শনিবার ২৮ নভেম্বর ২০২৬ - ০৯:৫১
শত্রুর মোকাবিলায় ভৌগোলিক সীমা মানবে না ইরান: নৌবাহিনীর প্রধান

শত্রুপক্ষ কোনো ভুল করলে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে একাধিক অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, শত্রুর মোকাবিলায় ইরান আর ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকবে না।

হাওজা নিউজ এজেন্সি: শত্রুপক্ষ নতুন করে কোনো ভুল করলে তাদের বিরুদ্ধে একটি নয়, ধারাবাহিকভাবে একাধিক অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

শুক্রবার রাতে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন করে যেকোনো সামরিক অভিযান মার্কিন বাহিনীকে এ অঞ্চল ছেড়ে যুক্তরাষ্ট্রের উপকূলে ফিরে যেতে বাধ্য করবে।

শাহরাম ইরানি বলেন, সাধারণত যুদ্ধের আগে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য নৌ অবরোধ আরোপ করা হয়। কিন্তু চলমান যুদ্ধের মধ্যে অবরোধের ঘোষণা দেওয়া শত্রুপক্ষের সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতারই স্বীকারোক্তি। তাঁর ভাষায়, “শত্রুপক্ষ তাদের কোনো অসৎ উদ্দেশ্যই অর্জন করতে পারেনি।” বরং এ অঞ্চলে তাদের উপস্থিতি কমেছে এবং বাহিনীকে পিছু হটতে হয়েছে।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমুদ্রে শত্রুপক্ষের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে। আরব সাগর ও উত্তর ভারত মহাসাগরেও তাদের দূরে থাকতে বাধ্য করেছে। শত্রুপক্ষের প্রচারণা সত্ত্বেও ইরানের বন্দরগুলো পুরোপুরি সচল রয়েছে।

নৌবাহিনীর প্রধান জানান, শত্রুপক্ষের লক্ষ্য ছিল ইরানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, আঞ্চলিক ও অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ করে দেশটির বন্দর, উপকূল ও দ্বীপগুলোর কাছাকাছি পৌঁছানো। তবে ইরানের জনগণ ও যোদ্ধাদের প্রতিরোধ এবং সেনাবাহিনীর নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর সমন্বিত পদক্ষেপে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, শত্রুপক্ষ এখন হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি চাওয়ার পর্যায়ে নেমে এসেছে। বিভিন্ন পদক্ষেপ ও অবরোধের প্রচেষ্টার মাধ্যমে তারা ইরানের অর্থনৈতিক জীবনরেখা বিচ্ছিন্ন করতে চাইছে। তবে মহান আল্লাহর সহায়তায় এ কৌশলগত নৌপথে চলাচল অব্যাহত রয়েছে এবং ইরানের বন্দরগুলো সচল আছে।

সমুদ্রপথের কার্যক্রম সচল রাখতে দিনরাত কাজ করায় ইরানি নাবিক, জাহাজের কর্মী ও তেলবাহী ট্যাংকারের শ্রমিকদের প্রশংসা করেন তিনি। তাঁদের পাশে নৌবাহিনী রয়েছে এবং তাদের কার্যক্রমে সহযোগিতা করছে বলেও জানান।

শাহরাম ইরানি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সমুদ্রের রণক্ষেত্রে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। সর্বাধিনায়কের নতুন নির্দেশনা অনুযায়ী, সামরিক অভিযান পরিচালনায় ইরান আর ভৌগোলিক সীমাবদ্ধতা মানবে না। প্রয়োজনে ইরানের জবাব আগে নির্ধারিত এলাকার বাইরেও বিস্তৃত হতে পারে।

তিনি বলেন, ইরান সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করবে এবং যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেবে। একই সঙ্গে ডেনা ডেস্ট্রয়ারে নিহত নাবিকদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন তিনি। তাঁর অভিযোগ, শত্রুপক্ষ আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক কনভেনশন লঙ্ঘন করেছে।

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ইরানের অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এতে দেশটির সশস্ত্র বাহিনীর সব শাখা অংশ নেয়। অভিযানে ঘাঁটির কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মার্কিন বাহিনী তাদের কমান্ড কাঠামোর কিছু অংশ অধিকৃত ভূখণ্ড ও নৌযানে স্থানান্তর করতে বাধ্য হয়েছে।

এ্যাডমিরাল ইরানি জানান, ওই অভিযানে ইরানের সেনাবাহিনী ও আইআরজিসির নৌবাহিনী, বিমানবাহিনী, মহাকাশ বাহিনী এবং স্থলবাহিনী অংশ নেয়। শত্রুপক্ষ যুদ্ধক্ষেত্রের কাছাকাছি অবস্থান থেকে অভিযান পরিচালনার সক্ষমতার ওপর নির্ভর করলেও ইরানের হামলা তাদের সেই সক্ষমতা ব্যাহত করেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha