি ইসলামী সমাজের দিকনির্দেশনা, শিক্ষা, গবেষণা ও সংস্কারে ব্যয় করেছেন। তিনি জ্ঞান, প্রজ্ঞা, আধ্যাত্মিকতা ও নৈতিকতার অমূল্য সম্পদ রেখে গেছেন।

বাংলাদেশ শিয়া উলামা পরিষদ এই গভীর শোকের মুহূর্তে হযরত ইমাম মাহদী (আ.ফা.)-এর পবিত্র দরবার, মারজায়ে তাকলিদগণ, সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্ব, বিশ্বের শিয়া হাওজায়ে ইলমিয়াসমূহ, আলেম-উলামা, তাঁর ছাত্র ও ভক্ত-অনুরাগী, ইরানের সম্মানিত জনগণ এবং বিশেষ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও সম্মানিত সন্তানদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।

একই সঙ্গে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছে, তিনি যেন এই মহান আলেমের পবিত্র আত্মাকে সৎকর্মশীল ও সত্যনিষ্ঠ বান্দাদের সঙ্গে, বিশেষত পবিত্র আহলে বাইতের (আ.) সান্নিধ্যে স্থান দেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র ও ভক্ত-অনুরাগীদের ধৈর্য ধারণের তাওফিক ও উত্তম প্রতিদান দান করেন।

হযরত আয়াতুল্লাহিল উজমা ওহিদ খোরাসানি (রহ.) হাওজায়ে ইলমিয়ার অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। জ্ঞানের গভীরতা, ফিকহ ও উসুলের আলোচনায় অসাধারণ সূক্ষ্মদৃষ্টি, পবিত্র কোরআন ও আহলে বাইতের (আ.) শিক্ষায় ব্যাপক পাণ্ডিত্য এবং মহান আল্লাহর ইবাদতে একনিষ্ঠতার মাধ্যমে তিনি আহলে বাইতের (আ.) জ্ঞানগত ঐতিহ্য সংরক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।

আমরা বাংলাদেশ শিয়া উলামা পরিষদ বিশ্বাস করি, এ ধরনের মহান ব্যক্তিত্বের বিদায় ইসলামী উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি হলেও তাঁদের রেখে যাওয়া জ্ঞানগত, আধ্যাত্মিক ও নৈতিক ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। এই অমূল্য ঐতিহ্য সংরক্ষণ করে জ্ঞান, তাকওয়া, ফিকহ, ঐক্য এবং আহলে বাইতের (আ.) আলোকোজ্জ্বল মাযহাবের সেবায় দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাওয়া আলেম সমাজ ও হাওজায়ে ইলমিয়ার দায়িত্ব।

 رَحِمَ اللهُ مَنْ قَرَأَ الْفَاتِحَةَ لِرُوحِهِ الطَّاهِرَةِ.

ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বাংলাদেশ শিয়া উলামা পরিষদ
১৮ নভেম্বর ২০২৬ খ্রি.

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha