হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাসুম আলী গাজী নাজাফি এক বিবৃতিতে পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন।
তিনি তাঁর বিবৃতিতে বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এটি এমন একটি মাস যার প্রতিটি মুহূর্ত ইবাদত-বন্দেগি, আত্মশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য অর্জনের অনন্য সুযোগ বয়ে আনে। তিনি এ মাসকে মানবতার জন্য রহমত ও বরকতের উৎস হিসেবে আখ্যায়িত করেন।
বিবৃতিতে আরও বলেন, এ মাস হচ্ছে কুরআন নাজিলের মাস। তাই এ মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত, অধ্যায়ন ও এর মর্ম উপলব্ধির মাধ্যমে জীবনকে আলোকিত করার তাগিদ দেওয়া হয়েছে। তিনি ধনী-গরিব নির্বিশেষে সকল মুসলমানকে এ মাসে সহমর্মিতা, দান-খয়রাত এবং অভাবীদের পাশে দাঁড়ানোর বিশেষ আহ্বান জানান।
মাসুম আলী গাজী নাজাফি রোজাদারের মর্যাদা বর্ণনা করে বলেন, রোজা কেবল ক্ষুধার্ত থাকার নাম নয়, বরং এটি হল মনের সকল কুপ্রবৃত্তি ও পাপাচার থেকে বিরত থেকে আত্মিক ও নৈতিক প্রশিক্ষণ লাভের একটি শ্রেষ্ঠ মাধ্যম। তিনি রোজার মাধ্যমে ধৈর্য, সংযম ও তাকওয়া অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
বিবৃতির শেষ অংশে তিনি উম্মতে মুসলিমার ঐক্য ও সংহতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং মহান রাব্বুল আলামীনের কাছে এ মাসে সকল মুসলমানের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং রোগ-ব্যাধি থেকে মুক্তি কামনা করেন। তিনি বিশ্ববাসীর জন্য শান্তি ও কল্যাণের দোয়াও করেন।
আপনার কমেন্ট