শনিবার ১৭ অক্টোবর ২০২৬ - ১০:১৯
যুক্তরাষ্ট্র লেবানন সরকারকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: শেখ আলী আল-খতিব

লেবানন সরকারকে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়াতে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন দেশটির সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট শেখ আলী আল-খতিব। তিনি সতর্ক করে বলেছেন, বিভিন্ন অজুহাতে এ ধরনের সংঘাত উসকে দেওয়ার চেষ্টা লেবাননের জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: শুক্রবার সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের সদর দপ্তরে জুমার খুতবায় শেখ আলী আল-খতিব এসব কথা বলেন। তিনি লেবানন সরকারকে সংঘাতমুখী রাজনৈতিক অবস্থান থেকে সরে এসে দেশের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার পাশাপাশি জনগণের জীবনযাত্রা ও জীবিকা-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শেখ আলী আল-খতিব বলেন, ঈমানের পর ঐক্যই শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। তবে আত্মসমর্পণের মাধ্যমে সংঘাত এড়িয়ে যাওয়া উচিত নয়। এমনটি করলে ঈমান ও ঐক্যের মূল্যবোধই ক্ষতিগ্রস্ত হবে।

লেবানন সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দক্ষিণ লেবানন সফর করা ছাড়া সরকার তেমন কোনো কাজ করেনি। এসব সফরও কার্যকর ফল বয়ে আনেনি। অন্যদিকে, প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিস্ফোরকবাহী একটি গাড়ি আটকানো এবং সরকার যেখানে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, সেখানে প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে জনগণকে দেওয়া সহায়তা ঠেকানোর বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ইসরায়েলের হুমকির প্রসঙ্গ তুলে শেখ আলী আল-খতিব বলেন, বিভিন্ন অজুহাতে লেবানন সরকারকে প্রতিরোধ আন্দোলনের সঙ্গে সংঘাতে জড়াতে যুক্তরাষ্ট্রের চলমান চাপ দেশটির অভ্যন্তরীণ ঐক্য ও শান্তিকে বিপন্ন করছে। শত্রুপক্ষ সর্বশক্তি দিয়ে লেবাননে বিভেদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি দেশটির ওপর বিভিন্ন ক্ষেত্রে অবরোধও আরোপ করা হয়েছে।

তিনি বলেন, লেবাননের সেনাবাহিনী এই ফাঁদে পা দেবে না। এ ছাড়া প্রতিরোধ আন্দোলনের আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম বিপুলসংখ্যক নাগরিকের জীবনযাত্রার বোঝা কমাতে সহায়তা করবে।

খুতবায় দেশের অভ্যন্তরীণ ঐক্য রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শেখ আলী আল-খতিব। তিনি বলেন, বহিঃশত্রু এবং দেশের অভ্যন্তরের কিছু পক্ষ যখন বিভেদ ও সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করছে, তখন সবার আগে জাতীয় ঐক্য রক্ষা করা জরুরি।

তিনি জানান, বিভেদ সৃষ্টির এসব প্রচেষ্টা প্রতিহত করতে সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিল, আমল আন্দোলন ও হিজবুল্লাহর নেতৃত্বের পক্ষ থেকে দিনরাত কাজ করা হচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha