হাওজা নিউজ এজেন্সি’র আরাক প্রতিনিধি জানান, আজকের দারসে খারিজে আয়াতুল্লাহ দোররি নাজাফাবাদি আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানির স্মরণসভা আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এ সময় তিনি আলেম ও বিশিষ্ট মারজায়ে তাকলিদদের মর্যাদা সংরক্ষণ এবং আহলে বাইত (আ.)-এর শাআয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।
আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানির স্মরণসভা আয়োজনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, আগামী সোমবার হযরত উম্মুল বানিন (সা.)-এর ওফাতবার্ষিকী উপলক্ষে মাগরিব ও এশার নামাজের পর সাইয়্যেদহা মসজিদে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
বক্তব্যের অন্য অংশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কর্মকাণ্ডের সমালোচনা করে আয়াতুল্লাহ দোররি নাজাফাবাদি বলেন, চিকিৎসা, কৃষি ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে সংস্থাটি ইরানের সঙ্গে কার্যকর সহযোগিতা করেনি। বরং তাদের কর্মকাণ্ডের কারণে ইরানি জনগণের আস্থা নষ্ট হয়েছে।
আন্তর্জাতিক এই সংস্থার সঙ্গে সহযোগিতার ধরন পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর নিয়ন্ত্রণাধীন এমন কোনো তদারকি ব্যবস্থা আমরা সমর্থন করি না, যার মাধ্যমে বিভিন্ন দেশের তথ্য শত্রুভাবাপন্ন শক্তিগুলোর হাতে তুলে দেওয়া হয়। আইএইএর কর্মকাণ্ডও দেখিয়েছে, এ ধরনের কাঠামোর ওপর আস্থা রাখার বিষয়টি গুরুতর সংশয়ের মুখে পড়েছে।
ইরানের সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহযোগিতার মাত্রা পুনর্বিবেচনার প্রসঙ্গে তিনি আরও বলেন, সংস্থাটির কর্মকাণ্ড এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সংঘটিত ঘটনাবলির পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা এবং বিদ্যমান অঙ্গীকারের পরিধি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।
ইসফাহান, নাতাঞ্জ ও খন্দাবসহ দেশের বিভিন্ন স্থাপনা ও কেন্দ্রে চালানো হামলার প্রসঙ্গ উল্লেখ করে আয়াতুল্লাহ দোররি নাজাফাবাদি বলেন, এসব হামলায় দেশের জাতীয় সম্পদ ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। মৌলিক প্রশ্ন হলো, কোন অনুমতি ও আইনি ভিত্তিতে এসব হামলা চালানো হয়েছে? অথচ ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আন্তর্জাতিক তদারকি ও পরিদর্শনের আওতায় ছিল।
ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য অনুসরণ করেনি উল্লেখ করে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষিত নীতি ও অবস্থানের আলোকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞান, চিকিৎসা, শিল্প ও বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
সমৃদ্ধ ইউরেনিয়ামের জ্বালানি উৎপাদন ও চিকিৎসাক্ষেত্রে ব্যবহারের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ দোররি নাজাফাবাদি বলেন, দেশের বৈজ্ঞানিক ও চিকিৎসাসংক্রান্ত চাহিদা পূরণে এ প্রযুক্তি অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি উন্নত প্রযুক্তির ক্ষেত্রে ইরানি বিজ্ঞানীদের উচ্চ সক্ষমতারও পরিচায়ক।
আপনার কমেন্ট