হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইউরোপের বিভিন্ন দেশের তরুণেরা গতকাল পুনরায় রাজপথে নেমে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং নানা সামাজিক ও অর্থনৈতিক সমস্যা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
জার্মানিতে তরুণদের ব্যাপক বিক্ষোভ
ইউরোপের বিভিন্ন দেশের তরুণদের দাবিগুলো প্রায় একই রকম। তাঁরা শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ, সাশ্রয়ী জীবনযাত্রার মান নিশ্চিত করা, জলবায়ু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অস্ত্র প্রতিযোগিতা ও যুদ্ধংদেহী নীতি বন্ধের দাবি জানিয়েছেন।
জার্মানিতেও দেশজুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিশেষ করে ‘Gen Z Regelt’ নামের আন্দোলনের আহ্বানে এসব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
জার্মানির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে জীবনযাত্রার নাজুক পরিস্থিতি এবং সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
অস্ট্রিয়ার তরুণেরাও রাজপথে
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বামপন্থী বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ জোটের আহ্বানে প্রায় দুই হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তাঁদের স্লোগান ছিল, ‘তাদের যুদ্ধের পরিবর্তে আমাদের ভবিষ্যৎ’।
বিক্ষোভকারীরা সামরিক ব্যয় বৃদ্ধির নিন্দা জানান এবং আবাসন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে অগ্রাধিকার দিয়ে সরকারি বাজেট বরাদ্দের দাবি জানান।
ইতালিতে কয়েক হাজার মানুষের বিক্ষোভ
ইতালির রাজধানী রোমেও বিভিন্ন কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। এর মধ্যে একটি বিক্ষোভের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠন সিজিআইএল (CGIL)। প্রতিবেদন অনুযায়ী, এই সংগঠনের উদ্যোগে দেশজুড়ে প্রায় ১০০টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যাতে ১০ লাখেরও বেশি মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা অস্ত্রের মজুত বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান। তাঁরা সরকারের অর্থনৈতিক ও সামাজিক নীতিতে পরিবর্তনের দাবি তোলেন। প্রায় এক হাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীও এই বিক্ষোভে অংশ নেয়।
এ ছাড়া মিলান শহরেও কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বোলোনিয়া শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ইতালির অন্যান্য শহরেও শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে উত্তেজনা ও সংঘাতের খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ইতালির শ্রমিক সংগঠনগুলো দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের নীতি এবং সরকারের বিরুদ্ধে ব্যাপক ধর্মঘটের আয়োজন করে।
মিলানে বিক্ষোভকারীরা কাগজের তৈরি একটি ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সরকারের প্রধান ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাগজের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেন।
লন্ডনে শিক্ষার্থীদের বিক্ষোভ ফিলিস্তিনের সমর্থনে পরিণত
লন্ডনে শিক্ষার্থী ও তরুণদের বিক্ষোভ একপর্যায়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের সমাবেশে রূপ নেয়। পুলিশের উপস্থিতি সত্ত্বেও বিক্ষোভকারীরা ফিলিস্তিনের প্রতি তাঁদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ইংল্যান্ডে ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যেই বিক্ষোভকারীরা স্লোগান দেন: ‘তাদের যুদ্ধের জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করুন।’
স্পেনে ব্যাপক বিক্ষোভ
স্পেনের রাজধানী মাদ্রিদেও শত শত মানুষ রাজপথে নেমে আসেন।
রাজধানীতে সামরিক ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারি শিক্ষাব্যবস্থার সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ডের তরুণদেরও প্রতিবাদ
সুইজারল্যান্ডের বিভিন্ন শহরে হাজার হাজার তরুণ রাজপথে নেমে আসেন। তাঁরা অস্ত্রের মজুত বৃদ্ধি, জলবায়ু সংকট এবং শিক্ষা খাতে বাজেট কমানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান।
দেশের অধিকাংশ স্থানে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও বাসেল শহরে সংঘর্ষের ঘটনা ঘটে।
সুইজারল্যান্ডের প্রায় ১০টি শহরে হাজার হাজার স্কুলশিক্ষার্থী, শিক্ষানবিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসব বিক্ষোভে অংশ নেন। আয়োজকদের দাবি, সমাবেশগুলোতে প্রায় ৪০ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
ফ্রান্সে হাজার হাজার মানুষের বিক্ষোভ
ফ্রান্সের রাজধানী প্যারিসেও হাজার হাজার তরুণ সামরিকীকরণ বৃদ্ধি এবং জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে বিক্ষোভ করেন।
এ ছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠন শনিবারও বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।
পর্তুগাল ও রোমানিয়ায় ব্যাপক বিক্ষোভ
রোমানিয়ার রাজধানী বুখারেস্ট এবং পর্তুগালের রাজধানী লিসবনেও তরুণেরা রাজপথে নেমে আসেন। এসব দেশে শত শত বিক্ষোভ ও ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, যাতে ‘কয়েক লাখ’ মানুষের অংশগ্রহণের কথা জানানো হয়।
বিক্ষোভকারীদের মূল লক্ষ্য হলো, সংশ্লিষ্ট সরকারগুলোর ওপর চাপ সৃষ্টি করে তাদের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করা।
বিশেষজ্ঞদের মতে, মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোতে তরুণদের অধিকাংশ অসন্তোষের মূল কারণ হলো দুর্বল গণতান্ত্রিক ব্যবস্থা। অন্যদিকে পশ্চিম ইউরোপে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বেকারত্ব এবং শিক্ষার মান কমে যাওয়ার বিষয়গুলো তরুণদের অসন্তোষের প্রধান কারণ হয়ে উঠেছে।
আপনার কমেন্ট