আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি (রহ.) বলেন, এটি অত্যন্ত উচ্চপর্যায়ের একটি সহিহ হাদিস। হাদিসটির প্রশ্ন ও উত্তর গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন। বর্ণনায় বলা হয়েছে:
عَنْ أَفْضَلَ مَا یَتَقَرَّبُ بِهِ الْعِبَادُ إِلَی اللهِ.
অর্থাৎ, ‘বান্দারা যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, তার মধ্যে সর্বোত্তম আমল কোনটি?’
তিনি বলেন, এই প্রশ্নের মধ্যেই রয়েছে গভীর তাৎপর্য। প্রশ্নকারী কে, যাঁর কাছে প্রশ্ন করা হয়েছে তিনি কে এবং প্রশ্নটির প্রকৃত তাৎপর্য কী—এসব বিষয় জানা জরুরি। বিশেষ করে যাঁরা ফিকহ ও ইলমুর রিজাল (হাদিস বর্ণনাকারীদের পরিচয় ও নির্ভরযোগ্যতা বিষয়ক শাস্ত্র) নিয়ে গবেষণা করেন, তাঁদের প্রশ্নকারী সম্পর্কে অবগত থাকা প্রয়োজন।
এখানে জানতে চাওয়া হয়েছে, আল্লাহর সব বান্দার জন্য তাঁর নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম কোনটি? প্রশ্নে ‘আল-ইবাদ’ (العباد) শব্দটি ব্যবহৃত হয়েছে, যা ব্যাপক অর্থবোধক। অর্থাৎ, কোনো ব্যতিক্রম ছাড়াই আল্লাহর সব বান্দার জন্য সর্বোত্তম নৈকট্য লাভের মাধ্যম কী?
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি (রহ.) বলেন, এই প্রশ্নের উত্তরে ইমাম জাফর ইবনে মুহাম্মদ সাদিক (আ.) এমন একটি অভিব্যক্তি ব্যবহার করেছেন, যা গভীরভাবে চিন্তা করার দাবি রাখে। তিনি বলেছেন,
مَا أَعْلَمُ شَيْئاً بَعْدَ مَعْرِفَةِ اللهِ أَفْضَلَ مِنْ هَذِهِ الصَّلَاةِ.
অর্থাৎ, ‘আল্লাহর পরিচিতি লাভের পর এই নামাজের চেয়ে উত্তম কোনো আমল আছে বলে আমি জানি না।’
তিনি আরও বলেন, যিনি প্রথম ও শেষ যুগের মানুষের সমগ্র জ্ঞানের মৌলিক উৎসের অধিকারী এবং যাঁর কাছে কিয়ামত পর্যন্ত সংঘটিতব্য বিষয়াবলির জ্ঞান রয়েছে বলে সর্বজনস্বীকৃত, সেই ইমাম জাফর সাদিক (আ.)-এর পক্ষ থেকে এমন উত্তর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সৃষ্টি জগৎ ও অদৃশ্য জগত সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন এই মহান ইমামের বক্তব্য হলো, আল্লাহর পরিচিতি লাভের পর নামাজের চেয়ে উত্তম কোনো আমল নেই।
আপনার কমেন্ট