সোমবার ১২ অক্টোবর ২০২৬ - ১৬:২৯
ফিলিস্তিনের পশ্চিম তীরে তিন বছরে ১১ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল

হাওজা নিউজ এজেন্সি—ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ১১ হাজারের বেশি বাড়িঘর ও অন্যান্য স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েল। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র ‘মোতা’ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এ সময়ে ২ হাজার ১৪৩টি বাড়িঘর এবং ৯ হাজার ৪৭৭টি অন্যান্য স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে ইসরায়েলের চলমান সামরিক অভিযানে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটছে। বিশেষ করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অবস্থিত শরণার্থী শিবিরগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী জেনিন, তুলকারম ও নূর শামস শরণার্থী শিবিরের বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ করে। তাঁদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার ওপর এখনো বিধিনিষেধ বহাল রয়েছে।

প্রেস টিভির বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, এসব শরণার্থী শিবিরে শত শত আবাসিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে পরিবহন নেটওয়ার্ক ও অত্যাবশ্যকীয় সেবা অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এসব শরণার্থী শিবির থেকে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে ব্যাপক ও পরিকল্পিতভাবে বাস্তুচ্যুত করার ঘটনা ‘মানবতাবিরোধী অপরাধ হিসেবে জোরপূর্বক স্থানান্তরের’ গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাড়িঘর ধ্বংসের পরিণতি কেবল স্থাপনা হারানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ফলে বাসিন্দাদের নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে এবং তাঁদের ভবিষ্যৎ জীবনযাত্রা ও পুনর্বাসনের সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha