হাওজা নিউজ এজেন্সি: বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করবেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্পিকার আজ ২ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হবেন।
অন্যদিকে, ইরান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করবে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে থাকবেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এসএম খালিদুজ্জামান। তাদের সফর ৯ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের সরকার ও জনগণের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশের উদ্দেশ্যেই এই সফরের আয়োজন করা হয়েছে। সফরকালে প্রতিনিধিদলটি ইরানের শীর্ষ নেতৃত্ব ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে বলেও জানানো হয়।
দলটির মতে, এই সফর বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে। একই সঙ্গে, শোকানুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর জন্য ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।
এদিকে, শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি ইরান ও ইরাকে ছয় দিনের জানাজা ও শোকানুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে। পাঁচটি শহরজুড়ে আয়োজিত এই কর্মসূচি ৪ জুলাই তেহরানে দুই দিনের বিদায়ী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এবং ৯ জুলাই মাশহাদে দাফনের মাধ্যমে শেষ হবে।
কমিটির মুখপাত্রের তথ্য অনুযায়ী, ৪ ও ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনী মোসাল্লায় প্রধান বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজকরা আশা করছেন, জানাজা ও দাফন কর্মসূচিতে দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন এবং এতে কয়েক কোটি মানুষের সমাগম ঘটতে পারে।
আপনার কমেন্ট