হাওজা নিউজ এজেন্সি: ইমাম খোমেনী (রহ.) নাজাফে নির্বাসনকালে একদল আলেম ও ধর্মীয় শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন— মানুষের প্রতিটি কাজই আল্লাহ তাআলার সামনে সংঘটিত হয়। অতএব, ইনশাআল্লাহ তোমরা সুস্থ, নির্মল ও পরিশুদ্ধ আত্মা নিয়ে মাহে রমজানে প্রবেশ করবে। এ বরকতময় মাসে নিজেদেরকে আল্লাহ তাআলার মেহমান মনে করবে; তাঁকেই আপনাদের আতিথেয় এবং সর্বক্ষণ উপস্থিত হিসেবে অনুভব করবে।
খোদা না করুন, যদি কখনও কারও প্রতি অবমাননাকর আচরণ করতে ইচ্ছে হয়, তবে মনে রেখো—তুমি আল্লাহরই এক বান্দাকে, আল্লাহর উপস্থিতিতেই অপমান করছ।
যদি কোনো মুমিনের গীবত করো, জেনে রেখো—তুমি আল্লাহর সামনেই সেই গীবত করছ।
রেওয়ায়েত অনুযায়ী, মানুষের আমলসমূহ রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে পেশ করা হয়। যদি তোমাদের আমল তাঁর সামনে উপস্থাপিত হয় এবং তিনি দেখেন যে তোমরা অন্যায়ে লিপ্ত, তবে তিনি কতই না মর্মাহত হবেন! কখনও চেয়ো না যে রাসূলুল্লাহ (সা.) কষ্ট পান; তাঁর পবিত্র হৃদয়কে ব্যথিত করো না।
যদি কোনো দিন আমার ও তোমাদের আমলনামা তাঁর কাছে পেশ করা হয় এবং তিনি দেখেন—তা গীবত, অপবাদ, গালি-গালাজ ইত্যাদিতে পূর্ণ; অন্তরে কেবল দুনিয়ার চিন্তা; চরিত্রে হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও মানুষের প্রতি কুদৃষ্টি—তবে তিনি হয়তো ফেরেশতাদের ও আল্লাহ তাআলার সামনে লজ্জিত হবেন যে, এ ব্যক্তি তাঁর অনুসারী, তাঁর উম্মতের একজন!
মানুষ যার সঙ্গে সম্পর্কিত—যেমন ভাই, সন্তান, আত্মীয় বা অধীনস্থ—তাদের কারও থেকে কোনো অন্যায় প্রকাশ পেলে সে লোকসমাজে লজ্জা পায়। তোমরা সবাই রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে সম্পৃক্ত। তোমরা যখন এসব ধর্মীয় শিক্ষাকেন্দ্রে আগমন করেছ, তখন নিজেদেরকে ইসলামের ফিকহ, কুরআন ও রাসূলুল্লাহ (সা.)-এর সঙ্গে সম্পৃক্ত করেছ। তোমাদের কোনো অসৎকর্ম তাঁর হৃদয়ে আঘাত হানতে পারে। খোদা না করুন, এমনও হতে পারে যে তিনি আমাদের জন্য দোয়ার পরিবর্তে বদদোয়া করেন।
ইনশাআল্লাহ মাহে রমজানে তোমরা পূর্বের ত্রুটি-বিচ্যুতি সংশোধন করবে। যদি তোমাদের দ্বারা কোনো গুনাহ সংঘটিত হয়ে থাকে, তবে রমজানে প্রবেশের পূর্বেই তাওবা করো এবং তা থেকে ফিরে আসো। জেনে রেখো, ধ্বংসের পথ বহু; আমাদের সামনে বহু কঠিন ঘাট ও বিপদ রয়েছে। তাই ইনশাআল্লাহ পরিশুদ্ধ ও পবিত্র আত্মা নিয়ে মাহে রমজানে প্রবেশ করো এবং এ মাসের কর্তব্যসমূহ যথাযথভাবে আদায় করো।
আল্লাহ তাআলা যেন তোমাদের সকলকে তাওফিক দান করেন।
সূত্র: সহীফায়ে ইমাম, খণ্ড ২, পৃষ্ঠা ৩৯০–৩৯১
আপনার কমেন্ট