হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গাজা উপত্যকায় তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও ইসরায়েলি দখলদার বাহিনী এই উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ অব্যাহত রেখেছে। পাশাপাশি গাজার ওপর কঠোর অবরোধও বজায় রেখেছে তারা। এমন পরিস্থিতিতে শীতের আগমনে জরাজীর্ণ তাঁবুতে বসবাসরত বাস্তুচ্যুত মানুষের ভয়াবহ অবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে গাজা উপত্যকার সরকারি তথ্য দপ্তর সেখানকার শ্রম ও গৃহায়ণ মন্ত্রণালয়ের প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে ৩ লাখ ৫০ হাজারেরও বেশি পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছে। শীতকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
গাজার এই সরকারি সংস্থাটি আরও জানিয়েছে, গাজায় ইসরায়েলি সরকারের গণহত্যামূলক যুদ্ধের ফলে ৪ লাখ ১০ হাজারেরও বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩৫ হাজার আবাসিক ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরও ৭৫ হাজার বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া গাজার ৮০ শতাংশ ভবন এবং ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস ও বিধ্বস্ত হয়েছে।
গাজার শ্রম ও গৃহায়ণ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ও আংশিকভাবে বিধ্বস্ত ভবনগুলো ধসে পড়া গাজার বাস্তুচ্যুত মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় বিপদগুলোর অন্যতম। পাশাপাশি প্রায় ২ লাখ ৭০ হাজার পরিবার, যাদের সদস্যসংখ্যা ১০ লাখেরও বেশি, তিন বছরের বেশি সময় ধরে ন্যূনতম সুযোগ-সুবিধাবিহীন জরাজীর্ণ তাঁবুতে বসবাস করছে।
মন্ত্রণালয়টি সতর্ক করে জানিয়েছে, বৃষ্টিপাত শুরু হলে ৭ হাজার ৫০০টি বাস্তুচ্যুত পরিবার বন্যার ঝুঁকিতে পড়বে। এর মধ্যে ২ হাজার ৫০০টি পরিবারকে জরুরিভিত্তিতে আরও নিরাপদ স্থানে স্থানান্তর করা প্রয়োজন। এ ছাড়া আবহাওয়া আরও প্রতিকূল হওয়ার আগেই প্রায় ২ লাখ জরাজীর্ণ তাঁবু জরুরিভিত্তিতে প্রতিস্থাপন করা দরকার।
গাজার শ্রম ও গৃহায়ণ মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং ২ লাখ তাঁবু, ১০ লাখ ত্রিপল, অস্থায়ী আবাসন ইউনিট, জ্বালানি ও ধ্বংসস্তূপ অপসারণ এবং সড়ক পরিষ্কারের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি গাজায় প্রবেশের অনুমতি দিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মন্ত্রণালয়টি আরও স্থায়ী পুনর্বাসন কর্মসূচি চালু এবং আংশিক ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনগুলো মেরামতের দাবি জানিয়েছে, যাতে পরিবারগুলো নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে।
অন্যদিকে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (OCHA) গত অক্টোবর মাসে প্রকাশিত এক প্রতিবেদনে অনুমান করেছে, প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ মাঝারি থেকে উচ্চ বন্যাঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছেন। তাঁদের মধ্যে ৪ লাখেরও বেশি মানুষ উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২ লাখ ৯৪ হাজারেরও বেশি পরিবারের শীতকালীন আশ্রয় সহায়তা প্রয়োজন। অথচ বর্তমানে যে পরিমাণ সামগ্রী ও সম্পদ রয়েছে, তা দিয়ে মাত্র ৫২ হাজার পরিবারের চাহিদা আংশিকভাবে পূরণ করা সম্ভব, যা মোট প্রয়োজনের প্রায় ১৮ শতাংশ।
গত ৫ নভেম্বর, অর্থাৎ ঘূর্ণিঝড় আঘাত হানার কয়েক দিন আগে জাতিসংঘের প্রকাশিত আরেকটি প্রতিবেদনে আরও সুনির্দিষ্ট পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে বলা হয়, গাজা উপত্যকায় প্রায় ১ লাখ ২১ হাজার তাঁবু, ৫ লাখ ৬১ হাজার প্লাস্টিকের আচ্ছাদন, ৫৭ হাজার জরুরি আশ্রয়সামগ্রী কিট এবং ১৭ লাখ গদি প্রয়োজন।
অথচ গাজায় তখন মাত্র প্রায় ২ হাজার ৮০০টি তাঁবু, ৭৬ হাজার প্লাস্টিকের আচ্ছাদন এবং ৪ হাজার ৯৯৩টি গদি মজুত ছিল। কোনো জরুরি আশ্রয়সামগ্রী কিটই সেখানে পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শীতকালীন প্রয়োজন মেটাতে মোট ২৬ কোটি ৭৯ লাখ ডলারের প্রয়োজনের বিপরীতে প্রায় ১৮ কোটি ৬৫ লাখ ডলারের অর্থের ঘাটতি রয়েছে। চাহিদা ও সরবরাহের মধ্যে এই বিশাল ব্যবধান প্রমাণ করে, বিপর্যয়ের আশঙ্কা আগে থেকেই অনুমান করা সম্ভব ছিল; কিন্তু প্রয়োজনীয় মাত্রায় প্রস্তুতি বা কার্যকর সাড়া দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সুতরাং ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাত গাজার জন্য আকাশ থেকে নতুন কোনো সংকট নিয়ে আসেনি; বরং আগে থেকেই বিদ্যমান বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে। বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ, দুর্বল ও ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্র এবং দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত সামগ্রীর অভাব-সবকিছুই আগে থেকে বিদ্যমান ছিল।
তবে ঘূর্ণিঝড় ও শীতের প্রভাব শুধু তাঁবুর মধ্যেই সীমাবদ্ধ নয়। বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে বোমাবর্ষণ এবং যুদ্ধের ক্ষয়ক্ষতিতে আগে থেকেই দুর্বল হয়ে পড়া ভবনগুলোর ঝুঁকি আরও বেড়ে গেছে। ফাটলধরা দেয়াল ও ছাদ পানির চাপ কিংবা প্রবল বাতাসের কারণে যেকোনো সময় ধসে পড়তে পারে।
জাতিসংঘের আগের একটি প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছিল, গাজায় প্রায় ৪৪ হাজার মানুষ ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ ভবনে বসবাস করছেন।
আপনার কমেন্ট