বুধবার ২৮ অক্টোবর ২০২৬ - ১৯:৪৯
উন্নতির শিখরে পৌঁছানো পর্যন্ত আমরা অঙ্গীকারবদ্ধ: তরুণদের উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতার বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হুসাইনি খামেনেয়ী দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিঠির জবাবে দেওয়া এক বার্তায় বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ার দৃঢ় সংকল্প ও দায়িত্ববোধই নেতৃত্ব ও তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক অঙ্গীকারের বন্ধন। তিনি জ্ঞান, ঈমান ও আত্মশুদ্ধিতে নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি ইরানের শক্তি ও সক্ষমতা বাড়াতে আরও বেশি পরিশ্রম ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি: সাম্প্রতিক মাসগুলোতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সর্বোচ্চ নেতার কাছে চিঠি পাঠিয়েছিলেন। এর জবাবে তিনি তরুণদের আন্তরিকতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে তাঁদের দৃঢ় সংকল্প ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

বার্তায় তিনি বলেন, তরুণদের এই অঙ্গীকার একটি মহামূল্যবান আমানত, যার ভিত্তি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ এবং ইমাম খোমেনি ও শহীদ আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর উত্তরাধিকার। এই অঙ্গীকারই নেতৃত্ব ও তরুণ প্রজন্মের মধ্যে সংযোগের বন্ধন তৈরি করেছে।

তিনি তরুণদের জ্ঞান, ঈমান, আত্মশুদ্ধি, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক এবং পবিত্র কোরআন ও আহলে বাইতের (আ.) শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে আরও বেশি পরিশ্রম ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ইরানের শক্তি ও সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিচে তাঁর বার্তার পূর্ণাঙ্গ অনুবাদ তুলে ধরা হলো:

পরম করুণাময় আল্লাহর নামে

আমার প্রিয় সন্তানদের প্রতি সালাম,

তোমাদের স্নেহভরা চিঠিগুলো আমি পড়েছি। উদ্যমী ও প্রাণবন্ত তরুণ শিক্ষার্থীদের আন্তরিক ভালোবাসা ও সৌজন্যের জন্য আমি কৃতজ্ঞ। তোমরা প্রত্যেকেই আমার ওপর যে অধিকার ও দায়িত্ব অর্পণ করেছ, তার জন্য আমি বিশেষভাবে তোমাদের কল্যাণ কামনা করব এবং দোয়া করব।

তোমাদের চিঠিতে এবং আরও অনেক তরুণ ও শিক্ষার্থীর ভালোবাসাপূর্ণ বার্তায় দেশের ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় সংকল্প, ইচ্ছাশক্তি ও দায়িত্ববোধ স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

এই দৃঢ় অঙ্গীকার একটি মহামূল্যবান আমানত। এর শিকড় প্রোথিত রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিশুদ্ধ ইসলামি আদর্শে এবং মহান ইমাম খোমেনি ও শহীদ আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর উত্তরাধিকারে। এই অঙ্গীকারই আমাদের পারস্পরিক বন্ধনের সূত্র।

এই লক্ষ্য অর্জনে তোমরা নিজেদের জ্ঞান, ঈমান, আত্মশুদ্ধি, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক এবং পবিত্র কোরআন ও আহলে বাইতের (আ.) শিক্ষার গভীর জ্ঞানে যতটা সম্ভব সমৃদ্ধ করো। পাশাপাশি আরও বেশি পরিশ্রম ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে প্রিয় ইরানের শক্তি ও সক্ষমতা বৃদ্ধি করো।

যাতে আমাদের স্নেহময় অভিভাবক ইমাম মাহদির (আ.) দোয়ায়, উন্নতি ও ইসলামি-ইরানি সভ্যতার শিখরের দিকে আমাদের এই অঙ্গীকারবদ্ধ কাফেলার যাত্রা আরও সুন্দরভাবে ও দ্রুততার সঙ্গে বাস্তবায়িত হয়—ইনশা আল্লাহ।

সাইয়্যেদ মোজতবা হুসেইনি খামেনেয়ী

৬ আবান ১৪০৫ (২৮ অক্টোবর ২০২৬)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha