হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়ার বিশিষ্ট নৈতিকতা ও আধ্যাত্মিকতার শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসাইন আনসারিয়ান বলেন, হযরত আব্বাস (আ.) আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর হাতে এমনভাবে প্রশিক্ষিত ও প্রতিপালিত হয়েছিলেন যে, তিনি ইমাম হোসাইন (আ.)-এর নির্ভরতার কেন্দ্রবিন্দু এবং কারবালার তাঁবুগুলোর আশার প্রতীকে পরিণত হয়েছিলেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসাইন আনসারিয়ান তেহরানের মসজিদে আমিরুল মুমিনিনে এক বক্তব্যে হযরত উম্মুল বানিনের (সা.) সঙ্গে আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর বিবাহের ঘটনা তুলে ধরেন। এ সময় তিনি এই মহীয়সী নারীর চারিত্রিক বৈশিষ্ট্য এবং হযরত আবুল ফাজল আব্বাসের (আ.) লালন-পালন সম্পর্কে বিভিন্ন বর্ণনা উপস্থাপন করেন।
ইমামত একটি ঐশী মর্যাদা, যা বয়সের ঊর্ধ্বে
তিনি যোগ্য জীবনসঙ্গিনী নির্বাচনের জন্য আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর পক্ষ থেকে আকিলের কাছে অনুরোধের ঘটনা উল্লেখ করে বলেন, আমিরুল মুমিনিন (আ.) আরবের বংশপরিচয় ও গোত্রসমূহ সম্পর্কে বিশেষ জ্ঞানসম্পন্ন তাঁর ভাই আকিলকে এমন একজন মহীয়সী নারী খুঁজে দিতে বলেছিলেন, যিনি বিশেষ গুণাবলির অধিকারিণী হবেন। আকিল আরবের বিভিন্ন গোত্র সম্পর্কে অনুসন্ধান করে এই বিবাহের জন্য হযরত উম্মুল বানিনকে (সা.) প্রস্তাব করেন।
উস্তাদ আনসারিয়ান ইমামতের ব্যাপারে আকিলের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, যদিও বয়সের দিক থেকে আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) তাঁর ছোট ভাই ছিলেন, কিন্তু আকিল জানতেন যে, ইমামত একটি ঐশী মর্যাদা। বয়সের পার্থক্য ইমামের আনুগত্য করা অপরিহার্য হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না।
তিনি ইমাম জাফর সাদিক (আ.)-এর পুত্র আলী ইবনে জাফরের একটি ঘটনা উল্লেখ করে বলেন, আলী ইবনে জাফর বয়সে অনেক বড় এবং উচ্চ মর্যাদাসম্পন্ন আলেম হওয়া সত্ত্বেও ইমাম মুসা কাজিম (আ.), ইমাম রেজা (আ.) এবং ইমাম জাওয়াদ (আ.)-এর সামনে সম্পূর্ণ অনুগত ছিলেন।
বর্ণিত হয়েছে, একদিন প্রায় সাত বছর বয়সে ইমাম জাওয়াদ (আ.) মসজিদে প্রবেশ করলে প্রায় ৯০ বছর বয়সী আলী ইবনে জাফর নিজের স্থান থেকে উঠে দাঁড়ান, তাঁর অভ্যর্থনা জানান এবং তাঁর হাত চুম্বন করেন।
এই বিশিষ্ট নৈতিকতা ও আধ্যাত্মিকতার শিক্ষক আরও বলেন, তাঁর ছাত্ররা এই আচরণে বিস্মিত হয়ে এর কারণ জানতে চান। জবাবে আলী ইবনে জাফর বলেন, তিনি কোনো শিশু নন; বরং তিনি আমার সময়ের ইমাম এবং তাঁর আনুগত্য করা আমার জন্য অপরিহার্য। আল্লাহ যদি আমার এই পাকা চুলের মধ্যে ইমামতের যোগ্যতা দেখতে পেতেন, তাহলে আমাকে এই মর্যাদা দান করতেন।
উস্তাদ আনসারিয়ান জোর দিয়ে বলেন, ইমামত একটি ঐশী মর্যাদা, যা বাহ্যিক মানদণ্ড ও বয়সের ঊর্ধ্বে। প্রকৃত মুমিন মাসুম ইমামের সামনে কোনো প্রশ্ন বা আপত্তি উত্থাপন করে না। কারণ, ইমামই সর্বাধিক বুদ্ধিমান, সর্বাধিক জ্ঞানী এবং সর্বাধিক ন্যায়পরায়ণ মানুষ। নৈতিকতা, আর্থিক বিষয় ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আনুগত্য করা জরুরি।
হযরত উম্মুল বানিনের (সা.) সঙ্গে আকিলের বিবাহের প্রস্তাব দেওয়ার ঘটনা
তিনি হযরত উম্মুল বানিনের (সা.) সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার ঘটনা বর্ণনা করে বলেন, বনু কিলাব গোত্রে আকিলকে তিন দিন আপ্যায়ন করার পর গোত্রপ্রধান তাঁর সফরের উদ্দেশ্য জানতে চান। তখন আকিল জানান, তিনি তাঁর ভাই আলী ইবনে আবি তালিবের (আ.) জন্য গোত্রপ্রধানের কন্যার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন।
উস্তাদ আনসারিয়ান আরও বলেন, এই প্রস্তাব শুনে গোত্রপ্রধান বিস্মিত হন এবং বিনয়ের সঙ্গে বলেন, আমিরুল মুমিনিনের (আ.) মর্যাদার সামনে তাঁদের পরিবার কিছুই নয়। তবে হযরত উম্মুল বানিনের (সা.) মা প্রস্তাব করেন, বিষয়টি তাঁদের কন্যার সঙ্গে আলোচনা করে তাঁর মতামত নেওয়া হোক।
তিনি উল্লেখ করেন, হযরত উম্মুল বানিন (সা.) সম্পূর্ণ সন্তুষ্টচিত্তে এই বিবাহে সম্মতি দেন। তাঁর পিতা কন্যার শৈশবে দেখা একটি স্বপ্নের কথা স্মরণ করার পর আরও দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই বিবাহে সম্মতি জানান।
হযরত উম্মুল বানিন (সা.) চাননি, হযরত ফাতিমা জাহরার (সা.) সন্তানরা সামান্যও দুঃখিত হোক
বিশিষ্ট এই বক্তা হযরত ফাতিমা জাহরার (সা.আ.) সন্তানদের প্রতি হযরত উম্মুল বানিনের (সা.আ.) স্নেহপূর্ণ আচরণের কথা উল্লেখ করে বলেন, হযরত উম্মুল বানিনের প্রকৃত নাম ছিল ফাতিমা। কিন্তু আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর ঘরে আসার পর তিনি তাঁকে অন্য নামে সম্বোধন করার অনুরোধ জানান।
উস্তাদ আনসারিয়ান আরও বলেন, হযরত উম্মুল বানিন (সা.আ.) ব্যাখ্যা করেছিলেন, আমিরুল মুমিনিন (আ.) যখন তাঁকে ফাতিমা নামে ডাকতেন, তখন হযরত ফাতিমা জাহরার (সা.আ.) সন্তানরা আবেগাপ্লুত হয়ে পড়তেন এবং তাঁদের মুখমণ্ডলের অভিব্যক্তি বদলে যেত। তিনি তাঁদের দুঃখ সহ্য করতে পারতেন না। তাই তিনি চেয়েছিলেন, তাঁকে যেন ‘উম্মুল বানিন’ উপনামে ডাকা হয়।
ইমাম হোসাইনের (আ.) পথে হযরত আব্বাসের (আ.) শাহাদাত সম্পর্কে আমিরুল মুমিনিনের পূর্বাভাস
তিনি বক্তব্যের অন্য একটি অংশে হযরত আব্বাসের (আ.) জন্মের ঘটনা তুলে ধরে বলেন, হযরত উম্মুল বানিনের (সা.আ.) প্রথম সন্তান জন্মগ্রহণের সংবাদ আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর কাছে পৌঁছালে তিনি দ্রুত বাড়িতে উপস্থিত হন এবং নবজাতককে কোলে তুলে নেন।
উস্তাদ আনসারিয়ান আরও বলেন, আমিরুল মুমিনিন (আ.) নবজাতকের ডান হাতের জামার আস্তিন সরিয়ে তাঁর বাহুতে চুম্বন করেন। এরপর একইভাবে তাঁর বাম হাতের বাহুতেও চুম্বন করেন। এই আচরণ দেখে হযরত উম্মুল বানিন (সা.আ.) উদ্বিগ্ন হয়ে পড়েন এবং এর কারণ জানতে চান। তিনি ধারণা করেছিলেন, হয়তো তাঁর সন্তানের দুই হাতে কোনো সমস্যা রয়েছে।
তিনি বলেন, জবাবে আমিরুল মুমিনিন (আ.) বলেছিলেন, ‘আমার হোসাইনকে সাহায্য করতে গিয়ে এই দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।’ এই বক্তব্যের মাধ্যমে তিনি কারবালার ঘটনায় হযরত আব্বাসের (আ.) ভবিষ্যৎ পরিণতি ও আত্মত্যাগের প্রতি ইঙ্গিত করেছিলেন।
এই নৈতিকতা ও আধ্যাত্মিকতার শিক্ষক হযরত আব্বাসের (আ.) শৈশবকাল আমিরুল মুমিনিন হযরত আলী (আ.)-এর স্নেহময় তত্ত্বাবধানে এবং হযরত ফাতিমা জাহরার (সা.আ.) সন্তানদের সঙ্গে বেড়ে ওঠার বিষয়টি উল্লেখ করে বলেন, আমিরুল মুমিনিন (আ.) শৈশব থেকেই তাঁর সন্তানকে মহান দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করতেন এবং তাঁকে যুদ্ধবিদ্যা ও সামরিক কৌশল শিক্ষা দিতেন।
ইমাম হোসাইনের (আ.) পাশাপাশি চলতেও হযরত আব্বাস (আ.) সংকোচ বোধ করতেন
উস্তাদ আনসারিয়ান ইমাম হোসাইনের (আ.) প্রতি হযরত আব্বাসের (আ.) অসাধারণ আদব ও বিনয়ের একটি ঘটনা তুলে ধরে বলেন, বর্ণিত হয়েছে, একদিন ইমাম হোসাইন (আ.) হযরত আব্বাসকে (আ.) জিজ্ঞাসা করেন, তিনি যখন তাঁর পাশে চলেন, তখন কেন এক কদম পেছনে থাকেন?
জবাবে হযরত আব্বাস (আ.) বলেন, আপনি আমার ইমাম এবং হযরত ফাতিমা জাহরার (সা.আ.) সন্তান। তাই আপনার পাশাপাশি চলাকে আমি নিজের জন্য উপযুক্ত মনে করি না।
তিনি এই আচরণকে হযরত আব্বাসের (আ.) অসাধারণ জ্ঞান, পরিচিতি ও আদবের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, হযরত আবুল ফাজল আব্বাস (আ.) সাহসিকতা ও শারীরিক সক্ষমতার পাশাপাশি ইমামতের প্রকৃত অবস্থান উপলব্ধি এবং নিজের সময়ের ইমামের আনুগত্যের ক্ষেত্রেও অত্যন্ত উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন।
আশুরার রাতে ইমাম হোসাইনের (আ.) কাছে হযরত জয়নাবের (সা.) আবেদন
উস্তাদ আনসারিয়ান বক্তব্যের শেষাংশে তাসুআর বিকেলের ঘটনা এবং ইমাম হোসাইনের (আ.) তাঁবুর দিকে শত্রু বাহিনীর অগ্রসর হওয়ার প্রসঙ্গ তুলে ধরে বলেন, হযরত জয়নাব কুবরা (সা.আ.) যখন ইমাম হোসাইনের (আ.) কাছে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চান, তখন ইমাম হোসাইন (আ.) হযরত আব্বাসকে (আ.) শত্রু বাহিনীর কাছে গিয়ে যুদ্ধ পরবর্তী দিন পর্যন্ত স্থগিত রাখার অনুরোধ জানাতে বলেন।
এই বিশিষ্ট বক্তা ইমাম হোসাইনের (আ.) কাছে হযরত আব্বাসের (আ.) বিশেষ অবস্থান তুলে ধরে বলেন, এই দায়িত্ব অর্পণ তাঁর বিশ্বস্ত ভাইয়ের প্রতি ইমামের গভীর আস্থার পরিচয় বহন করে। হযরত আব্বাস (আ.) সব সময় ইমামের পাশে ছিলেন এবং সবচেয়ে সংকটময় মুহূর্তেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আপনার কমেন্ট